ম্যাককেইনের নির্দেশ, শেষকৃত্যে ট্রাম্প যেন না আসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন ম্যাককেইন। ছবি: রয়টার্স
জন ম্যাককেইন। ছবি: রয়টার্স

৮১ বছর বয়সে মারা গেছেন আরিজোনার সিনেটর জন ম্যাককেইন। এখনো তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি, কিন্তু এরই মধ্যে বাদ-বিবাদ শুরু হয়ে গেছে, ম্যাককেইনের শূন্য আসনে কে দলীয় মনোনয়ন পাবেন।

নিয়ম অনুযায়ী আরিজোনার গভর্নর ডাগ ডুসি এই আসনে রিপাবলিকান পার্টি থেকে তাঁর পছন্দমতো কাউকে মনোনয়ন দেবেন। ২০২০ সালে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। ডুসি এখনো জানাননি কাকে তাঁর পছন্দ। সম্ভাব্য তালিকায় রয়েছে চারজনের নাম। তাঁদের অন্যতম ম্যাককেইনের স্ত্রী সিন্ডি ম্যাককেইন ও ডুসির কাছের সহকর্মী কার্ক এডামস।

গভর্নর ডুসির জন্য সমস্যা হলো, তিনি যদি ম্যাককেইনের মতো কাউকে মনোনয়ন দেন, তাহলে তাঁকে মধ্যপন্থী কাউকে বেছে নিতে হবে। কিন্তু এই রাজ্যের রিপাবলিকান দলের অধিকাংশ নেতা-কর্মীর পছন্দ এমন একজন যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাজেন্ডা অক্ষরে অক্ষরে পালন করবেন।

ম্যাককেইন পরিচিত ছিলেন তাঁর স্বাধীনচেতা মনোভাবের জন্য। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর অনেক ব্যাপারেই মতবিরোধ ছিল। ম্যাককেইনের পরিচয় ‘যুদ্ধনায়ক’ হিসেবে। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি পাঁচ বছরেরও বন্দী অবস্থায় কাটান। সে কথা উল্লেখ করে গত নির্বাচনের আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, যুদ্ধের নায়ক হিসেবে তাঁর যুদ্ধবন্দীদের নয়, যাঁরা যুদ্ধ থেকে জয়ী হয়ে ফিরে আসেন, তাঁদের পছন্দ। এই মন্তব্যের কারণে ম্যাককেইন তাঁকে খোলামেলাভাবে অপছন্দ করতেন। গত বছর ম্যাককেইনের ‘না’ ভোটের কারণে সিনেটে ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যবিমা কর্মসূচি বাতিলের পক্ষে একটি খসড়া আইন গৃহীত হতে পারেনি। সে জন্য ট্রাম্প তাঁকে কঠোরভাবে আক্রমণ করেছিলেন।

ম্যাককেইনের প্রতি তাঁর বিরুদ্ধ-মনোভাব এতটাই তীব্র যে ম্যাককেইনের মৃত্যুর পর দুই লাইনের এক টুইটে নিজের সমবেদনা প্রকাশ করে দায়িত্ব শেষ করেছেন ট্রাম্প। ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, হোয়াইট হাউসের কর্মকর্তারা চেয়েছিলেন একটি সরকারি শোকবার্তা প্রকাশিত হোক। ম্যাককেইনের নামের সঙ্গে ‘যুদ্ধনায়ক’ (ওয়ার হিরো) কথাটি যুক্ত করে একটি খসড়া বার্তা প্রস্তুত করা হয়েছিল, কিন্তু ট্রাম্পের নির্দেশে সেটি বাদ দেওয়া হয়।

ম্যাককেইনের শেষকৃত্যের কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে ট্রাম্প তাতে থাকছেন না, এটি প্রায় নিশ্চিত। ম্যাককেইন নিজেই তাঁর মৃত্যুর আগে নির্দেশ দিয়ে গেছেন, ট্রাম্প যাতে আমন্ত্রিত না হন। তিনি দুই সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাকে তাঁর শেষকৃত্যে আমন্ত্রণের নির্দেশ দিয়ে গেছেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

অনেকের বিশ্বাস, সিন্ডি ম্যাককেইনকে তাঁর প্রয়াত স্বামীর শূন্য আসনে মনোনয়ন দেওয়াই সঠিক কাজ হবে, এর ফলে ম্যাককেইনের প্রতি যথার্থ সম্মান দেখানো হবে। কিন্তু সিন্ডি ম্যাককেইনের পরিচয় মধ্যপন্থী হিসেবে, অনেক সামাজিক ও নাগরিক অধিকার প্রশ্নে তিনি ম্যাককেইনের চেয়েও অধিক উদারপন্থী। সিন্ডির উৎসাহেই ম্যাককেইন একসময় বাংলাদেশ থেকে একটি প্রতিবন্ধী শিশুকে দত্তক গ্রহণ করেছিলেন। আরিজোনায় ট্রাম্পের জনপ্রিয়তা গভীর, দলের সমর্থকেরা সিন্ডিকে তাঁদের পরবর্তী সিনেটর হিসেবে দেখতে আগ্রহী নয়। এ অবস্থায় গভর্নর ডুসি সম্ভবত নিরাপদ বিবেচনা করে তাঁর চিফ অব স্টাফ কার্ক এডামসকেই বেছে নিতে পারেন।