কৃষ্ণাঙ্গ যুবকের পিঠে খুব কাছ থেকে গুলি করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গত আগস্টে পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ যুবককে খুব কাছ থেকে পিঠে একটিসহ মোট তিনটি গুলি করা হয়েছিল। গত সোমবার প্রকাশ করা ময়নাতদন্ত প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। খবর এএফপির।
২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক ইজিল ফোর্ড দক্ষিণ লস অ্যাঞ্জেলেসে গত ১১ আগস্ট পুলিশের গুলিতে মারা যান। তিনি তখন দৃশ্যত মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার সময় একা, নিরস্ত্র অবস্থায় ফুটপাত দিয়ে হাঁটছিলেন ফোর্ড।
ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায়, ফোর্ডকে তিনটি গুলি করা হয়েছিল। একটি পিঠে, একটি বাহুতে এবং অপরটি তলপেটে। এর মধ্যে পিঠে করা গুলিটি এত কাছ থেকে করা হয়েছিল যে পিঠের ত্বকে বন্দুকের নলের ছাপও পাওয়া গেছে।
ফোর্ডের পারিবারিক আইনজীবী স্টিভেন লারম্যান এই প্রতিবেদনকে ‘ভয়ংকর’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ফোর্ডের সঙ্গে যা করা হয়েছে, তা ফৌজদারি অপরাধের শামিল।
সোমবার এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের পুলিশপ্রধান চার্লি বেক বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে যা বলা হয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দেওয়া বর্ণনার পার্থক্য নেই।
পুলিশ কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে আগে বলা হয়েছিল, কথা বলার একপর্যায়ে ইজিল ফোর্ড পুলিশের দুই সদস্যের একজনের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে একে একে কয়েকটি গুলি করা হয়। খুব কাছ থেকে করা একটি গুলি তাঁর পিঠে লাগে।