কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার পর ফুঁসছে মিজৌরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহব্যাপী সহিংসতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরতলিতে গত রোববার দ্বিতীয় রাতেও কারফিউ জারি হয়। এর আগে স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল।
শহরতলিটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজ্যের গভর্নর জে নিক্সন এই নির্দেশ দেন। খবর বিবিসি ও এএফপির।
৯ আগস্ট ফার্গুসনের একটি সড়কে এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে মাইকেল ব্রাউন (১৮) নামের নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হন। এটি বর্ণবাদী আচরণ আশঙ্কায় কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত সেন্ট লুইসের ওই শহরতলিতে এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে, যা প্রায়ই সহিংস হয়ে ওঠে। শনিবার প্রথম রাতে কারফিউ শুরু হওয়ার পরও তা উপেক্ষা করে ৫০ জনের মতো লোক বিক্ষোভ অব্যাহত রাখে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে একজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার সকাল থেকে ফার্গুসনে শত শত মানুষ বিক্ষোভ করে। এ ছাড়া কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করা হয় বলে অভিযোগ ওঠে। দ্বিতীয় রাতে কারফিউ শুরুর প্রায় তিন ঘণ্টা আগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ছাড়া ধোঁয়া বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা রাজ্যের হাইওয়ে পুলিশের ক্যাপ্টেন রোনাল্ড জনসন এক সংবাদ সম্মেলনে বলেন, বিক্ষোভের নামে লুটপাট, গুলিবর্ষণ, অগ্নিসংযোগসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করা হচ্ছে। জনগণের সম্পত্তি বিনষ্ট করা হচ্ছে। ম্যাগডোনাল্ড রেস্তোরাঁসহ অন্তত চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়েছে।
পুলিশের বলপ্রয়োগের পক্ষে যুক্তি দিয়ে জনসন বলেন, ‘স্থানীয় সময় রাত নয়টার কিছু আগে শত শত বিক্ষোভকারী ফার্গুসনের পুলিশ কমান্ড পোস্টের দিকে এগিয়ে আসে। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ছুড়ে মারা হয় বোতল ও রকেট। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া ছাড়া আমার আর উপায় ছিল না।’
তবে লিশা উইলিয়ামস নামের একজন বিক্ষোভকারী বলেন, ‘পুলিশি নিষ্ঠুরতার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে ওই কেন্দ্রের দিকে এগোতে থাকি। ইচ্ছে ছিল পুলিশকে জানানো যে, আমাদের হাত মাথার ওপরে তোলা। কিন্তু কিছুদূর এগোনোর পরই আমাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।’
ব্রাউনকে ছয়টি গুলি করা হয়: নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফার্গুসনের নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে অন্তত ছয়টি গুলি করা হয়েছিল। এর মধ্যে দুটি বিদ্ধ হয় তাঁর মাথায়। অন্য চারটি বিদ্ধ হয় ডান হাতে। প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। খবরে আরও বলা হয়, সব কটি গুলিই ব্রাউনকে সামনে থেকে ছোড়া হয়।
গত শুক্রবার ফার্গুসনের পুলিশপ্রধান জানান, ড্যারেন উইলসন নামের একজন শ্বেতাঙ্গ পুলিশ ব্রাউনকে গুলি করেছিলেন। এ ছাড়া সিসিটিভিতে ধারণ করা একটি ভিডিওচিত্রও একই দিন প্রকাশ করে পুলিশ। এতে দেখানো হয়, এক দোকানিকে ভয় দেখিয়ে স্থানীয় একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে এক প্যাকেট সিগারেট ছিনিয়ে নেন ব্রাউন। পুলিশের দাবি, এর কিছুক্ষণ পরই ‘ডাকাত’ সন্দেহে তাঁকে গুলি করা হয়। তবে ব্রাউনের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই ভিডিওচিত্র প্রকাশ উদ্দেশ্যপ্রণোদিত। আইনবহির্ভূত এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার মতলবে ভিডিওচিত্রটি প্রকাশ করেছে পুলিশ।
পুলিশের সমর্থনে বিক্ষোভ: এদিকে ব্রাউনকে গুলি করা শ্বেতাঙ্গ পুলিশ ড্যারেন উইলসনের সমর্থনে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সামনে রোববার দেড় শতাতিক মানুষ বিক্ষোভ করেছেন। অন্যদিকে, এফবিআই সদস্যরা ওই ঘটনার তদন্ত শুরু করেছেন। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিচ্ছেন তাঁরা।
ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ: গতকাল এনডিটিভির এক খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে পুলিশের গুলিতে আরেক নিরস্ত্র যুবক নিহত হওয়ার ঘটনায় গত রোববার বিক্ষোভ হয়েছে। সেখানে পুলিশ সদর দপ্তরের সামনে এ বিক্ষোভে অংশ নেয় অন্তত ৫০০ মানুষ। ফার্গুসনে ব্রাউনকে হত্যার মাত্র দুই দিন পর ক্যালিফোর্নিয়ার পুলিশ ইজেল ফোর্ড (২৫) নামের ওই কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা করে। পরিবারের সদস্যরা বলেছেন, ফোর্ড মার্জিত স্বভাবের ছিলেন। তবে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় পুলিশের নির্দেশ মেনে ফোর্ড শুয়ে পড়েন। এর পরও পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে।
তবে এই অভিযোগ অস্বীকার করে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, একজন পুলিশ সদস্যের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ফোর্ড। পরে নিবৃত্ত করতেই তাঁকে গুলি করা হয়।