কুইন্সে আবাসিক এলাকায় কারাগার নির্মাণের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন সিটি কাউন্সিলম্যান রবার্ট হোলডেন
ছবি: রবার্ট হোলডেনের ফেসবুক পেজ থেকে নেওয়া

নিউইয়র্ক নগরের অন্যতম আবাসিক এলাকা কুইন্সের কিউ গার্ডেন এলাকায় কমিউনিটি-ভিত্তিক কারাগার নির্মাণের প্রতিবাদে মাঠে নেমেছেন স্থানীয় লোকজন। এ প্রতিবাদে যোগ দিয়েছেন স্থানীয় রাজনৈতিক সংগঠক ও জনপ্রতিনিধিরাও।

১৪ লাখ ডলার ব্যয়ে ইউনিয়ন টার্ন পাইক সংলগ্ন কুইন্স ক্রিমিনাল কোর্টের কাছেই ১৯-তলা কারাগার ভবনের নির্মাণকাজ শুরু হচ্ছে। কমিউনিটি-ভিত্তিক এ কারাগারে ৮৮৬ জন কয়েদির আবাসন হবে বলে জানানো হয়েছে। নিউইয়র্ক নগরের রাইকার্স আইল্যান্ডের নির্জন কারাগার বন্ধ করে নগরের ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটন ও কুইন্সে ছোট ছোট কারাগার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউইয়র্ক সিটি কাউন্সিল ২০১৯ সালে এ নিয়ে প্রস্তাব গ্রহণ করেছে। নির্মাণের পর ২০২৬ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ডের কারাগার থেকে কয়েদিদের এসব কারাগারে স্থানান্তর করার কথা রয়েছে।

৬ আগস্ট কুইন্সের কিউ গার্ডেন এলাকায় বাসিন্দাদের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন সিটি কাউন্সিলম্যান রবার্ট হোলডেন। প্রতিবাদ সমাবেশে বলা হয়েছে, রাইকার্স আইল্যান্ড থেকে কারাগার স্থানান্তর না করে কারাগারটির সংস্কার করা হোক।

রবার্ট হোলডেন বলেন, নগরের মেয়র বিল ডি ব্লাজিও নিজেও নতুন এসব কারাগার নির্মাণের বিপক্ষে। সিটি কাউন্সিলকে ব্যয়বহুল এ নির্মাণকাজে না জড়িয়ে রাইকার্স আইল্যান্ডের কারাগারকে আধুনিক করার দাবি জানিয়েছেন তিনি।

আসছে নির্বাচনে রিপাবলিকান দলের মেয়র প্রার্থী কার্টস স্লিওয়া সমাবেশে যোগ দিয়ে বলেছেন, বর্তমান মেয়র নগরকে ধ্বংস করে দিচ্ছেন। ৬ বিলিয়ন ডলারের ঋণে জর্জরিত নিউইয়র্ক নগর নতুন কারাগার নির্মাণের অর্থ কোথায় পাবে বলে তিনি প্রশ্ন রাখেন।

প্রতিবাদ সমাবেশের অন্যতম সংগঠক ডনগুই জ্যাং বলেছেন, নগরে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল ঐক্যবদ্ধ। আবাসিক এলাকায় এমন কারাগার নির্মাণ করে স্কুল এবং আবাসিক এলাকাকে ক্ষতিগ্রস্ত করা হবে। রাইকার্স আইল্যান্ডের কারাগারকে সংস্কার করা হোক এবং নগরের গৃহহীনদের সমস্যা সামাল দেওয়ার জন্য প্রয়াস জোরদার করা হোক বলে তিনি দাবি জানান।