কেনেডি হত্যার গোপন নথি প্রকাশ করবেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর ওয়াশিংটনে নিউজিয়ামে এক প্রদর্শনীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির গুপ্তহত্যার পর সেই সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরগুলো তুলে ধরা হয়। ছবি: এএফপি
২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর ওয়াশিংটনে নিউজিয়ামে এক প্রদর্শনীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির গুপ্তহত্যার পর সেই সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরগুলো তুলে ধরা হয়। ছবি: এএফপি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যা-বিষয়ক অতি গোপনীয় নথি প্রকাশের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার এক টুইটার পোস্টে তিনি এ কথা জানান।
১৯৬৩ সালে টেক্সাসের ডালাসে গুপ্তঘাতকের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি। ১৯৯২ সালে তৎকালীন মার্কিন কংগ্রেস আগামী ২৫ বছরের মধ্যে এ সম্পর্কিত সব নথি প্রকাশের নির্দেশনা দেয়। কংগ্রেসের ওই নির্দেশনায় বলা হয়, এ সময়ের মধ্যে এসব নথি প্রকাশ না করা হলে এ জন্য উপযুক্ত কারণ দর্শাতে হবে। জাতীয় নিরাপত্তার ক্ষতি হওয়ার আশঙ্কা ছাড়া অন্য কোনো কারণ এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বলেও সে সময় উল্লেখ করা হয়। এ হিসাবে ২৬ অক্টোবর এই ২৫ বছর মেয়াদ শেষ হচ্ছে। একমাত্র প্রেসিডেন্টই এ নথির ‘গোপনীয়’ অভিধাটির মেয়াদ আরও বাড়াতে পারেন। না হলে তা আমেরিকার জাতীয় আর্কাইভে উন্মুক্ত হবে। আর প্রেসিডেন্ট ট্রাম্প এতে বাধা দেওয়ার মতো কোনো পদক্ষেপ নেবেন না বলেই তাঁর টুইটার পোস্টে জানিয়েছেন।
১৯৯২ সালে কংগ্রেসের ওই নির্দেশনার পর এরই মধ্যে জাতীয় আর্কাইভ কর্তৃপক্ষ এ সম্পর্কিত অনেকগুলো নথি প্রকাশ করেছে। কিন্তু এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি অপ্রকাশিত রয়ে গেছে। আর এটিই ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে।
ট্রাম্প তাঁর টুইটার পোস্টে লেখেন, ‘আরও তথ্য উন্মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে। প্রেসিডেন্ট হিসেবে আমি জন এফ কেনেডি সম্পর্কিত নথি প্রকাশের অনুমোদন দিতে যাচ্ছি, যা দীর্ঘদিন ধরে গোপনীয় হিসেবে রুদ্ধ ছিল।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় আর্কাইভে এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি নথি প্রকাশ হয়েছে। আর গোপনীয় অভিধায় অপ্রকাশিত রয়েছে আরও ৩ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ নথি। গোপনীয় এসব নথির মধ্যে প্রকাশ হওয়া নথিগুলোর অধিকাংশই সম্পাদিত। ফলে জন এফ কেনেডি সম্পর্কিত নথিগুলো সম্পাদনা করেই প্রকাশ করা হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
জন এফ কেনেডিকে হত্যা করেছিলেন মেক্সিকো বংশোদ্ভূত মার্কিন মেরিন কর্মকর্তা লি হারভে ওসওয়াল্ড। প্রকাশের অপেক্ষায় থাকা নথিগুলো তাঁর সম্পর্কে আরও বিস্তারিত কিছু সামনে নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে কেনেডি হত্যার কার্যকারণ বা এ সম্পর্কিত তেমন কোনো বড় তথ্য এতে না থাকার সম্ভাবনাই বেশি বলে মন্তব্য করা হয়েছে ও বিষয়ক ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে।
প্রসঙ্গত, হত্যার পরপরই ডালাস থেকে লি হারভেকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রেসিডেন্টকে হত্যার দায়ে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে নিজেকে ‘প্রতারিত’ একজন হিসেবে আখ্যা দিয়েছিলেন। দুই দিন পর পুলিশ প্রহরায় থাকাকালেই তিনি নাইটক্লাব মালিক জ্যাক রুবির গুলিতে নিহত হন। আর এ হত্যার মধ্য দিয়েই কেনেডি হত্যার ঘটনা আমেরিকার ইতিহাসের সবচেয়ে রহস্যজনক ঘটনায় পরিণত হয়। সামনে চলে আসে একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব।
এ বিষয়ে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফল পলিটিকসের পরিচালক ল্যারি স্যাবাটো বিবিসিকে বলেন, ‘সত্য জানার অধিকার আমেরিকানদের রয়েছে। নিদেনপক্ষে এত বছর ধরে তাদের কাছ থেকে কী লুকিয়ে রাখা হয়েছে, তা জানার অধিকার তাদের রয়েছে।’