কুইন্স লাইব্রেরিতে লুতফুন নাহার লতার গল্পের বই নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমকালীন পাঠচক্রের আসরে লতার হাতে ফুল তুলে দেওয়া হচ্ছে
সমকালীন পাঠচক্রের আসরে লতার হাতে ফুল তুলে দেওয়া হচ্ছে

নিউ ইয়র্কের জ্যামাইকায় কুইনস সেন্ট্রাল লাইব্রেরিতে ১৮ নভেম্বর বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের সমকালীন পাঠচক্রের আসরে লুতফুন নাহার লতার লেখা গল্পের বই ‘জীবন ও যুদ্ধের কোলাজ’ নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্র নিউইয়র্কের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। 

আলোচকেরা সেখানে বলেন, অভিনয়শিল্পী এবং আবৃত্তিকার হিসেবে লুতফুন নাহার লতা সবার কাছে পরিচিত হলেও তিনি যে একজন মূলধারার লেখক সে পরিচয় পাওয়া যাচ্ছে এই বইয়ের গল্পগুলো থেকে।
আলোচনায় অংশ নেন অধুনালুপ্ত প্রবাসী পত্রিকার সম্পাদক সৈয়দ মোহাম্মদুল্লাহ, সাংবাদিক ফাহিম রেজা নূর, কবি শামস আল মমীন, প্রাবন্ধিক আহমাদ মাযহার, গল্পকার কুলদানন্দ রায়, কবি হাসান আল আবদুল্লাহ, কবি নাজনীন সীমন, প্রকাশক পপি চৌধুরী, কুইনস লাইব্রেরির লাইব্রেরিয়ান সেলিনা শারমিন, মার্ক ও মাহফুজা এ হাসান। লুৎফুন নাহার লতার লেখা জীবন ও যুদ্ধের কোলাজ বইয়ে অন্তর্ভুক্ত গল্পগুলো থেকে ‘একটি হত্যাকাণ্ড ও একটি লাল গোলাপ’ এবং ‘উকুন’ পাঠ করে শোনান লেখক স্বয়ং।
দীর্ঘ বিরতির পর বিশ্বসাহিত্য কেন্দ্র আবার বই আলোচনায় নিয়মিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন সঞ্চালক মাহফুজা এ হাসান। কুইনস লাইব্রেরির পক্ষ থেকে কপিং স্কিলস লাইব্রেরিয়ান সেলিনা শারমিন বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কুইনস লাইব্রেরির কাজের এটা সূচনা মাত্র। আরও বেশি করে তাঁরা এই কমিউনিটিকে যুক্ত করতে চান। অনুষ্ঠানের পরের অংশ উপস্থাপনের দায়িত্ব পালন করেন আশরাফুল হাসান। সৈয়দ মোহাম্মদুল্লাহ গল্পকার হিসেবে লতার প্রশংসা করে বলেন, অভিবাসী জীবনের সুখ দুঃখ লতার লেখায় ভালোভাবে উঠে এসেছে। ফাহিম রেজা নূর তাঁর বক্তব্যে এই বইয়ের একমাত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প ‘গল্লামারী ব্রিজের নিচে’ থেকে মর্মস্পর্শী অংশ পাঠ করে গল্পের স্বাতন্ত্র্য এবং লেখকের শক্তির পরিচয় তুলে ধরেন। কবি শামস আল মমীন বলেন, লুতফুন নাহার লতার পরিচয় সবার কাছে অভিনয়শিল্পী হিসেবে। কিন্তু তিনি তাঁর কোনো অভিনয় দেখেননি। যেখানেই কাজ করেছেন সেখানেই তিনি মেধার পরিচয় দিয়েছেন। গল্পগুলোয় আরেকটু সম্পাদনার প্রয়োজন ছিল উল্লেখ করে বলেন, এই বইয়ের গল্পগুলোর পটভূমি আমেরিকা। যাঁরা এই জীবন সম্পর্কে ভালোভাবে জানেন না তাঁদের পক্ষে কিছু কিছু ইঙ্গিত বুঝে নেওয়া প্রায় অসম্ভব। এই সীমাবদ্ধতা সম্পাদনার মাধ্যমে কাটিয়ে ওঠা যেত। গল্পকার কুলদা রায় জীবনে প্রথমবারের মতো কোনো আনুষ্ঠানিক আলোচনায় অংশ নিচ্ছেন উল্লেখ করে বলেন, লুতফুন নাহার লতার গল্পে গতানুগতিক ব্যাপারগুলো নেই।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ লেখক হিসেবে পরিচিতদের অনেকের চেয়ে ভালো গল্প লিখেছেন তিনি। কবি নাজনীন সীমন তাঁর বক্তব্যে বিশ্লেষণ করে দেখান লতার লেখার বৈশিষ্ট্যগুলোকে। দু-একটি সীমাবদ্ধতাও নির্দেশ করেন তিনি। প্রকাশক পপি চৌধুরী লতার গল্পে নারীর সংগ্রামের দিকটি কীভাবে উঠে এসেছে সে পরিচয় তুলে ধরেন। আহমাদ মাযহার বলেন, নাট্যশিল্পীরা যেমন দীর্ঘ মহড়ার মাধ্যমে সংলাপ আত্মস্থ করেন তেমনি লতাও জীবনকে আত্মস্থ ও অনুভবকে পরিশীলিত করে গল্পে উপস্থাপন করেছেন। লতার স্বামী মার্ক ওয়াইনবার্গ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের লুতফুন নাহার লতা নিজেও খুব সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখক হিসেবে নিজের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে তিনি বইটির প্রকাশককেও ধন্যবাদ জানান।