কুইন্সে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র খোলার বিরোধিতায় জনপ্রতিনিধিরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইন্সে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র খোলার প্রতিবাদে এলাকাবাসীর সঙ্গে কাউন্সিলম্যান জেমস জেনারো

নিউইয়র্ক নগরের বাংলাদেশি বহুল কুইন্স বরোর ব্রায়ারউড এলাকায় গৃহহীনদের আশ্রয়কেন্দ্র খোলার প্রতিবাদ হচ্ছে। এলাকাবাসীর সঙ্গে এবার এই প্রতিবাদে যোগ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। সম্প্রতি কাউন্সিলম্যান জেমস জেনারো ও রাজ্য সিনেটর লেরয় কমরি এই প্রতিবাদে শামিল হয়েছেন।

নিউইয়র্ক নগরে বেড়ে ওঠা গৃহহীনদের সামাল দিতে নগরীর সর্বত্র আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে। করোনা মহামারির কারণে গত এক বছরের বেশি সময় থেকে হাজারো গৃহহীন লোকজনকে নগরের হোটেলে রাখা হয়েছে। সবকিছু স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে গৃহহীনদের হোটেল বাসের অবসান ঘটছে। নগরের মেয়র বিল ডি ব্লাজিও জানিয়েছেন, গৃহহীনদের শিগগির আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

নগর কর্তৃপক্ষ ও বিভিন্ন কল্যাণ সংগঠনের তত্ত্বাবধানে চালিত নিউইয়র্ক নগরে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। গৃহহীন সমস্যার সমাধানের জন্য নাগরিকেরা একদিকে যেমন দাবি জানান, অন্যদিকে নিজেদের এলাকায় গৃহহীনদের আশ্রয়কেন্দ্র খোলার প্রতিবাদও করছেন তাঁরা।

আশ্রয়কেন্দ্রের সুবাদে এলাকার পরিবেশ নষ্ট হয় বলে স্থানীয়দের অভিযোগ। কুইন্স বরোর ব্রায়ারউড এলাকায় ১৩৫-৫০ কুইন্স বুলেভার্ড সংলগ্ন ১৭৫ শয্যার পুরুষ গৃহহীনদের আশ্রয়কেন্দ্র খোলার পরিকল্পনার কথা নগর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এ আশ্রয়কেন্দ্রে নগরের হোটেলে আশ্রয় নেওয়া পুরুষ গৃহহীনদের স্থানান্তর করা হবে।

কাউন্সিলম্যান জেমস জেনারো ও রাজ্য সিনেটর লেরয় কমরি এলাকাবাসীর সঙ্গে ব্রায়ারউডে আশ্রয়কেন্দ্র খোলার প্রতিবাদে নেমেছেন। এ দুই আইনপ্রণেতা নগরের মেয়র ডি ব্লাজিও বরাবরে দেওয়া চিঠিতে বলেছেন, প্রস্তাবিত গৃহহীন আশ্রয়কেন্দ্রটি স্কুল ও আবাসিক এলাকা সংলগ্ন। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর লাগোয়া এ আশ্রয়কেন্দ্র খোলা হলে এর বিরূপ প্রভাব পড়বে বলে তাঁরা মনে করেন। বাড়ি ঘরের মূল্য হ্রাস পাবে ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং এলাকায় অপরাধ বাড়বে—এসব উল্লেখ করে তাঁরা আশ্রয়কেন্দ্র পরিকল্পনা থেকে সরে আসার জন্য মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এখানে বসবাসরত গৃহহীনদের জন্য শিক্ষা, চিকিৎসা সুবিধা ও বিনোদনসহ সব নাগরিক সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। মেয়র ডি ব্লাজিও বলেছেন, নিউইয়র্ক নগরে গৃহহীনদের স্রোত ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নগরের সব বরোতে সমানভাবে আশ্রয়কেন্দ্র খোলার মাধ্যমে গৃহহীনদের আবাসন সমস্যার সমাধান করার হবে বলে মেয়র জানিয়েছেন। কোয়ালিশন ফর হোমলেস নামের সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্কে এখন গৃহহীনদের সংখ্যা সর্বোচ্চ। এ বছরের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, নগরের ব্যবস্থাপনায় প্রতি রাতে ৫৩ হাজার ২০০ জন মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন। এর মধ্যে ১৬ হাজার ৩৯০ জন গৃহহীন ছিল বলে সংস্থাটি জানিয়েছে। ১০ বছর আগের তুলনায় নিউইয়র্কে গৃহহীনের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। গৃহহীনতার পেছনে কাজ হারানো, ঘর ভাড়া দিতে না পারা, মানসিক সমস্যায় ভোগা, পারিবারিক সহিংসতার শিকার ও পরিবার বিচ্ছিন্ন লোকজনের সংখ্যা বেশি।