কৃষ্ণাঙ্গ কিশোরীকে নিগ্রহকারী পুলিশের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক কৃষ্ণাঙ্গ কিশোরীকে নিগ্রহ করে তার দিকে অস্ত্র তাককারী পুলিশ সদস্য পদত্যাগ করেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, ওই পুলিশ সদস্য করপোরেল এরিক কেসবোল্ট (৪১) মঙ্গলবার সকালে ‘স্বেচ্ছায়’ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
একটি ভিডিওতে দেখা যায়, গত শুক্রবার ম্যাককিনিতে দাজেরিয়া ব্যাকটন (১৫) নামের কিশোরীকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরে তার দিকে অস্ত্র তাক করেন কেসবোল্ট।
পুলিশের দাবি, ওই কিশোরী এক পুল পার্টিতে ব্যাঘাত সৃষ্টি করেছে। এ জন্য কেসবোল্ট এমনটা করেছেন। তবে এ ঘটনার পর করপোরেল কেসবোল্টকে প্রশাসনিক ছুটি দেওয়া হয়েছে।
ব্যাকটনের নিগ্রহের ভিডিওটি প্রকাশিত হলে শত শত মানুষ এ ঘটনার প্রতিবাদ জানায়। তারা ওই পুলিশ সদস্যের অপসরণ দাবি করে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ম্যাককিনির পুলিশপ্রধান গ্রেগ কনলে বলেন, ‘কেসবোল্টের কর্মকাণ্ড “অসমর্থনযোগ্য”। আমাদের নীতি, প্রশিক্ষণ, চর্চা কোনটিই তাঁর এ কাজকে সমর্থন করে না।’