কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ একটি মাইলফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডায় আওয়ামী লীগের মতবিনিময় সভায় অতিথিরা
ফ্লোরিডায় আওয়ামী লীগের মতবিনিময় সভায় অতিথিরা

বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ হবে একটি ঐতিহাসিক মাইলফলক। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ বিষয়ে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় আহমদ রেস্টুরেন্টে ৬ মে রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি জয়নাল চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
উল্লেখ্য, তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের আয়োজন দেখতে নিউইয়র্ক থেকে ফ্লোরিডার অরল্যান্ডোতে ছুটে গিয়েছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভার অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর জীবদ্দশায় বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ স্যাটেলাইট জগতে প্রবেশ করেছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর ১৯৯৬ সাল পর্যন্ত স্যাটেলাইটের ক্ষেত্রে বাংলাদেশের তেমন কোনো উন্নতি চোখে পড়েনি। ২১ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর পূর্ববর্তী সরকারগুলোর মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডকে সমূলে উৎপাটন করে নতুনভাবে দেশ গঠনের কাজ শুরু হয়। সেই সময় দেশ গঠনের অন্য কর্মকাণ্ডের সঙ্গে স্যাটেলাইট জগতে দেশের অবস্থান সুসংহত করতেও অনেক পদক্ষেপ নেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান, নির্বাহী সদস্য শাহানারা রহমান, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা চিকিৎসক সিরাজুল ইসলাম, মামুনুল আজম, মুক্তিযোদ্ধা মাসুম সৈয়দ, চিকিৎসক বশির আতিকুজ্জামান, সহসভাপতি আসিফ ইকবাল কাজী, আতাউর রহমান ও মোজাজেম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সর্দার প্রমুখ।
প্রধান অতিথি সিদ্দিকুর রহমান বলেন, কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিদ্দিকুর রহমান বলেন, এ স্যাটেলাইট উৎক্ষেপণ হলে বাংলাদেশের টিভি চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানসহ যারা বিদেশি স্যাটেলাইট ব্যবহার করছে, তারা বাংলাদেশের স্যাটেলাইট ব্যবহার করেই তাদের কার্যক্রম চালাতে পারবে। দেশের টিভি চ্যানেলগুলো স্যাটেলাইট ভাড়া বাবদ বছরে ১২৫ কোটি টাকা ব্যয় করে। সে টাকা এখন থেকে দেশেই থেকে যাবে। ইন্টারনেট বা ভি স্যাট সেবাদানকারী প্রতিষ্ঠানকেও বিদেশে টাকা খরচ করতে হবে না।
সিদ্দিকুর রহমান বলেন, সরকার .আশা করছে, এ উপগ্রহ উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বাংলাদেশের বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার থাকবে, যার ২০টি বাংলাদেশে ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দেওয়া হবে। স্যাটেলাইটটির নিয়ন্ত্রণ ও তদারক করার জন্য গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায় গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন, আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং নৌকা মার্কায় ভোট দিয়ে আবার জয়লাভ করে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’