কৃষ্ণাঙ্গ অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফার্গুসন শহরে দুই পুলিশ সদস্যের ওপর গুলিবর্ষণের ঘটনায় একজনকে অভিযুক্ত করা হয়েছে। গত রোববার জেফরি উইলিয়াম (২০) নামের ওই কৃষ্ণাঙ্গ তরুণকে অভিযুক্ত করে পুলিশ। সেন্ট লুইস কাউন্টির অভিযোক্তা রবার্ট ম্যাকালক জানান, উইলিয়ামের বিরুদ্ধে গুরুতর হামলা, সশস্ত্র অপরাধ কর্মকাণ্ড এবং গুলিবর্ষণ করে আহত করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত উইলিয়াম গুলিবর্ষণের কথা স্বীকার করেছেন বলেও জানান অভিযোক্তা রবার্ট ম্যাকালক। ফার্গুসনের প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে গত বুধবার এক বিক্ষোভ চলার সময় পুলিশের ওপর ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত আগস্টে মিজৌরি অঙ্গরাজ্যের এই ফার্গুসনেই শ্বেতাঙ্গ পুলিশ সদস্যের গুলিতে মাইকেল ব্রাউন নামের এক কৃষ্ণাঙ্গ নিরস্ত্র তরুণ নিহত হন। এ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এএফপি