কুইন্স লাইব্রেরিতে বই দিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল

বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাঙালি সংস্কৃতিকে যথাযথভাবে উপস্থাপনের অভিপ্রায়ে নিউইয়র্ক সিটির ‘কুইন্স পাবলিক লাইব্রেরি’তে বই প্রদান করেছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার এসব বই তিনি এই লাইব্রেরির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নিক বুরনের কাছে হস্তান্তর করেন।
‘নিউ আমেরিকান প্রোগ্রাম’-এর আওতায় অভিবাসী সমাজকে বিভিন্ন দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার ক্ষেত্রে কুইন্স লাইব্রেরির খ্যাতি রয়েছে। কুইন্সে এই লাইব্রেরির ৬২টি শাখা রয়েছে। এগুলোর সমন্বয়কারী হচ্ছেন বাংলাদেশি আমেরিকান সেলিনা শারমিন।
বই হস্তান্তরের পর উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে কনসাল জেনারেল শামীম আহসান বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে মণ্ডিত বাঙালি কালচার এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বহুজাতিক সমাজকে অবহিত করতে আমরা বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে এসব বই প্রদান করা হলো এবং এটি হচ্ছে শুরু। সামনের দিনগুলোতে নিউইয়র্ক সিটি এবং অন্য সিটিতে অবস্থিত পাবলিক লাইব্রেরিতেও এসব বই প্রদান করা হবে।’
এ সময় নিউ আমেরিকান প্রোগ্রামের সহকারী পরিচালক ফ্রেড গিটনার, লাইব্রেরির সহকারী পরিচালক ক্যাথি চেন, ম্যানেজার আবদুল্লাহ জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কুইন্সের ৬২টি লাইব্রেরিতেই বিনা মূল্যে প্রবেশাধিকার এবং বই বাসায় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। ফলে অভিবাসী সমাজের লোকজন বিভিন্ন তথ্য জানার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার জন্যও এই লাইব্রেরির ওপর নির্ভরশীল।