কে এই রব গোল্ডস্টোন?
সংগীতাঙ্গনের বড় বড় তারকার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করলেও রব গোল্ডস্টোন নামটি বিশ্ববাসীর কাছে খুব একটা পরিচিত নয়। কর্মক্ষেত্র বিচারে রাজনীতির সঙ্গে তাঁর খুব একটা সংশ্লিষ্টতা থাকার কথা নয়। কিন্তু সংগীতজগতে তাঁর নাম খুব একটা শোনা না গেলেও মার্কিন রাজনৈতিক পরিমণ্ডলে এখন নামটি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। তাও ছোটখাটো কোনো বিষয় নয়। রীতিমতো মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিতর্কের কেন্দ্রেই ঢুকে পড়েছেন তিনি।
নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জুনিয়র ও নাটালিয়া ভেসেলনিতসকায়ার মধ্যকার বৈঠকটি ছিল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তার জন্য রুশ সরকারের একটি প্রচেষ্টা। এ বৈঠক আয়োজনের দায়িত্ব পালন করেন গোল্ডস্টোন। তিনি ট্রাম্প জুনিয়রকে একটি ই-মেইলের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবহিত করেছিলেন। গত বছরের ৯ জুন অনুষ্ঠিত রুশ আইনজীবীর সঙ্গে প্রেসিডেন্ট-পুত্রের ওই বৈঠকটিই এখন মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপবিষয়ক তদন্তের কেন্দ্রে অবস্থান করছে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটি বৈঠকের আয়োজক হিসেবে যাঁর নাম উঠে এল, তাঁর পরিচয় কী? ট্রাম্প পরিবারের সঙ্গেই বা তিনি কীভাবে যুক্ত? এ প্রশ্নগুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিভিন্ন সংবাদপত্রে ‘ট্যাবলয়েড সাংবাদিক’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া গোল্ডস্টোন ব্রিটিশ দৈনিক ও রেডিওতে কাজ করেছেন বলে জানা যায়। তাঁর কর্মক্ষেত্র লন্ডনে ছিল বলেও জানা গেছে। তবে তিনি ঠিক কোন পত্রিকা বা কোন রেডিওতে কাজ করেছেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
গোল্ডস্টোন কাজ করেছেন মাইকেল জ্যাকসন, বিবি কিং, রিচার্ড ব্র্যানসনের মতো মহাতারকার সঙ্গে। ১৯৮৬ সালে অস্ট্রেলিয়া ট্যুরে জ্যাকসন তাঁকে স্বেচ্ছায় সঙ্গে নেন। কিন্তু এত সব মহাতারকার সঙ্গে কাজ করা সত্ত্বেও তাঁর কথা বিশ্ববাসী খুব একটা জানত না। যতটা জানছে এখন, গত বছরের মার্কিন রাজনীতির গতিমুখ পাল্টে দেওয়া বহুল আলোচিত বৈঠকটির আয়োজক হিসেবে।
ম্যানচেস্টারে জন্ম নেওয়া গোল্ডস্টোন বর্তমানে ‘ওই টু এন্টারটেইনমেন্ট’ নামে একটি পাবলিক রিলেশনস কোম্পানি পরিচালনা করেন। আর এখানেই রয়েছে ট্রাম্প পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের সূত্রটি। কারণ এ প্রতিষ্ঠানটি কাজ করেছে মিস ইউনিভার্স প্রতিযোগিতা নিয়ে। এ প্রতিযোগিতার মালিকানা একসময় ছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে।
এবার আসা যাক গোল্ডস্টোনের রুশ সংযোগের বিষয়ে। গোল্ডস্টোন একসময় রুশ পপতারকা এমিন আগালারোভের সঙ্গে কাজ করেছেন। এ পপতারকার বাবা আরাস আগালারোভ মস্কোভিত্তিক এক আবাসন ব্যবসায়ী। ২০১৩ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতা মস্কোয় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরাস ছিলেন ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার। এমনকি রাশিয়ায় ট্রাম্প টাওয়ার স্থাপন প্রকল্পেরও তিনি অংশীদার ছিলেন। আগালারোভ পরিবারের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ গাঢ় বলা যায়। কারণ ২০১৩ সালে এমিন আগালারোভের একটি মিউজিক ভিডিওতে ট্রাম্পকে দেখা গেছে, যেখানে ছিলেন মিস ইউনিভার্স প্রতিযোগীরাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া গোল্ডস্টোনের পোস্ট থেকে জানা যায় আরও চমকপ্রদ তথ্য। তিনি জানান, গত কয়েক বছরে ট্রাম্প রাশিয়ায় বেশ কয়েকবার গিয়েছেন। এর মধ্যে সর্বশেষ ২০১৬ সালে নির্বাচনের আগে তিনি রাশিয়া ভ্রমণ করেন।