কুইন্সে আশ্রয়কেন্দ্রে যমজ শিশুর মৃত্যু

নিউইয়র্কের কুইন্সে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র থেকে দুই মাস বয়সী যমজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। যমজ শিশুর একজন ছেলে ও একজন মেয়েসন্তান।
নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, ১০ জানুয়ারি ইস্ট এল্মহার্স্টের ৯৪ স্ট্রিটের কাছে দিতমারস বুলেভার্ডের কাছে গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে ওই দুই যমজ শিশুর মৃতদেহ পাওয়া যায়। এ ব্যাপারে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১০ জানুয়ারি বেলা তিনটার দিকে আশ্রয়কেন্দ্রের লবিতে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের দ্রুত এল্মহার্স্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ শিশু দুটির বাবাকে জিজ্ঞাসাবাদ করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। মৃত্যুর কারণ জানতে শিশু দুটির ময়নাতদন্ত করা হবে।
যমজ শিশুর বাবা পুলিশকে বলেছেন, তিনি ঘুম পাড়ানোর জন্য শিশু দুটিকে নিয়ে নিচে নেমেছিলেন। কিন্তু একটু পরে তাঁর সন্দেহ হয়। পরে চেক করে দেখেন তারা মৃত।
সিটি ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেসের মুখপাত্র আইজ্যাক ম্যাকগিন বলেন, ‘এটি হৃদয়বিদারক ঘটনা। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই সংকট কাটাতে যেকোনো প্রয়োজনে আমরা ওই পরিবারের পাশে আছি।’