কুইন্সের সেই ভবন ব্যবস্থাপক গ্রেপ্তার

উগ্র বর্ণবাদ ও নাৎসি প্রতীক দিয়ে সাজানো লবির জন্য এক ভবনের ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ। ভবনটির বাসিন্দাদের সঙ্গে বর্ণবাদী আচরণের প্রমাণ পাওয়ার পর অবশেষে ওই ভবনের ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। ওই ভবনের এক সাবেক বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভবনটির সাবেক এক বাসিন্দা অভিযোগ করেন, নিল মিলানো নামের ওই ভবন ব্যবস্থাপক তাঁর সঙ্গে বহুবার দুর্ব্যবহার করেছেন। ৪৩ বছর বয়সী ওই নারীর এ অভিযোগের সত্যতা পাওয়ার পর ৩ সেপ্টেম্বর মিলানোকে গ্রেপ্তার করে পুলিশ।
কুইন্সের সানিসাইড এলাকার ওই ভবনের সামনে অ্যাডলফ হিটলার, বেনিতো মুসোলিনি ও জোসেফ স্তালিনের মতো একনায়কের ছবির পাশাপাশি ছিল বিভিন্ন নাৎসিবাদী ও বর্ণবাদী প্রতীক। এ নিয়েই প্রথমে ওই ভবনের ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। পরে ভবনটির বর্তমান ও সাবেক বাসিন্দাদের সঙ্গে আলাপ করে নিল মিলানোর বিষয়ে খোঁজখবর করা হয়। এ সময় তাঁর বিরুদ্ধে একাধিক বাসিন্দা অভিযোগ করলেও সুনির্দিষ্ট অভিযোগ করেন ৪৩ বছর বয়সী এক নারী, যিনি ওই ভবনে আগে থাকতেন।
এ বিষয়ে নিউইয়র্ক পুলিশের মুখপাত্র নিউইয়র্ক ডেইলিকে জানান, ভবনটির লবিতে থাকা বিভিন্ন ছবির কারণে মিলানোকে গ্রেপ্তার করা হয়নি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ভুক্তভোগী নারী নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, গত সেপ্টেম্বরে এ ভবনে তিনি উঠেছিলেন। সে সময় থেকেই বিভিন্ন আচরণের মাধ্যমে মিলানো তাঁকে ভয় দেখান। এ ছাড়া বিভিন্ন অজুহাতে তাঁর কাছ থেকে প্রায়ই জরিমানা দাবি করতেন তিনি। তিনি বলেন, ‘তার অত্যধিক নিয়মনীতি শুনে আমি তাকে প্রশ্ন করেছি, আমি কি হোয়াইট হাউসে উঠেছি নাকি? কিন্তু এর উত্তরে সে যা জানায়, না ভুলেও একে হোয়াইট হাউস ভেব না, এটা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প। আর গত ফেব্রুয়ারিতে এটি মাত্রা ছাড়ায়। ওয়াশিংটন থেকে আমার এক বন্ধু এসেছিল এখানে। রাতে ছিল। পরদিন মিলানো আমার ঘাড় ধরে লবিতে নিয়ে যায়, আর দেয়ালে আঁকা বিভিন্ন ছবি ও প্রতীক দেখায়।’
গত মাসে নিউইয়র্ক শহরের মানবাধিকার কমিশন মিলানোর বিরুদ্ধে তদন্ত শুরু করে। আর ৩ সেপ্টেম্বর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। মিলানো এ দিন থাইল্যান্ড ও ইতালি ভ্রমণ শেষে নিউইয়র্ক ফেরেন।
স্থানীয় কাউন্সিলম্যান ভ্যান ব্র্যামার এ বিষয়ে বলেন, ‘তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তবে ওই নারীর অভিযোগটি ছিল সুনির্দিষ্ট ও গুরুতর। আর এ কারণে নিউইয়র্ক ফেরার সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।’