কৃষ্ণাঙ্গদের বেকারত্বের হার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় কৃষ্ণাঙ্গদের বেকারত্ব আগস্ট মাসে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। অবশ্য চাকরি চলে যাওয়ার দলে কৃষ্ণাঙ্গ নারীদের সংখ্যা বেশি। শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, কৃষ্ণাঙ্গ শ্রমিকদের বেকারত্বের হার আগস্ট মাসে কমে ৫ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। ২০১৮ সালে আগের রেকর্ড ছিল সর্বনিম্ন ৫ দশমিক ৯ শতাংশ।
শ্রম বিভাগের তথ্যমতে, গত জুলাই মাসে কৃষ্ণাঙ্গ নারীদের বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশ থেকে কমে রেকর্ড ৪ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। অবশ্য একই সময়ে কৃষ্ণাঙ্গ পুরুষদের বেকারত্বের হার ৫ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। একই সময়ে হিস্পানিক বা লাতিন শ্রমিকদের বেকারত্বের হারও কমেছে। আগস্টে হিস্পানিকদের বেকারত্বের হার কমে ৪ দশমিক ২ শতাংশ হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিজনেস ফোরাম এই নিম্নগতিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছে।
সংখ্যালঘু জনগোষ্ঠীর বেকারত্বের হার সত্তরের দশকের শুরু থেকে গণনা করে আসছে শ্রম বিভাগ। আগে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের বেকারত্বের হার শ্বেতাঙ্গদের চেয়ে বেশি ছিল। এখনো সেই বাস্তবতা পাল্টায়নি। আগস্টে শ্বেতাঙ্গদের মধ্যে বেকারত্ব ছিল ৩ দশমিক ৪ শতাংশ, যা আগের মাসে ছিল ৩ দশমিক ৩ শতাংশ। আগস্ট মাসে সামগ্রিকভাবে আমেরিকায় বেকারত্বের হার ছিল জুলাইয়ের মতোই ৩ দশমিক ৭ শতাংশ।
এ বিষয়ে ইকোনমিক পলিসি ইনস্টিটিউটের পরিচালক ভ্যালারি উইলসন বলেন, আফ্রিকান-আমেরিকানদের বেকারত্বের হার তুলনামূলকভাবে কম, যা একটি সুসংবাদ। তবে বিভিন্ন জাতিগোষ্ঠীর বেকারত্বের হারের মাসিক পরিসংখ্যানটি ভবিষ্যতে অস্থিতিশীল হতে পারে।
কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের মধ্যে বেকারত্বের হারে ব্যবধান কমে এলেও অনানুষ্ঠানিক ক্ষেত্রে এ ব্যবধান এখনো অনেক বেশি। চাকরির বাজার ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। তারপরও চাকরির অপেক্ষায় থাকা ব্যক্তিদের অধিকাংশই সংখ্যালঘু জনগোষ্ঠীর। ঐতিহাসিকভাবেই সংখ্যালঘুদের মধ্যে বেকারত্বের হার বেশি, যা বর্তমান সরকারের আমলে আরও চরমে পৌঁছেছে।
এক হিসাবে দেখা গেছে, প্রাপ্তবয়স্ক আফ্রিকান আমেরিকানদের ৬০ শতাংশের বেশি চাকরি করে। ২০০০ সালের মার্চে এ হার রেকর্ড ৬১ দশমিক ৪ শতাংশে পৌঁছেছিল। গত আগস্টে এটি কয়েক শতাংশ পয়েন্ট কমে ৫৮ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়।