কুইন্সের স্কুলে সশস্ত্র পাহারা থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুইন্স হাইস্কুল থেকে সশস্ত্র কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। স্কুলের নিরাপত্তার দায়িত্ব থেকে পুলিশ কর্মকর্তাদের অব্যাহতির সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে ক্রমবর্ধমান শঙ্কা নিয়ে নিউইয়র্ক পোস্ট-এ খবর প্রকাশের পর এই সিদ্ধান্ত নিল এনওয়াইপিডি।
১৬ মার্চ স্কুল ডিস্ট্রিক্ট ২৬-এর সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় অভিভাবকদের দিক থেকে। এ সময় নিউইয়র্ক পুলিশের ১১১ প্রিসিংক্টের এক প্রতিনিধি ঘোষণা দেন, কুইন্সের ফ্রান্সিস লুইজ, বেসাইড ও বেনজামিন কার্ডোজো হাইস্কুলে আগের মতোই সশস্ত্র কর্মকর্তারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

এনওয়াইপিডি মুখপাত্র লেফটেন্যান্ট জন গ্রিমপেল নিউইয়র্ক পোস্টকে বলেন, ১৯ মার্চ থেকেই স্কুলগুলোয় সশস্ত্র কর্মকর্তারা নিয়োজিত থাকবেন।

ফ্রান্সিস লুইজ হাইস্কুলের অভিভাবকদের সংগঠনের সহসভাপতি লিন্ডা লোভেট সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বাচ্চাদের স্কুলের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের আবেদন করেছিলাম আমি। এনওয়াইপিডির এই সিদ্ধান্তে আমি ভীষণভাবে খুশি। আমি নিউইয়র্ক পোস্টকেও ধন্যবাদ জানাই। এটাই গণমাধ্যমের শক্তি।’
সম্প্রতি স্কুলগুলো থেকে সশস্ত্র কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এনওয়াইপিডি। সিদ্ধান্ত অনুযায়ী ১ এপ্রিল থেকেই সশস্ত্র কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার কথা এনওয়াপিডির। কিন্তু এই সিদ্ধান্ত শঙ্কিত করে তোলে সংশ্লিষ্ট অভিভাবকদের। লিন্ডা লোভেট এমনই একজন অভিভাবক। তিনি সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এক হাজারেরও বেশি অভিভাবকের স্বাক্ষর গ্রহণ করেন। এই অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও এই নিয়ে অভিভাবকদের মধ্যে বিদ্যমান শঙ্কা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক পোস্ট। আর এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই নতুন করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে এনওয়াপিডি।
তবে এনওয়াইপিডির এই সিদ্ধান্ত মানতে রাজি নয় নিউইয়র্ক নগরের শিক্ষা বিভাগ। ফ্রান্সিস লুইজ স্কুলের অধ্যক্ষ ডেভিড মিরর বলেন, ‘স্কুলে সশস্ত্র প্রহরার বিষয়ে কিংবা যেকোনো ধরনের অস্ত্রের প্রকাশ্য উপস্থিতির বিষয়ে শিক্ষা বিভাগের ঘোর আপত্তি রয়েছে।’
এ বিষয়ে শিক্ষা বিভাগের মুখপাত্র মিরান্ডা বারবট নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘এটা (স্কুলে সশস্ত্র কর্মকর্তা পুনরায় মোতায়েনের) এনওয়াইপিডির সিদ্ধান্ত। আর আমরা তাদের সঙ্গে একমত নই।’