কেনিয়ায় আজ ব্যস্ত সময় কাটাবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হোটেলে শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত নৈশভোজে অংশ নেন বারাক ওবামা। ছবি: রয়টার্স
কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হোটেলে শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত নৈশভোজে অংশ নেন বারাক ওবামা। ছবি: রয়টার্স

কেনিয়ায় আজ শনিবার ব্যস্ত সময় কাটাবেন সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি একটি আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনে যোগ দেবেন। কেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে করবেন দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ, সন্ত্রাসবিরোধী অভিযান ও মানবাধিকার প্রসঙ্গ গুরুত্ব পাবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার কেনিয়ায় ঐতিহাসিক সফর শুরু করেন ওবামা। প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম পিতৃপুরুষের দেশে তিনি।
ওবামার সফরকে কেন্দ্র করে রাজধানী নাইরোবিতে ‘শ্বাসরুদ্ধকর’ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানী নাইরোবিতে নিরাপত্তা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর অংশবিশেষে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কেনিয়ার স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় নাইরোবির বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান ‘এয়ারফোর্স ওয়ান’ অবতরণকালে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়। কাল রোববার বিকেলে কেনিয়া থেকে ওবামার ইথিওপিয়ায় যাওয়ার সময়ও একই ব্যবস্থা নেওয়া হবে।

কেনিয়ার নাইরোবির বিমানবন্দরে শুক্রবার বারাক ওবামাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এক শিশু। ছবি: রয়টার্স
কেনিয়ার নাইরোবির বিমানবন্দরে শুক্রবার বারাক ওবামাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এক শিশু। ছবি: রয়টার্স

কেনিয়ায় ওবামার নিরাপত্তার জন্য সবচেয়ে উদ্বেগের মূলে রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর সম্ভাব্য হামলার আশঙ্কা।
এমন আশঙ্কার মধ্যেই আজ নাইরোবিতে একটি আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনে ভাষণ দেবেন ওবামা। ওই অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে খোদ মার্কিন দূতাবাসও উদ্বিগ্ন। পরে ওবামা সেদেশে মার্কিন দূতাবাসে হামলার স্মৃতিস্থান পরিদর্শনে যাবেন। ১৯৯৮ সালের ওই হামলায় দুই শতাধিক মানুষ নিহত হন। হামলার জন্য আল-কায়েদাকে সন্দেহ করা হয়।
এরপর কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ওবামা। বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী তৎপরতার প্রসঙ্গ। এ ছাড়া আলোচিত হতে পারে মানবাধিকার, গণতন্ত্র, বাণিজ্য-বিনিয়োগ প্রভৃতি বিষয়।
কাল কেনিয়ার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও ওবামার বৈঠক হওয়ার কথা।
কেনিয়া এলেও এই সফরে ওবামা তাঁর বাবার সমাধিতে যাওয়ার কোনো সময়সূচি রাখেননি।