কুড়িয়ে পাওয়া ৩৫ লাখ টাকার হীরা!

পার্কটির নাম ‘ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক’। কিন্তু সেখানে ঘুরতে ঘুরতে যে সত্যিই হীরা পাওয়া যাবে, তা ঘুণাক্ষরেও ভাবেননি ২৫ বছর বয়সী তরুণী ভিক্টোরিয়া ব্রডস্কি। কিন্তু পার্কে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই তিনি কুড়িয়ে পান দুষ্প্রাপ্য বাদামি হীরা। যদিও হাতে নেওয়ার পর তিনি মনে করেছিলেন, এটি হয়তো নেহাতই কোনো একটা কাচের টুকরো!
সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির দিনে সপরিবারে যুক্তরাষ্ট্রের আরকানসাসের ওই পার্কে গিয়েছিলেন ভিক্টোরিয়া। ঘুরতে ঘুরতে হঠাৎই তাঁর নজরে পড়ে একটি চকমকে জিনিস। কৌতূহলবশত হাতে নিয়ে তিনি দেখেন, তা উজ্জ্বল বাদামি রঙের একটি পাথরের টুকরোর মতো কিছু একটা। কী মনে করে, শেষতক তা পকেটে পুরে রাখেন তিনি।
পরে নেহাত মজা করেই এটি হীরা পরীক্ষাগারে নিয়ে যান ভিক্টোরিয়া। সেখানকার কর্মকর্তাদের কথা শুনে তাঁর চক্ষু চড়কগাছ! জানতে পারেন, এটি হলো একটি দুষ্প্রাপ্য বাদামি হীরা। ২.৬৫ ক্যারেটের হীরাটির আনুমানিক দাম প্রায় ৪৩ হাজার ৫০০ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা।
ভিক্টোরিয়া ব্রডস্কি বলেন, হীরাটি পাওয়ার পরপরই মাকে ফোন করে এই সুসংবাদ জানান তিনি। এটি বিক্রি করে পাওয়া অর্থ পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা আছে তাঁর।
তবে ৯০০ একরের ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে হীরা কুড়িয়ে পাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত মার্চ মাসে এখান থেকে প্রায় সাড়ে ৭ ক্যারেটের হীরা কুড়িয়ে পেয়েছিল এক কিশোরী।