
মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যার কয়েক দিন পরের ঘটনা। টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে কর্মরত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) এক সদস্যের কাছে ফোন করেন তাঁর এক বন্ধু। তিনি জানালেন, হত্যাকারী লি হারভি অসওয়াল্ডের সঙ্গে তাঁর এক অনুষ্ঠানে দেখা হয়েছিল ১৯৬৩ সালের জানুয়ারি মাসে। আর কেনেডি খুন হন ওই বছরের ২২ নভেম্বর।
জানুয়ারির ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন জর্জ ডি মোহানশিল্ড। তিনি জ্বালানি প্রকৌশলী। রুশ বংশোদ্ভূত নাগরিক। তাঁর সম্পর্কে বিশদ তথ্য এসেছে কেনেডি হত্যা-সংক্রান্ত নথিতে। তাঁর গল্পটি অনেকটা গোয়েন্দা কাহিনির মতো। বিভিন্ন পর্যায়ে তাঁর যোগাযোগ ছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের বাল্যকালের বন্ধুর মামা ছিলেন তিনি। তাঁর অর্থ ছিল, খরচও করতেন। আমুদে ও আয়েশি জীবনযাপন করতেন। ছিল নারীদের প্রতি আসক্তি।
১৯৪২ সালে তিনি সিআইএর পূর্বসূরি অফিস অব দ্য স্ট্র্যাটেজিক সার্ভিসে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু নাৎসিদের প্রতি সহানুভূতিশীল—এমন অভিযোগের কারণে তাঁকে যোগ দিতে দেওয়া হয়নি। এরপর তিনি জ্বালানি প্রকৌশলী হয়ে ওঠেন। ১৯৭৭ সালে তিনি আত্মহত্যা করেন।
মোহানশিল্ডের মৃত্যুর পর তাঁর স্ত্রী তদন্তকারীদের একটি ছবি সরবরাহ করেন। এতে দেখা যায়, অসওয়াল্ড আর মোহানশিল্ড পাশাপাশি দাঁড়িয়ে। অসওয়াল্ডের হাতে একটি রাইফেল। এটি দিয়েই প্রেসিডেন্ট কেনেডিকে গুলি করে হত্যা করা হয় বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারী।
কেনেডির মৃত্যুর পর সোকোনি মোবাইল রিসার্চ ল্যাবরেটরির দুই কর্মী ডালাসে সিআইএর কর্মকর্তা জে ওয়াল্টন মুরকে ফোন করেন। তাঁদের মধ্যে মারিয়ান দুগান নামের কর্মী সিআইএর সদস্যকে ওই প্রকৌশলী সম্পর্কে তথ্য দেন। তিনি বলেন, ডালাসে অসওয়াল্ডকে বন্ধু হিসেবে বরণ করেন মোহানশিল্ড। তাঁকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি গবেষণা দলের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
কেনেডি হত্যার পর ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত দুই বছর হাইতিতে ছিলেন ওই প্রকৌশলী। এর আগে ১৯৫৭ সালে তৎকালীন কমিউনিস্ট রাষ্ট্র যুগোস্লাভিয়ায় ছিলেন তিনি। জানা যায়, যুগোস্লাভিয়া থেকে ফেরার পর সিআইএর ওয়াল্টন মুর ওই
রুশ বংশোদ্ভূত প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করেন।
মোহানশিল্ডের প্রসঙ্গ সামনে চলে আসে ১৯৭৫ সালে। তখন কিউবার নেতা ফিদেল কাস্ত্রোকে হত্যাচেষ্টার সঙ্গে সিআইএ এবং তাঁর সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টি সামনে চলে আসে। একই সঙ্গে কেনেডি হত্যায় তাঁদের জড়িত থাকা নিয়েও সন্দেহ জেগে ওঠে।