কুইন্সে গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি মাসুদ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ হোসেন মাসুদ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন মাসুদ (৪৭) নামের একজন বাংলাদেশি ট্যাক্সি চালকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৩ জুন ভোর চারটার দিকে কুইন্সের মেসপ্যাথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ওই দিন ভোরে আরেকটি গাড়ির চালক এরিক সিমবরাজো (২২) পেছন থেকে মাসুদের গাড়িতে সজোরে আঘাত করেন। এতে মাসুদ ও তাঁর গাড়িতে থাকা একজন যাত্রীও আহত হন। পরে পুলিশ গিয়ে তাঁদের আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদের গাড়ির যাত্রীর অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় এরিক সিমবরাজোককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, এরিকের ড্রাইভিং লাইসেন্স নেই। কুইন্স ক্রিমিনাল কোর্টে তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, লাইসেন্স না থাকা সত্ত্বেও গাড়ি চালিয়ে মাসুদকে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

ব্রুকলিনে বরো পার্ক এলাকায় স্ত্রী ও তিন শিশু সন্তান নিয়ে বাস করতেন মাসুদ। তাঁর দেশের বাড়ি সন্দ্বীপে। ১২ বছর আগে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন মাসুদ।

নিহত মাসুদের বোন রিফাত রহমান বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই মাসুদ তাঁর স্ত্রীকে মেসেজ দিয়ে জানিয়েছিল, সে বাসায় ফিরছে।