কোনোমতে উতরে গেলেন বিতর্কিত বেটসি ডেভোস
স্বয়ং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ভোটে শিক্ষামন্ত্রী পদে নিয়োগ নিশ্চিত হলো বেটসি ডেভোসের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ডেভোসের পক্ষে-বিপক্ষে সিনেটে সমান (৫০টি করে) সমর্থন পড়েছিল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মন্ত্রিসভার কোনো সদস্যের নিয়োগ নিশ্চিত করতে ভাইস প্রেসিডেন্টের মধ্যস্থতার ঘটনা এটিই প্রথম।
সিনেট নিয়োগ নিশ্চিত করার পর বেটসি ডেভোস গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার কোনো অভিজ্ঞতা ডেভোসের নেই। ৫৯ বছর বয়সী এই নারী একজন ধনকুবের এবং রিপাবলিকান পার্টির চাঁদাদাতা সিনেটের আইনপ্রণেতারা ডেভোসের নিয়োগ নিয়ে দীর্ঘ ২৪ ঘণ্টা বিতর্কে অংশ নেন। ডেভোসের পক্ষে কোনো ডেমোক্র্যাট সিনেটর ভোট দেননি। রিপাবলিকান দুই আইনপ্রণেতা তাঁর নিয়োগের বিরোধিতা করেছেন। ডেমোক্রেটিক দলের সিনেটরদের আশা ছিল, রিপাবলিকান পার্টির আরও বেশি সিনেটর হয়তো তাঁদের পাশে থাকবেন। কিন্তু দীর্ঘ আলোচনার পরও তা হয়নি।