কেনেডি হত্যার আগে অজ্ঞাত ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন এফ কেনেডি
জন এফ কেনেডি

১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে হত্যা করা হয় ৪৬ বছর বয়সী প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে। সেদিনের ওই ঘটনার ঠিক ২৫ মিনিট আগে যুক্তরাজ্যের স্থানীয় একটি সংবাদপত্রে অজ্ঞাতনামা একটি টেলিফোন আসে। এতে যুক্তরাষ্ট্রে ‘বড় ঘটনার’ ইঙ্গিত দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট কিছু নথি থেকে এসব তথ্য জানা গেছে। গোপন রাখার ২৫ বছরের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ২ হাজার ৮০০ নথি প্রকাশ করেন। তবে জাতীয় নিরাপত্তার কথা বলে কিছু নথির প্রকাশ পর্যালোচনার জন্য ছয় মাস স্থগিত রেখেছেন তিনি। এসব নথি থেকে আরও জানা গেছে, কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে হত্যার ষড়যন্ত্র করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভের তথ্যমতে, কেনেডি হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট ৮৮ শতাংশ নথি এরই মধ্যে উন্মুক্ত রয়েছে। এবার প্রকাশ করা হলো ১১ শতাংশ নথি।

কেমব্রিজ নিউজে অজ্ঞাত ফোন

১৯৬৩ সালের ২৬ নভেম্বরের একটি নথি থেকে জানা গেছে, যুক্তরাজ্যের কেমব্রিজের স্থানীয় সংবাদপত্র কেমব্রিজ নিউজে ওই বছরের ২২ নভেম্বর গ্রিনিচ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে একটি টেলিফোন আসে। ওই টেলিফোনে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি কেমব্রিজ নিউজের প্রতিবেদককে লন্ডনে মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে বলেন।

নথি থেকে জানা যায়, তৎকালীন এফবিআইয়ের উপপ্রধান জেমস আংলেটন এফবিআইয়ের প্রধান জে এডগার হুভারকে বলেছিলেন, ব্রিটিশ সিক্রেট সার্ভিস (এমআই-ফাইভ) তাঁকে জানিয়েছে, ফোন কলটি পেয়েছিলেন কেমব্রিজ নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক। এমআই-ফাইভই বলেছিল, প্রেসিডেন্টকে হত্যার ২৫ মিনিট আগে ওই টেলিফোনটি পায় কেমব্রিজ নিউজ।

অসওয়াল্ডের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে এফবিআই

১৯৬৩ সালের ২৪ নভেম্বরের একটি নথি থেকে জানা গেছে, কেনেডির হত্যাকারী লি হারভি অসওয়াল্ডের হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশকে সতর্ক করেছিল এফবিআই। এই তদন্ত সংস্থার তৎকালীন প্রধান এডগার হুভার বলেন, জ্যাক রুবির হাতে অসওয়াল্ড নিহত হওয়ার আগের রাতে এফবিআইয়ের ডালাস কার্যালয়ে এক ব্যক্তির টেলিফোন আসে। ‘শান্ত কণ্ঠে’ ওই ব্যক্তি জানান, অসওয়াল্ডকে হত্যা করতে গঠিত কমিটির সদস্য তিনি। এর পরপরই ডালাসের পুলিশপ্রধানকে সতর্ক করে এফবিআই। পরদিন এক কারাগার থেকে অন্য কারাগারে নেওয়ার সময় জ্যাক রুবির হাতে নিহত হন অসওয়াল্ড।

অসওয়াল্ডের কিউবা-সোভিয়েত ইউনিয়ন সংশ্লিষ্টতা

এফবিআইয়ের তৎকালীন প্রধান হুভার সে সময় দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সেনা অসওয়াল্ডের সঙ্গে কিউবা ও সোভিয়েত ইউনিয়নের যোগাযোগ থাকতে পারে।

সিআইয়ের এক নথি থেকে জানা গেছে, মেক্সিকোর মেক্সিকো সিটিতে গিয়েছিলেন অসওয়াল্ড। তিনি সেখানে কিউবার দূতাবাসে টেলিফোন করেছিলেন। রুশ দূতাবাসেও ভিসা চেয়ে চিঠি দিয়েছিলেন। হুভারই এসব তথ্য জানিয়েছিলেন।

ওয়ারেন কমিশন

কেনেডি হত্যাকাণ্ডের পর এ ঘটনা তদন্তে প্রেসিডেন্ট লিনডন বি জনসন নির্বাহী আদেশ জারি করে ১৯৬৩ সালের ২৯ নভেম্বর একটি কমিশন গঠন করেন। ‘প্রেসিডেন্ট’স কমিশন অন অ্যাসাসিনেশন অব প্রেসিডেন্ট কেনেডি’ নামের এই কমিশন ওয়ারেন কমিশন নামেও পরিচিত। এই কমিশন জানায়, অসওয়াল্ড আসলে একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন। তাঁর সঙ্গে কারও সংশ্লিষ্টতা ছিল না।

লিনডন জনসন ছিলেন জন এফ কেনেডির প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট। কেনেডি নিহত হওয়ার দুই ঘণ্টার মধ্যে শপথ নিয়ে তিনি শূন্যস্থান পূরণ করেন।

তৎকালীন সোভিয়েত ইউনিয়নে আতঙ্ক

একটি নথি থেকে জানা গেছে, কেনেডি হত্যাকাণ্ডের পর সোভিয়েত কর্মকর্তারা যুদ্ধের আশঙ্কা করছিলেন। তাঁরা মনে করেছিলেন, যুক্তরাষ্ট্রের ‘দায়িত্বজ্ঞানহীন’ সামরিক কর্মকর্তারা হয়তো সোভিয়েত ইউনিয়নকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারেন।

কেনেডি হত্যাকে যুক্তরাষ্ট্রে একটি ডানপন্থীদের সংঘবদ্ধ অভ্যুত্থান মনে করেছিলেন সোভিয়েত কর্মকর্তারা। এর পেছনে কেনেডির উত্তরসূরি লিনডন জনসনের হাত থাকতে পারে বলেও সন্দেহ করেছিলেন তাঁরা।