কে কতটা ইসরায়েলের বন্ধু?

কে কতটা ইসরায়েলের বন্ধু—এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নামলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশীরা। ওয়াশিংটন ডিসিতে গতকাল সোমবার অনুষ্ঠিত আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সমাবেশে তাঁরা বক্তব্য রেখেছেন। প্রায় ১৮ হাজার ইহুদির সমাবেশে দেওয়া বক্তৃতায় বক্তারা আমেরিকার প্রভাবশালী ইহুদি ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন।
ডেমোক্র্যাট দলের এগিয়ে থাকা প্রার্থী হিলারি ক্লিনটন নিজেকে ইসরায়েলের ‘পরীক্ষিত বন্ধু’ দাবি করেন। রিপাবলিকান দলের আলোচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রাজনীতিবিদরা সবই বলেন, কিন্তু কাজের বেলায় কিছুই করেন না।’ তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকে ইসরায়েলকে দ্বিতীয় শ্রেণি হিসেবে দেখা বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একমাত্র ইহুদি ধর্মাবলম্বী প্রার্থী ডেমোক্র্যাট দলের বার্নি সেন্ডার্স আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সমাবেশে উপস্থিত হননি। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও বাছাই পর্বের নির্বাচনী প্রচারণায় পূর্বনির্ধারিত কর্মসূচি আছে বলে তাঁর প্রচারণা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপাবলিকান দলের প্রার্থী টেড ক্রুজ ইহুদিদের সমাবেশে দেওয়া তাঁর বক্তব্যে মধ্যপ্রাচ্য নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির সমালোচনা করেন। একই দলের অপর প্রার্থী জন কেসিচ নিজেকে ইসরায়েলের বন্ধু উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট ওবামার সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক সমঝোতা বাতিল করা হবে।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাবশালী ইহুদি গোষ্ঠীর সবচেয়ে বড় সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশীরা ভিন্ন ভিন্ন সময়ে তাঁদের বক্তব্য রেখে প্রভাবশালী এ গোষ্ঠীর মন জয় করার চেষ্টা করেছেন।
হিলারি ক্লিনটন তাঁর বক্তব্যে মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েলের ওপর আরোপিত কোনো বাধ্যবাধকতার বিরোধিতা করবেন বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট ওবামার সঙ্গে ইরানের সমঝোতার প্রতি সমর্থন জানালেও ইরান কোনো শর্ত ভঙ্গ করলে সেনা শক্তি ব্যবহারে পিছপা হবেন না বলে তিনি জানিয়ে দেন। ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে হিলারি বলেন, ইসরায়েল প্রশ্নে একজন স্থির নীতির মার্কিন প্রেসিডেন্ট প্রয়োজন। ইসরায়েলের নিরাপত্তা এবং অস্তিত্বের প্রশ্নে আমেরিকা কখনো নিরপেক্ষ থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা সব শেষ করে দিয়েছেন। হিলারি ও ওবামা ইসরায়েলকে ভালো নজরে দেখেননি উল্লেখ করে তিনি বলেন, ইরানের সঙ্গে সমঝোতা ভেঙে দেওয়া হবে। মধ্যপ্রাচ্য অশান্ত করার জন্য ইরানকে শাস্তি দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, তাঁর সন্তানসম্ভবা মেয়ে ইভানকারের ঘরে দুই-একদিনের মধ্যেই ইহুদি সন্তানের জন্ম হবে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পকে এখানে বক্তব্য রাখার আমন্ত্রণ জানানোয় সমালোচনার মধ্যে পরেছে সংগঠনটি। উদারনৈতিক ইহুদিরা ডোনাল্ড ট্রাম্পের মতো বিভেদ সৃষ্টিকারীকে বক্তা হিসেবে আমন্ত্রণের প্রতিবাদে পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সমাবেশ বর্জনের ডাক দেয়। জুইশ জার্নাল নামের সংবাদমাধ্যমের প্রধান সম্পাদক রব এশহাম বলেছেন, পরিষ্কার অবস্থান জানার আগেই ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ইহুদিদের বড় সমাবেশে আমন্ত্রণ জানানোর ফলে তাঁর বিভেদ মনোভাবকে আরও প্রশ্রয় দেওয়া হলো।