কুইন্স লাইব্রেরির হলিস শাখায় বিনা মূল্যে ইংরেজি শিক্ষার ক্লাস
কুইন্স লাইব্রেরি হলিস শাখায় আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে আবারও বিনা মূল্যে ইংরেজি শিক্ষার ক্লাস শুরু হবে। এটি হবে মাধ্যমিক পর্যায়ের (ইন্টারমিডিয়েট লেভেল) ক্লাস।
বিনা মূল্যের এই ইংরেজি শিক্ষার ক্লাসে অংশগ্রহণে ইচ্ছুকদের আজ ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় ২০২-০৫ হিল সাইড অ্যাভিনিউয়ের কুইন্স লাইব্রেরির হলিশ শাখায় সশরীরে উপস্থিত হয়ে নিবন্ধন করতে হবে। সপ্তাহে দুদিন বুধবার ও শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসের মেয়াদ হবে তিন মাস।
জানতে চাইলে হলিস শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ জাহিদ এই ক্লাসগুলোকে অভিবাসীদের জন্য ইংরেজি শিক্ষার অপূর্ব সুযোগ হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে যাঁরা এই দেশে নবাগত তাঁদের ধৈর্য ধরে ক্লাসগুলো করার আহ্বান জানিয়েছেন তিনি।
এই ক্লাসে অংশগ্রহণের জন্য কোনো কাগজপত্র বা লাইব্রেরি কার্ডের প্রয়োজন নেই। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ৭১৮-৪৬৫-৭৩৫৫ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে।