কেনেডি স্পেস সেন্টারে শক্তিশালী বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি মহাকাশ কেন্দ্রে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণে কয়েক মাইল দূরের ভবনও কেঁপে ওঠে।

তবে তাৎ​ক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কি না, তা–ও নিশ্চিত হওয়া যায়নি। অ্যারোস্পেস কোম্পানি স্পেসএক্স রকেট ছোড়ার প্রস্তুতি নেওয়ার সময় ওই বিস্ফোরণ ​ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিস্ফোরণের পর অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যায়। কেঁপে ওঠে কয়েক মাইল দূরের ভবনও। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, স্পেসএক্স এই সপ্তাহান্তে একটি রকেট ছোড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা এ ঘটনাকে রকেট ছোড়ার প্রস্তুতির সময় ‘সর্বনাশা ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তবে টুইট বার্তায় ব্রেভার্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কার্যালয় বলেছে, এই বিস্ফোরণ জনজীবনের ​জন্য হুমকির মতো কোনো ঘটনা নয়।