কেজিবির কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলেন অসওয়াল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লি হারভি অসওয়াল্ড
লি হারভি অসওয়াল্ড

জন এফ কেনেডিকে হত্যার প্রায় দুই মাস আগে তৎকালীন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির এক কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন হত্যাকারী লি হারভি অসওয়াল্ড। ওই গোয়েন্দা কর্মকর্তা তখন মেক্সিকোর রুশ দূতাবাসে অবস্থান করছিলেন। কেনেডি হত্যাসংক্রান্ত নথিতে এই তথ্য উঠে এসেছে।

কেজিবির ওই কর্মকর্তার নাম ভ্লাদিমিরোভিচ কস্তিকোভ। তিনি সংস্থাটির গুপ্তহত্যা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের দায়িত্বে ছিলেন। তাঁর সঙ্গে অসওয়াল্ডের কথা হয় ২৮ সেপ্টেম্বর। এরপর আবার দূতাবাসে ফোন করেছিলেন অসওয়াল্ড। তখন তিনি ভাঙা রুশ ভাষায় জানতে চেয়েছিলেন, ওয়াশিংটনে পাঠানো টেলিগ্রামের ব্যাপারে নতুন কোনো তথ্য আছে কি না?

১৯৬৩ সালের ২২ নভেম্বর খুন হন কেনেডি। এর দুই দিন পর ডালাস পুলিশের কার্যালয়ে হত্যাকারী অসওয়াল্ডকে গুলি করে খুন করেন স্থানীয় একটি নাইট ক্লাবের মালিক জ্যাক রুবি। ওই দিন এক নথিতে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের তৎকালীন প্রধান জে এডগার হুভার লিখেছিলেন, অসওয়াল্ডকে হত্যার পর ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি লেখেন, অসওয়াল্ডই প্রকৃত হত্যাকারী, জনগণকে এই বিষয়টি বোঝানো জটিল হয়ে পড়তে পারে।

অসওয়াল্ডকে গ্রেপ্তারের পর তাঁর জীবন সংশয়ের হুমকি নিয়ে আগেই সতর্ক করে দিয়েছিল এফবিআই। নথিতে দেখা যায়, জে এডগার হুভার বলেছিলেন, ‘আমরা পুলিশপ্রধানকে জানিয়েছিলাম। অসওয়াল্ডকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছিলেন। তবে তা করা হয়নি।’

এদিকে কেনেডিকে হত্যার পর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিল। তাদের আশঙ্কা ছিল, নেতৃত্বশূন্যতার সুযোগে কোনো জেনারেল ক্ষমতা দখল করে সোভিয়েত ইউনিয়নে হামলা করে বসতে পারে। তারা নিশ্চিত ছিল, কেনেডি হত্যায় তাদের কেউ জড়িত নয়।

এফবিআইয়ের আরেক নথিতে দেখা যায়, প্রেসিডেন্ট হওয়ার আগে সিনেটর কেনেডির অপর নজরদারি করার জন্য বেসরকারি গোয়েন্দা নিয়োগ করা হয়েছিল। ওই গোয়েন্দা বিভিন্ন পার্টিতে সিনেটর কেনেডির আচরণ নিয়ে জানতে চেয়েছিলেন হলিউডের এক কলগার্লের কাছে।