কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ গেল আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রু কুমো
ছবি: রয়টার্স ফাইল ছবি

নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনায় আদালতে অভিযোগ করা হয়েছে। নিউইয়র্ক আদালতের মুখপাত্র লুসিয়ান চাল ফেন জানিয়েছেন, নারীকে যৌন হয়রানি করার ঘটনায় তাঁর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। একের পর এক যৌন হয়রানির অভিযোগের মুখে পদত্যাগের পর কুমোর বিরুদ্ধে এই প্রথম আইনি পদক্ষেপ নেওয়া হলো। খবর এএফপির।

নিউইয়র্ক আদালতের মুখপাত্র লুসিয়ান চাল ফেন আরও বলেন, ‘আলবেনি সিটি কোর্টে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অপকর্মের অভিযোগ করা হয়েছে।’ অপরাধের ধরনকে ‘যৌন অপরাধ’ বলে উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের আইনে জোরপূর্বক শরীর স্পর্শ করাকে ‘এ’ গ্রেডের অপকর্ম বলে বিবেচনা করা হয়, যার জন্য এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কুমো ২০২০ সালের ডিসেম্বরে অশালীনভাবে এক নারীকে স্পর্শ করেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের পক্ষ থেকে আলবেনি কাউন্টি শেরিফের কার্যালয় অভিযোগ করেছে।

এএফপি জানায়, ৬৩ বছর বয়সী কুমোকে আগামী ১৭ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন আলবেনির সিটি আদালত। ওই দিন বেলা আড়াইটার দিকে তাঁকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সোজাসাপটা কথা বলার কারণে গত বছর দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন কুমো। তবে সম্প্রতি ১১ নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত আগস্টে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। শুরু থেকে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছেন কুমো। সাবেক এই গভর্নরের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস একটি প্রতিবেদন প্রকাশের পর কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগগুলো সামনে এসেছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, কুমোর বিরুদ্ধে সাবেক সহকর্মীসহ ১১ নারীকে ধর্ষণের অভিযোগ পেয়েছেন তাঁরা। এ ব্যাপারে তাঁদের তদন্তের অনুরোধ জানানো হয়েছে। ওই প্রতিবেদন আনুষ্ঠানিক কোনো অপরাধ প্রতিবেদন ছিল না। তবে অভিযোগ নিয়ে তুমুল বিতর্ক চলার মধ্যে কুমো নিজেই পদত্যাগের ঘোষণা দেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অনানুষ্ঠানিক ওই প্রতিবেদনের ব্যাপারে লেটিশা বলেন, ‘সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো বেশ কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন বলে আমার কার্যালয়ে অভিযোগ জমা পড়েছে এবং এই অভিযোগগুলো তদন্তের অনুরোধ জানানো হয়েছে। আর তখনই কোনোরকম ভীতি ও পক্ষপাত ছাড়াই পদক্ষেপ নিতে শুরু করি।’ তিনি আরও বলেন, ‘জোরপূর্বক স্পর্শের জন্য কুমোর বিরুদ্ধে আজ যে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে, তার মধ্য দিয়ে আমাদের প্রতিবেদনের সত্যতা জোরালো হলো।’