কুইন্সের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইন্স রিয়েল এষ্টেট মার্কেটর সবচেয়ে ব্যয়বহুল বাড়ি ফরেষ্ট হিলস এলাকায়
কুইন্স রিয়েল এষ্টেট মার্কেটর সবচেয়ে ব্যয়বহুল বাড়ি ফরেষ্ট হিলস এলাকায়

লকেলাইজ সিটির বিস্ময়কর তথ্য অনুযায়ী বাড়ির বাজারে বিক্রির জন্য লিস্টেড কুইন্সের সবচেয়ে দামি বাড়িটির মূল্য হচ্ছে ৪১ লাখ ৫০ হাজার ডলার (৪.১৫ মিলিয়ন)। ছয় বেডরুম এবং সাড়ে চার বাথরুমের ইটের নির্মিত ডিটাচ্‌ড এই বাড়িটির ঠিকানা হচ্ছে ২০ ক্র্যানফোর্ড স্ট্রিট, যা ‘দ্য গার্ডেনস্’ নামের সুরক্ষিত কমিউনিটির মধ্যে অবস্থিত।
১৯০৯ সালে ফ্রেডরিক এল ওল্মস্টেড জুনিয়র ও গ্রসভেনোর অ্যাট্টারবারির নকশা করা অত্যন্ত সুদৃঢ় ও মনোরম পরিবেশের সুরক্ষিত কমিউনিটিতে ৯ হাজার ৮৬৮ বর্গফুট প্লটের ওপর ৭ হাজার ৩৫ বর্গফুটের বাসস্থানটি নির্মাণ করা হয়েছে।
ফরমাল ডাইনিংয়ের পাশের বৃহৎ লিভিং রুম থেকে ওপরের তলায় যাওয়ার বক্রাকৃতির সিঁড়ি। অতিমাত্রায় প্রশস্ত জানালা দিয়ে দেখা যায় মাশরুম কাট দেওয়া পরিচ্ছন্ন বাগানের দৃশ্য।
বৃহৎ এক নিখুঁত বেসমেন্ট রয়েছে এই বাড়িতে, রয়েছে বসে খাওয়ার জায়গা সমেত রন্ধনশালা। লন্ড্রি রুম আর অনুশীলন রুমের সঙ্গে যুক্ত গাড়ির গ্যারেজ ও তারপর ড্রাইভওয়ে। এলাকা হিসেবে তো ফরেস্ট হিলসের তুলনাই নাই। খ্যাতিমান পিএস ১০১ স্কুল বাড়ির পাশেই। ওয়েস্ট সাইড টেনিস ক্লাব, ফরেস্ট হিলস স্টেডিয়াম আর অদূরেই রয়েছে অস্টিন স্ট্রিটের ঐতিহ্যমণ্ডিত সব দোকান পাট ও রেস্তোরাঁগুলো, যার মধ্যে পুরোনো দিনের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ‘স্টেশন হাউস’ নামের বার-রেস্তোরাঁটি বৃহত্তর নিউইয়র্কের কবি সাহিত্যিক আর সংস্কৃতিপ্রিয় ব্যক্তিদের সপ্তাহান্তে আড্ডার হাতছানি দেয়। তর্কসাপেক্ষে এটিই আমেরিকার সবচেয়ে পরিকল্পিত গার্ডেন কমিউনিটি, যেখানে বাছাই করা রাস্তায় লাল রঙের ইট বিছানো, সঙ্গে সবুজ ঘাসের গালিচা। যেন প্রকৃতি আর মানুষ মিলে সযত্নে সাজিয়ে রেখেছে। লং আইল্যান্ড রেইলরোড, এফ ও ই-এক্সপ্রেস ট্রেনে ম্যানহাটনে যেতে মাত্র কয়েক মিনিট সময় লাগে এখান থেকে।
বিক্রির জন্য রিয়েল এস্টেটের বহুমাত্রিক তালিকায় দেওয়া কুইন্সের সবচেয়ে ব্যয়বহুল এই বাড়ির বিবরণে এসব তথ্যের অনেকাংশই উল্লেখ করা হয়েছে।