কুইন্সি জোন্সকে ক্ষতিপূরণ দিতেই হচ্ছে

মেধাস্বত্ব লঙ্ঘনের দায়ে সংগীত প্রযোজক কুইন্সি জোন্সকে ৯ দশমিক ৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে মাইকেল জ্যাকসন এস্টেটকে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি আদালত এ রায় দিয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
কিংবদন্তি পপশিল্পী মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর ২০১০ সালে সনি মিউজিক এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল মাইকেল জ্যাকসন এস্টেট। জ্যাকসনের স্মরণে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয় এ চুক্তির আওতায়। এতে স্থান পায় থ্রিলার, ব্যাড ও অব দ্য ওয়াল অ্যালবামের গানগুলো। এ তিন অ্যালবামই প্রযোজনা করেছিলেন কুইন্সি জোন্স। কিন্তু এ প্রামাণ্যচিত্রের বিপরীতে মেধাস্বত্ব বাবদ কোনো অর্থ দেওয়া হয়নি জোন্সকে। এ নিয়ে করা ক্ষতিপূরণ মামলার রায় ঘোষিত হয় গত জুলাইয়ে। ২৬ জুলাই লস অ্যাঞ্জেলেস আদালতের দেওয়া রায়ে ৯ দশমিক ৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয় জ্যাকসন এস্টেটকে।
ক্ষতিপূরণের পরিমাণ কমাতে আদালতে আপিল করে জ্যাকসন এস্টেট। এ আবেদনের ওপর দুই সপ্তাহ শুনানির পর সম্প্রতি তা খারিজ করে দেন ক্যালিফোর্নিয়া আদালত। ফলে কুইন্সি জোন্সকে ক্ষতিপূরণ হিসেবে পুরো অর্থই দিতে হচ্ছে জ্যাকসন এস্টেটকে।
মামলায় কুইন্সি জোন্সের আবেদনে বলা হয়েছিল, জ্যাকসন এস্টেট মেধাস্বত্ব লঙ্ঘন করে কুইন্সি জোন্সের প্রযোজিত বেশ কয়েকটি অ্যালবাম ব্যবহার করে। মেধাস্বত্বকে পাশ কাটাতে জ্যাকসনের প্রতিষ্ঠান বেশ কয়েকটি বিখ্যাত গানে অযাচিত পরিবর্তন আনে। এ পরিপ্রেক্ষিতে জোন্সের পক্ষ থেকে ৩০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করা হয়।
এর বিপরীতে জ্যাকসন এস্টেটের দেওয়া এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, বিষয়টি হতাশাজনক। ক্ষতিপূরণ বাবদ জোন্স সর্বোচ্চ ৩ লাখ ৯২ হাজার ডলার পেতে পারেন। আদলতে জোন্স এমনকি তাঁর মেধাস্বত্ব ও রিমিক্সের হওয়া ক্ষতির প্রমাণও উপস্থাপন করতে পারেননি।
প্রসঙ্গত, কুইন্সি জোন্স ছিলেন পপতারকা মাইকেল জ্যাকসনের অত্যন্ত ঘনিষ্ঠ একজন। তাঁর প্রযোজনায় জ্যাকসনের বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবাম প্রকাশ হয়েছে। এর মধ্যে থ্রিলার ছিল অন্যতম। ১৯৮২ সালের নভেম্বরে মুক্তি পাওয়া এ অ্যালবাম আগের সব রেকর্ড ভেঙে দেয়। একই সঙ্গে জিতে নেয় গ্র্যামি অ্যাওয়ার্ড। এ মামলা সম্পর্কে জোন্সের বক্তব্য হলো, ‘এটি জ্যাকসনের বিরুদ্ধে কোনো মামলা নয়, এটি তাঁর সৃষ্টি ও কাজকে রক্ষার লড়াই।’