কুইন্সেই হচ্ছে গৃহহীনদের জন্য দুটি নতুন আশ্রয়কেন্দ্র
গৃহহীনদের জন্য দুটি নতুন আশ্রয়কেন্দ্র হচ্ছে কুইন্সে। বহু বছর ধরেই সেন্ট্রাল কুইন্সের বাসিন্দারা তাদের এলাকায় কোনো আশ্রয়কেন্দ্র না করার জন্য দাবি করে আসছিল। কিন্তু তাদের এই দাবি শেষ পর্যন্ত মানেনি নগর কর্তৃপক্ষ। কুইন্সে এখন একটি নয়, দুটি আশ্রয়কেন্দ্র স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কুইন্সবাসীর দাবি ছিল, গৃহহীনদের সঙ্গে সঙ্গে এলাকায় মাদক সেবনসহ নানা ধরনের সামাজিক অপরাধ বেড়ে যায়। এ কারণে আশ্রয়কেন্দ্র স্থাপনের প্রতিবাদে তারা একাধিক সমাবেশও করে। সেন্ট্রাল কুইন্সের বাসিন্দারা ভেবেছিল, তাদের আন্দোলন সফল হয়েছে। এ নিয়ে বেশ কিছুদিন এ নিয়ে তেমন আলোচনা না থাকায় তারা ভেবেছিল নগর কর্তৃপক্ষ পরিকল্পনাটি বাদ দিয়েছে। এ ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে শেষ পর্যন্ত কুইন্সে দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
কুইন্সের মাসপেথ এলাকার বাসিন্দাদের বহু বছরের বিরোধিতা সত্ত্বেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ে নিজেদের বাড়ির সামনে বিক্ষোভ করেছিলেন এলাকাবাসী। আশ্রয়কেন্দ্রের একটি হচ্ছে ৭৮-১৬ কুপার অ্যাভিনিউতে, যার অবস্থান মাসপেথের ঠিক বাইরে। সেখানে ২০০ জন প্রাপ্তবয়স্কের থাকার ব্যবস্থা করা হবে। অন্যটি হচ্ছে রিজউডের ১৬১৬ সামার ফিল্ড স্ট্রিটে। সেখানে শিশুসহ ১৩২টি পরিবারের থাকার ব্যবস্থা করা হবে। সোশ্যাল সার্ভিসেস কমিশনার স্টিভ ব্যাংকস গত সপ্তাহে এ কথা জানান।
স্টিভ ব্যাংকস বলেন, কেউ কেউ গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের বিরোধিতা করেছিল। বাস্তবতা হলো এখন বেশির ভাগ এলাকাবাসী আশ্রয়কেন্দ্রগুলো স্থাপনের বিষয়টি মেনে নিয়েছে। নগর কর্তৃপক্ষের তথ্যমতে, কুপার অ্যাভিনিউতে আশ্রয়কেন্দ্রটি আগামী বছরের শুরুতেই খোলা হতে পারে। আশ্রয়কেন্দ্রে নানা সুবিধা থাকবে। এতে আশ্রিত গৃহহীনদের স্বাবলম্বী করার বিষয়ে জোর দেওয়া হবে। অলাভজনক প্রতিষ্ঠান ওয়েস্টহাব এটি পরিচালনা করবে।
স্টিভ ব্যাংক জানান, ২০২০ সালের মধ্যে সামার ফিল্ড স্ট্রিটের আশ্রয়কেন্দ্রটি উন্মুক্ত হবে। সেখানে গৃহহীন শিশুদের আশপাশের স্কুলে যাওয়ার জন্য সক্ষম করার লক্ষ্যে কাজ করা হবে। সিওআরই সার্ভিসেস গ্রুপ এটি পরিচালনা করবে। শিশুসহ গৃহহীন পরিবারগুলোর পরিচালনার দায়িত্বে কাউন্সিলম্যান আন্তোনিও রেয়নো টার্ফে থাকবেন। তিনি এরই মধ্যে আশ্রয়কেন্দ্র দুটি নির্মাণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এ বিষয়ে কাউন্সিলম্যান আন্তোনিও রেয়নো বলেন, ‘নিউইয়র্ক নগরীতে আশ্রয়কেন্দ্রের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি কোনো নেতিবাচক কথা কখনো বলিনি। গৃহহীনদের জন্য ৯০টি নতুন আশ্রয়কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছিলেন নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও।’