কোনো মতে উতরে গেলেন টিলারসন

মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে মাত্র ১ ভোটের ব্যবধানে উতরে গেলেন ট্রাম্প মনোনীত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে দৃঢ় অবস্থানে ছিলেন কমিটির ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। এখন পূর্ণ সিনেটে পরবর্তী ভোটাভুটি হবে। তবে সেখানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ।
সিনেট কমিটির গত সোমবারের ভোটাভুটিতে ডেমোক্র্যাট ১০ জন সিনেটরই ভোট দিয়েছেন রেক্স টিলারসনের বিরুদ্ধে। অন্যদিকে রিপাবলিকান ১১ জন সদস্যই ভোট দিয়েছেন টিলারসনের পক্ষে। ফলে ১ ভোটে উতরে যান তিনি।
রিপাবলিকান সিনেটর মার্ক রুবিও শুরুতে টিলারসনের মনোনয়নের বিরোধিতা করেন। কিন্তু শেষ মুহূর্তে বিরোধিতা প্রত্যাহার করে নেওয়ায় তাঁর উতরে যাওয়া সহজ হয়।
সিনেট কমিটির শুনানিতেও যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিবন্ধনের বিষয়টি উড়িয়ে দেননি পেশায় তেল ব্যবসায়ী রেক্স টিলারসন। তবে মুসলিমদের প্রবেশে ঢালাওভাবে নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে বলে আবারও জানান তিনি।
এ ছাড়া সিনেট গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান পদে ট্রাম্প মনোনীত মাইক পম্পেকে অনুমোদন দিয়েছে। পম্পের পক্ষে ৬৬টি এবং বিপক্ষে ৩২টি ভোট পড়েছে। এ পর্যন্ত সিনেটের অনুমোদন পাওয়া ট্রাম্প প্রশাসনের তৃতীয় সদস্য হচ্ছেন মাইক পম্পে।
সিএনএন জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত অজিত পাইকে ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। ইন্টারনেট, গণমাধ্যম প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া এবং একীভূত হওয়ার মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করে এফসিসি। গণমাধ্যমের ওপর বরাবরই খেপে আছেন ট্রাম্প। সুতরাং গণমাধ্যম ও ইন্টারনেট নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠানটি ট্রাম্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এদিকে যুক্তরাষ্ট্রের কমেডি লেখক ও জনপ্রিয় টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এর চিত্রনাট্যকার কেটি রিচকে ওই অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে। ট্রাম্পের সন্তান ব্যারন ট্রাম্পকে নিয়ে ‘বিদ্রূপাত্মক’ টুইট করায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার এক টুইট বার্তায় কেটি রিচ বলেছিলেন, ‘ব্যারন হয়তো যুক্তরাষ্ট্রের প্রথম হোম-স্কুল শুটার হবেন।’ পরে অবশ্য সমালোচনার জেরে তিনি টুইটটি মুছে ফেলেন এবং সোমবার আরেক টুইট বার্তায় এ জন্য ক্ষমাপ্রার্থনা করেন।