সিরিয়ার কুর্দি-অধ্যুষিত কোবানি শহর রক্ষায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত কুর্দি যোদ্ধাদের সহায়তায় বিমান থেকে অস্ত্র-গোলাবারুদ ও চিকিৎসাসামগ্রী ফেলেছে যুক্তরাষ্ট্র। এদিকে কোবানি যুদ্ধে কুর্দিদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে তুরস্ক। খবর এএফপি ও বিবিসির।
কোবানি শহর রক্ষায় লড়াইরত কুর্দি যোদ্ধাদের এই প্রথম আকাশপথে সহায়তা পৌঁছে দিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার এবং আইএস জিহাদি উভয়ের বিরুদ্ধে লড়াইরত বাহিনীগুলোকে সহায়তা বাড়াচ্ছে, সর্বশেষ এ ঘটনা তার প্রমাণ। আর তুরস্কের কুর্দি-অধ্যুষিত এলাকাগুলোতে অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে কুর্দিরা দীর্ঘ সময় ধরে লড়াই করায় তাদের সিরিয়ায় প্রবেশের বিরুদ্ধে তুর্কি সরকারের নিষেধাজ্ঞা বলবৎ ছিল।
মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানায়, তিনটি কার্গো বিমানে করে গত রোববার কোবানির আশপাশে কুর্দি যোদ্ধাদের অবস্থানগুলোতে সফলভাবে সহায়তা পাঠানো হয়েছে। মোট ২৭টি গাঁটে করে অস্ত্র-গোলাবারুদ ও চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন ধরনের সহায়তা ফেলা হয়। এর মধ্যে ছিল ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি এলাকার কর্তৃপক্ষের পাঠানো ক্ষুদ্র অস্ত্রশস্ত্রও। বিমানে করে এসব সহায়তা ফেলার সময় কোনো ধরনের প্রতিবন্ধকতা আসেনি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সমর্থন আদায়ের চেষ্টায় কেরি: আইএসবিরোধী লড়াইয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমর্থন আদায়ে কাজ শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গতকাল তিনি ইন্দোনেশিয়ায় পৌঁছান। দেশটির নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদোর শপথ অনুষ্ঠানে অংশ নেন কেরি।
কেরি সেখানে ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের পাশাপাশি এসব দেশের নেতাদের সঙ্গেও বৈঠক করে আইএসবিরোধী জোটে অবদান রাখতে অনুরোধ করবেন।