কেন ঝুঁকি নিচ্ছে তরুণেরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে আমেরিকায় প্রবেশের সময় মারা পড়ে দুই বাংলাদেশি তরুণ। রিও গ্র্যান্ড নদী থেকে ওই দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। তারপর শনাক্তসহ নানা জটিলতা কাটিয়ে এই দুই তরুণের জানাজা অনুষ্ঠিত হয়েছে ব্রুকলিনে। বৃহত্তর নোয়াখালী সমিতির সহায়তায় তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ৩ জুন। এই জানাজায় আগতদের অনেকের মুখেই একটি প্রশ্ন শোনা গেল: কেন বৃহত্তর নোয়াখালী থেকেই ঝুঁকি নিয়ে

এত তরুণ দেশত্যাগ করতে চাইছে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল আমেরিকার সীমান্তে আটকদের মধ্যে তুলনামূলকভাবে বৃহত্তর নোয়াখালীর ছেলে-মেয়ের সংখ্যাই বেশি। তথ্যটি জানিয়েছেন মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।
তিনি জানান, ‘আমি এ সপ্তাহেও নিয়মিত সরকারি দায়িত্বের অংশ হিসেবে গুয়াতেমালার কাছে পাপাসোলা ডিটেনশন সেন্টারে (আটককেন্দ্র) গিয়েছিলাম। সেখানে অন্তত ৬৮ জন তরুণ আটক আছে, যাদের বলতে গেলে সবাই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলার।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ‘রেকর্ডসংখ্যক মানুষ আসছে গত তিন মাস ধরে। এই স্রোত বন্ধ হওয়া দরকার। এখানে দালালদের খুবই শক্তিশালী একটি চক্র গড়ে উঠেছে। এমনকি বাংলাদেশি মালিকানায় অবৈধ প্রবেশকারীদের জন্য হোটেল-মোটেল গড়ে উঠেছে। এদের বিরুদ্ধে কথা বললে এমনকি জীবনের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।’
নোয়াখালীর সন্তান ও বর্তমানে ব্রুকলিনের বাসিন্দা নুরুল আলম এই প্রতিবেদকের কাছে লিখে জানিয়েছেন, গত কয়েক বছরে অন্তত ২০ হাজার মানুষ এসেছেন আমেরিকায়, যারা বৃহত্তর নোয়াখালীর বাসিন্দা। শুধু একটি মাত্র ইউনিয়ন থেকেই এসেছেন তিন হাজারের বেশি মানুষ। এমনও অনেক বাড়ি আছে, যাদের প্রতি ঘর থেকে একজন করে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। এদের মধ্যে প্রায় ২০০ জন সীমান্ত পাড়ি দিয়ে এসেছেন জীবনের ঝুঁকি নিয়ে। এলাকায় বিদ্যমান রাজনৈতিক নিরাপত্তাহীনতা এর একটি বড় কারণ হতে পারে। এ ছাড়া অন্যদের দেখেও আমেরিকায় বসত গড়ার আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। এটিও একটি বড় কারণ।
তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে বিরোধী মতাদর্শের মানুষের প্রাধান্য থাকায় যেকোনো অভিযানে ওই এলাকায় নির্যাতন হয় বেশি, গ্রেপ্তার হয় বেশি। এমনকি মামলা-মোকদ্দমার ভয়ও বেশি। সে কারণে, প্রায় সব মা-বাবাই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এই সবই এভাবে মৃত্যুঝুঁকি নিয়ে আমেরিকায় পাড়ি জমানোর প্রবণতায় বড় ভূমিকা রাখছে।’
অবশ্য গ্র্যান্ড রিও নদীতে ভেসে আসা দুই তরুণ মাইনুল হাসান হৃদয় ও শাহাদাত হোসেন নাঈমের সীমান্ত পাড়ি দিয়ে আমেরিকায় প্রবেশের চেষ্টার পেছনে কি কারণ সেটা স্পষ্ট করে জানা যায়নি। ব্রুকলিনের জানাজায় এসেছিলেন নাঈমের চাচা মামুনুর রশীদ, যিনি কানেকটিকাটে থাকেন। তিনি বলেন, ‘আমি তার দেশ ছেড়ে আসার আগ্রহের কথা জেনেছিলাম একবার। কিন্তু আমি তাকে কোনোভাবেই সীমান্ত পাড়ি দিয়ে মেক্সিকোর বন-জঙ্গল দিয়ে অবৈধ পথে আসতে উৎসাহ দিইনি। কিন্তু সে এই দেশে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানায়নি। আপনাদের ফোন পেয়ে আর প্রথম আলো অনলাইনে এ-বিষয়ক প্রতিবেদন দেখে আমি শনাক্ত করি যে, সে আমার ভাইয়ের ছেলে।’
এ বিষয়ে অভিবাসী সচেতনতা নিয়ে কাজ করা সাংবাদিক সোহেল মাহমুদ বলেন, ‘এমন অনেক সীমান্ত পাড়ি দেওয়া মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা কেবল এই দুই তরুণের মরদেহ খুঁজে পেয়েছি বলে তাদের সৎকার করতে পারছি। কিন্তু মেক্সিকো কিংবা গুয়াতেমালায় অনেক তরুণের অকাল মৃত্যু ঘটছে, যার খবর কিন্তু আমরা রাখি না।’
জানাজায় অংশ নেওয়া আরেক তরুণ মাহমুদুর রহমান তানিম আক্ষেপ করে বলেন, ‘এখন আমাদের এলাকার তরুণদের একটা কথা রাষ্ট্রীয়ভাবে বোঝানো দরকার। সেটা হলো “জীবিকার চেয়ে জীবনের নিরাপত্তা আগে”। কারণ এভাবে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাত্রার ফল যে ভালো হয় না সব সময়, তার প্রমাণ তো এই দুই তরুণ দিয়ে গেছে। এখন দরকার সচেতনতা বাড়ানো।’
উল্লেখ্য, গত ১১ ও ১৪ মে এই দুই তরুণের পচা-গলা মরদেহ খুঁজে পাওয়া যায় রিও গ্র্যান্ড নদীতে। নিহত দুই তরুণের মরদেহের খবর জানাতে টেক্সাস সীমান্ত পুলিশের হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ডেসিস আপ অ্যান্ড রাইজিং (ড্রাম) নামের একটি বেসরকারি সংস্থার বাংলাদেশি সংগঠক কাজী ফৌজিয়ার সঙ্গে যোগাযোগ করে। সেই মেইলের সূত্র ধরে প্রথম আলো উত্তর আমেরিকা নিহত দুজনের একজনের পরিচয় খুঁজে বের করে অনলাইন প্রতিবেদনের মাধ্যমে অন্যজনের খোঁজ চায়। পরে ড্রাম-এর কর্মী সোহেল মাহমুদের চেষ্টায় খুঁজে পাওয়া যায় আরেক তরুণের স্বজনকে। পরে দালালদের তরফে পাওয়া ছবিতে দেখা যায়, একসঙ্গে বাংলাদেশি চার যুবককে দেখা যায়, যারা সীমান্ত পাড়ি দিতে যাত্রা করেছিল। দুজনের মরদেহ পাওয়া গেলেও, বাকি দুজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে নিহত নাঈম ও হৃদয়ের মৃত্যু নদীতে সাঁতার কাটতে গিয়ে নাকি পুলিশের গুলি বা অন্য কোনো কারণে হয়েছে, তাও এখনো জানা যায়নি।