কোটাপদ্ধতির প্রস্তাব স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত নিউইয়র্ক নগরের বিশেষায়িত হাইস্কুলে ভর্তিতে এসএইচএসএটি পরীক্ষা পদ্ধতিই বহাল থাকছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার স্পিকার কার্ল হিস্টি ৭ জুন এই ঘোষণা দিয়েছেন।
এ সম্পর্কিত এক বিবৃতিতে কার্ল হিস্টি জানান, বিশেষায়িত হাইস্কুলে ভর্তি পরীক্ষা পদ্ধতি-সংক্রান্ত মেয়রের প্রস্তাব এক বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিশেষায়িত হাইস্কুলে বর্তমান ভর্তি পরীক্ষা পদ্ধতিই বহাল থাকছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের কাছ থেকে আসা এই ঘোষণায় এশীয়-আমেরিকান পরিবারগুলো কিছুটা স্বস্তির শ্বাস ফেলেছে। তবে উদ্বেগ পুরোপুরি কাটেনি। এ নিয়ে

সমাজের বিভিন্ন স্তরে চলছে আলোচনা। এমনকি রাজনৈতিক অঙ্গনেও এক পক্ষ আরেক পক্ষকে কোণঠাসা করার চেষ্টা করছে। এ বিষয়ে মেয়র বিল ডি ব্লাজিও ও গভর্নর অ্যান্ড্রু কুমোর মধ্যকার দ্বন্দ্ব এখন প্রকাশ্য। এই দ্বন্দ্বে মেধাবীরা যেন বঞ্চিত না হয়, সেই দাবিতে মাঠে আন্দোলন ও জনমত তৈরির চেষ্টা করছেন উদ্বিগ্ন অভিভাবকেরা।
‘ভর্তি পরীক্ষায় সমস্যা নেই, সমস্যা অন্যখানে’, ‘জনবৈচিত্র্যকে সমর্থন করুন, মেধাকে সহায়তা করুন’— এ ধরনের ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে হাজারো এশীয়-আমেরিকান পরিবার ও শিক্ষার্থী মেয়র কার্যালয় সিটি হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে ১০ জুন। বিক্ষোভ থেকে নগরীর আটটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবি তোলা হয়।
যে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধিতে ডি ব্লাজিও কোটা প্রথার প্রস্তাব করেছেন, তাদের প্রতিনিধিদের অনেকেও এর মধ্যে সমাধান দেখতে পাচ্ছেন না। নিউইয়র্কের স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিকান-আমেরিকানদের সংগঠন ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কের প্রেসিডেন্ট কারস্টেন জন ফয় বলেছেন, ‘আফ্রিকান-আমেরিকান পরিবারের সন্তানেরা নিউইয়র্কে উচ্চশিক্ষায় পিছিয়ে আছে; সেটা ঠিক। তবে সমস্যার সমাধান আছে উচ্চমানের শিক্ষার সুযোগ বৃদ্ধিতে; স্বল্প আসনে তীব্র প্রতিযোগিতাতে নয়। মনে হচ্ছ ছোট একটা পাইপে ঢুকে পড়ার জন্য এক কমিউনিটি অন্য কমিউনিটির সঙ্গে যুদ্ধ করছে। সমস্যাটা এখানেই। পাইপের আকার বড় করলে, আরও অনেক মানুষের সেখানে প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। অর্থাৎ শিক্ষাব্যবস্থার সংস্কার লাগবে, সুযোগের সম্প্রসারণ লাগবে। অল্প আসনের সুযোগ নিতে অন্তর্দ্বন্দ্ব বাড়ানোর মধ্যে এর সমাধান নেই।’
অবশ্য মানবাধিকার ও সমানাধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো এক বাক্যে স্বীকার করছে যে, উচ্চশিক্ষায় প্রবেশে আফ্রিকান-আমেরিকান পরিবারের সন্তানেরা পিছিয়ে যাচ্ছে। বিশেষায়িত স্কুলগুলোতে ঢুকলে শ্বেতাঙ্গ ও এশীয় শিক্ষার্থীদেরই দেখা মেলে। বিপরীতে নিউইয়র্কের মূল জনগোষ্ঠী ল্যাটিনো ও আফ্রিকান শিক্ষার্থীদের দেখা মেলে কমই। জনসংখ্যার হিসাবে নিউইয়র্কের ৪৬ শতাংশ হয় ল্যাটিনো, নয় তো আফ্রিকান হলেও এসব স্কুলে তাদের উপস্থিতি ১০ শতাংশেরও নিচে। আর সবচেয়ে জনপ্রিয় স্টাইভস্টান স্কুলে এই হার মাত্র ৪ শতাংশ। এ কারণেই সমতা ও জনবৈচিত্র্য নিশ্চিত করতে বিশেষায়িত স্কুলের চলমান ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কার এবং আফ্রিকান ও ল্যাটিনো শিক্ষার্থীদের জন্য কোটা পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব করেছেন মেয়র ব্লাজিও।
চকবিটে প্রকাশিত নিজের নিবন্ধে ব্লাজিও বিশেষায়িত স্কুলে ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন। তিনি এসব স্কুলে ভর্তির মূল ভিত্তি এসএইচএসএটি পরীক্ষা পদ্ধতি রদ করে মিডল স্কুলের ক্লাস র‌্যাংককে (অবস্থান) ভর্তির যোগ্যতা হিসেবে বিবেচনার নতুন পদ্ধতি ঘোষণা করেন ৩ জুন। ওই দিন ডি ব্লাজিও ও নগরের স্কুল চ্যান্সেলর রিচার্ড কারাঞ্জা ইস্ট নিউইয়র্কে একটি স্কুলে এ ঘোষণা দেন। এতে পিছিয়ে পড়া ও দরিদ্র কমিউনিটিকে সমান সুযোগ দেওয়ার লক্ষ্যে বিশেষায়িত হাইস্কুলে ভর্তির জন্য মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল করে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো কমিউনিটিকে কোটার ভিত্তিতে এবং অন্যদের ক্লাসের পারফরম্যান্স বিবেচনা করে ভর্তি করা হবে। এ ছাড়া কোটার ভিত্তিতে প্রাইভেট ও ক্যাথলিক স্কুলের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে। এই ঘোষণা আগামী বছর থেকেই কার্যকরের কথাও তাঁরা জানান।
এই ঘোষণার সঙ্গে সঙ্গে সিটিজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। পরদিন থেকেই সিটি হলসহ বিভিন্ন স্থানে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ। প্রতিবাদকারীদের পাশে দাঁড়ান কংগ্রেস সদস্য গ্রেস মেং ও পিটার কু, অ্যাসেম্বলিম্যান রন কিম ও ডেভিড ওয়েপ্রিনসহ আরও অনেকে। পরে ৬ জুন নিউইয়র্ক অঙ্গরাজ্য আইনসভার শিক্ষা কমিটি তড়িঘড়ি করে ব্লাজিওর প্রস্তাবটি পাস করে। ফলে প্রতিবাদ আরও তীব্র হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে নগরীর সর্বত্র। অবশেষে ৭ জুন বিক্ষোভের মুখে নিউইয়র্ক অঙ্গরাজ্য আইনসভার স্পিকার কার্ল হিস্টি এক বছরের জন্য মেয়রের এই সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেন।