ট্রাম্পের মিথ্যাচারের ফিরিস্তি প্রকাশ করল নিউইয়র্ক টাইমস
কেবল বিদেশ সফর ও গলফ খেলাকালে মিথ্যা বলেননি

প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচারের নাতিদীর্ঘ ফিরিস্তি প্রকাশ করেছে। ২৩ জুন ‘ট্রাম্পের মিথ্যাচার’ শিরোনামে প্রকাশিত মতামতে বলা হয়েছে, আমেরিকার বহু মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের মিথ্যাচারের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। কিন্তু একটি দেশ এ ধরনের মিথ্যাচারকে অনুমোদন দিয়ে অনুভূতিহীন হয়ে পড়তে পারে না।
শপথ নেওয়ার পর ২১ জানুয়ারি থেকে ২১ জুনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জনসমক্ষে যেসব মিথ্যাচার করেছেন, নিউইয়র্ক টাইমস তাদের মতামত কলামে সেগুলোর প্রায় প্রতিটিই তালিকাভুক্ত করেছে। তাতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক উত্থান মিথ্যাচার (বারাক ওবামার জন্মস্থান প্রসঙ্গে) দিয়ে শুরু হয়। অতীতে আমেরিকার কোনো প্রেসিডেন্টের এত বেশি সময় অসত্য কথা বলার নজির নেই। সব প্রেসিডেন্টই সত্যকে আবৃত করেছেন কিংবা মাঝে মাঝে অসত্য বলেছেন। কিন্তু কোনো প্রেসিডেন্টই এমন আচরণ করেননি, যেমনটি ট্রাম্প করছেন।
নিউইয়র্ক টাইমস বলেছে, ‘আমরা বিশ্বাস করি, ট্রাম্প ব্যবসায়ী ও রাজনীতিক হিসেবে তাঁর উদ্দেশ্য সাধনের জন্য মিথ্যা বলাকে রীতি হিসেবে ব্যবহার করছেন। তাই বলা যায়, এসব বক্তৃতা-বিবৃতি কোনোভাবেই অজ্ঞানতাপ্রসূত ভুল নয়। সাধারণ নিয়মে সর্বোচ্চ এটা মনে করা যেতে পারে যে তিনি নির্দোষ ভুল করছেন। তাঁর প্রতিটি মিথ্যা উদ্দেশ্যমূলক নয়। কিন্তু বাস্তবতা হলো, তিনি মিথ্যা বলেন।’
পত্রিকাটি ট্রাম্পের প্রমাণযোগ্য মিথ্যা বক্তব্যের রক্ষণাত্মক মান নির্ধারণ করেছে। মতামতে তারা বলেছে, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের প্রথম ৪০ দিনে প্রতিদিনই জনসমক্ষে মিথ্যা বলেছেন। তিনি বিবৃতিতে অতিরঞ্জন ঘটিয়ে (মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয়ের) জনমনে বিভ্রান্তি ছড়িয়েছেন। ১ মার্চ পর্যন্ত তাঁর অসত্য বলার এ ধারা বন্ধ হয়নি। এরপর ১১৩ দিনে তিনি কমপক্ষে ৭৪ বার অসত্য বলেছেন। যেসব দিন তিনি অসত্য বক্তব্য থেকে বিরত ছিলেন, সেই সব দিনে হয়তো তিনি তাঁর টুইটারে অনুপস্থিত ছিলেন, কিংবা ছুটিতে, না হয় গলফ খেলায় ব্যস্ত ছিলেন।
মে মাসের শেষের দিকের সময়টায় ট্রাম্প তুলনামূলকভাবে সত্যনিষ্ঠ ছিলেন। এ সময় তিনি রাশিয়াসংক্রান্ত অভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপ সফরে ছিলেন। তিনি মাঝে মাঝে তার অসত্য বক্তব্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। যেমন নির্বাচনী প্রচারে তিনি চীনের সমালোচনায় সরব ছিলেন। এখন সুর পরিবর্তন করে বলছেন, চীন তার বাজে আচরণ বন্ধ করেছে।
পত্রিকাটি আরও বলেছে, ট্রাম্পের প্রতি এখনো তার অধিকাংশ ভোটারের এবং রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেসের সমর্থন অব্যাহত আছে। কিন্তু তা সত্ত্বেও তার মিথ্যাচারের জন্য তাকে কিছু মূল্য দিতে হচ্ছে। বর্তমান প্রায় ৬০ শতাংশ আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট সৎ নন।