কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি প্রার্থী মেলিন্ডা কার্টজকে অ্যাসালের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ডিএ) প্রার্থী কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজকে সমর্থন জানিয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)। ৪ মে জ্যামাইকার একটি হলে অনুষ্ঠিত অ্যাসালের পরিচালনা পরিষদের সভায় এ সমর্থন জানানো হয়।
সভায় অ্যাসালের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন নেতা মাফ মিসবাহ উদ্দিন বলেন, আগামী ২৫ জুন অনুষ্ঠেয় কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির ডেমোক্রেটিক প্রাথমিক নির্বাচনে মেলিন্ডা কার্টজের প্রতি অ্যাসালের এ সমর্থন দক্ষিণ এশীয় ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে।
মিসবাহ উদ্দিন বলেন, ‘আমরা সব প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তাঁদের সবারই কুইন্সের পরবর্তী ডিএ হওয়ার যোগ্যতা রয়েছে। তা সত্ত্বেও আমরা এমন একজনকে খুঁজছিলাম, যিনি আমাদের সমস্যাগুলো বুঝতে পারবেন। অনেক পর্যালোচনার পর আমরা এমন ব্যক্তি হিসেবে মেলিন্ডা কার্টজকে খুঁজে পেয়েছি। নিউইয়র্ক নগর পরিষদের সদস্য হিসেবে মেলিন্ডা কার্টজ ২০০৮ সালে ঈদে ছুটির পক্ষে ভোট দিয়েছেন। ২০১১ সালে বরো প্রেসিডেন্ট হিসেবে তিনি বাংলাদেশি ইমাম ও তাঁর সহকারীর হত্যাকাণ্ডের পর আমাদের কমিউনিটির পাশে দাঁড়িয়েছিলেন এবং ২০১৮ সালে তাঁর কার্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। তাই আমরা বিশ্বাস করি, মেলিন্ডা কার্টজ নির্বাচিত হলে, তিনি হবেন আমাদের দক্ষিণ এশীয়দের জন্য সবচেয়ে সহায়ক। কুইন্স কাউন্টির প্রধান সরকারি আইনজীবী হিসেবে তিনি দক্ষিণ এশীয় কমিউনিটি ও ডিএ কার্যালয়ের মধ্যে দৃঢ় সেতুবন্ধন তৈরি করবেন। আমরা মেলিন্ডা কার্টজের জন্য ভোটারদের সমর্থন আদায়ে সবকিছুই করব।’
আগামী ২৫ জুন অনুষ্ঠেয় প্রাথমিক নির্বাচনে মেলিন্ডা কার্টজকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে মিসবাহ বলেন, ‘মেলিন্ডা কার্টজের সঙ্গে ইতিমধ্যে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। তিনি নির্বাচিত হলে এই কমিউনিটির কল্যাণে অনেক কিছুই করতে পারবেন।’ সভায় অ্যাসাল জাতীয় কমিটির সাধারণ সম্পাদক করিম চৌধুরী বলেন, ‘আমরা ঘরে ঘরে যাব, টেলিফোনে কথা বলব এবং আমাদের কমিউনিটির সদস্যদের বলব, যেন তারা ২৫ জুন মেলিন্ডা কার্টজকে ভোট দেয়।’
অ্যাসালের কুইন্স চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের মেলিন্ডা কার্টজের মতো ডিএ দরকার, যিনি ডিএ কার্যালয়ের প্রতিটি বিভাগে দক্ষিণ এশীয় কর্মীর সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন।’
মেলিন্ডা কার্টজ নিজেকে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘গত ১১ বছরে, অ্যাসাল দক্ষিণ এশীয়দের পক্ষে শক্তিশালী লবিস্ট হিসেবে আবির্ভূত হয়েছে। যতটা সম্ভব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করছে সংগঠনটি। আমি তাঁদের সমর্থন পাওয়ায় বিশেষভাবে গর্বিত।’