কুইন্সে মাঝপথে বন্ধ বিয়ের অনুষ্ঠান, আটক ২
করোনাভাইরাস মহামারির এই সময়ে প্রায় ৩০০ অতিথি নিয়ে বিয়ের আয়োজন করায় কুইন্স বরোতে একটি কমিউনিটি সেন্টার বন্ধ করে দিয়েছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। এ সময় ওই কমিউনিটি সেন্টারের মালিক ও ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।
কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউইয়র্ক ডেইলি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর নগরের কুইন্সে গারফিল্ড অ্যাভিনিউয়ের রয়্যাল এলিট প্যালেস নামে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়। সেখানে প্রায় তিন শ অতিথির সমাগম হয়েছিল। অতিথিরা কেউ মাস্ক ব্যবহার না করে এবং সামাজিক দূরত্ব না মেনে উচ্চ শব্দে গানের সঙ্গে নাচছিলেন—এমন অভিযোগ পেয়ে রাত ১১টা ৫০ মিনিটের দিকে শেরিফ ওই কমিউনিটি সেন্টারে যান। সেখানে তিনি অভিযোগের সত্যতা খুঁজে পান।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বিয়ের অনুষ্ঠানের মাঝ পথেই কমিউনিটি সেন্টারটি বন্ধ করে দেয় নগর কর্তৃপক্ষ। এ ছাড়া ২৮৪ জন অতিথিকে বাড়ি পাঠিয়ে ওই কমিউনিটি সেন্টারের মালিক অ্যাবা কোহেন ও ব্যবস্থাপক পাটা শিচিনাভাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অপরাধ আদালতে প্রমাণিত হলে তাদের জরিমানা হতে পারে।
গারফিল্ড অ্যাভিনিউয়ের বাসিন্দা থেরেসা রিয়ানো বলেন, ‘আমাদের এখানে কেউ এমনি হাঁটতে বেরোলেই মাস্ক পরে বের হয়। আর ওই কমিউনিটি সেন্টারে শতাধিক মানুষ মাস্ক ছাড়া এসেছিলেন, বিষয়টি ভয়ংকর।’
গেনারো ব্যারোস নামের আরেক বাসিন্দা অভিযোগ করেন, করোনাকালের শুরু থেকেই ওই কমিউনিটি সেন্টার অবৈধভাবে কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ জন্য তাঁরা সামনের ফটক বন্ধ রেখে পেছনের ফটক দিয়ে চলাচল করত। গত মে মাসেও এখানে পার্টির আয়োজন করা হয়েছিল।
প্যাট্রিসিয়া টেরাজন নামের এক নারী বলেন, ‘আমরা মহামারির বিরুদ্ধে লড়াই করে চলছি। এই মহামারিতে আমার স্বামী মারা গেছেন। আমি বুঝি না, কেবল অর্থের লোভে মানুষ কী করে এত দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারে।’