কুলাউড়া উদীচীর সুবর্ণজয়ন্তী উদ্যাপন
কনকনে ঠান্ডা। সঙ্গে ঘন কুয়াশা। মঞ্চ থেকে বলা হলো, ‘বিজয়ের মাস, তাই মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গানের সঙ্গে সুর মেলান।’ এরপরই শুরু হলো দেশের গান, ‘ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা।’ মঞ্চের সামনের কয়েক শ দর্শক সুর মেলানোর পাশাপাশি মুঠোফোনের টর্চ জ্বালিয়ে উঁচিয়ে ধরলেন। আলোকোজ্জ্বল হয়ে উঠল পুরো অনুষ্ঠানস্থল। এ যেন এক অন্য রকম ভালো লাগার দৃশ্য।
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের স্বাধীনতা সৌধ চত্বরে গত ২৫ ডিসেম্বর রাতে ছিল ব্যান্ডদল ‘জলের গান’-এর পরিবেশনা। এ অনুষ্ঠান উপভোগ করতেই ওই চত্বরে সমবেত হয়েছিলেন দর্শক-শ্রোতারা। উদীচী শিল্পীগোষ্ঠীর কুলাউড়া উপজেলা শাখার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মুক্ত মানুষের
মুক্ত সমাজ গড়তে এসো মানুষের
মুক্তির মিছিলে সমবেত হই’—স্লোগানকে সামনে রেখে উদীচী আয়োজিত দু দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে গত ২৫ ডিসেম্বর রাত ৮টার দিকে ব্যান্ড দল ‘জলের গান’ তাদের জনপ্রিয় বিভিন্ন গান পরিবেশন শুরু করে। এক এক করে তারা ‘ও ঝরা পাতা’, ‘কাগজের নৌকা কেউ বানিয়েছে’, ‘বকুল ফুল বকুল ফুল’ গান পরিবেশন করে। কনকনে শীতের মধ্যেও গানের তালে মেতে ওঠেন দর্শকেরা। রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
এর আগে বেলা তিনটার দিকে স্বাধীনতা সৌধ চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দু দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ কৃষকনেতা আব্দুল মালিক। পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিকেল চারটার দিকে সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্রের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যাভিনেতা শংকর সাঁওজাল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রবীর সরদার ও মকবুল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সিপিবির মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, উদীচীর উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মুহিব উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি রজত কান্তি ভট্টাচার্য, উপজেলা সিপিবির সাবেক সভাপতি আব্দুল লতিফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের সদস্যসচিব বিপুল চক্রবর্তী।
২৬ ডিসেম্বর বিকেলে কর্মসূচির শেষ দিন স্মৃতিচারণা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী শিল্পী গোষ্ঠী ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি এতে গান পরিবেশন করেন।