কুষ্টিয়া জেলা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ সভায় কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএর নেতা-কর্মী ও সদস্যরা

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইন্‌কের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আবু মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা নাজমুল আহসান, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন, সহসভাপতি কাজী পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ যোবায়ের, আজাদ জিন্নাতুল হাসান, কাজী শাহরিয়ার মতিন, ইফতেখার ইউনুস, মুন্না প্রমুখ।

সভায় করোনাকালে সমিতির দিকনির্দেশনামূলক ও গঠনমূলক আলোচনার পাশাপাশি দেশে-বিদেশে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া যারা এখনো অসুস্থ, তাঁদের সুস্থতা কামনা করা হয়।

সভায় সমিতির নতুন সদস্যদের স্বাগত জানানো হয় এবং যারা এখনো সদস্য হননি, তাঁদের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়। সভায় বক্তারা বলেন, কুষ্টিয়াকে প্রবাসীর মধ্যে তুলে ধরার জন্য সংগঠনটিকে একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে।

সমিতি শুধু প্রবাসী কুষ্টিয়াবাসীর জন্যই নয়, সবার জন্যই কাজ করছে। অসুস্থদের সেবা দেওয়া, কেউ মারা গেলে লাশ দেশে পাঠানো ও দাফন সম্পন্ন করা, নিউইয়র্কে নতুন কেউ এলে তাকে স্বাগত জানানো থেকে শুরু করে প্রবাসীদের বাসা ও চাকরি পেতে সহযোগিতা করার মতো কাজগুলো সমিতি করে আসছে। লকডাউনের সময় সংকটগ্রস্ত মানুষের ঘরে গোপনে ওষুধ, খাবার, মাস্ক, স্যানিটাইজার পৌঁছে দেওয়ার কাজ করেছে সমিতি।