কোবানি শহরে মার্কিন জোটের হামলা জোরদার
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ার কোবানি শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অবস্থানের ওপর বিমান হামলা জোরদার করেছে। গত দুই দিনে সেখানে ২১ বার বিমান হামলা চালানো হয়েছে। এর ফলে আইএসের অগ্রগতি হ্রাস পেয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবারের বিমান হামলায় আইএসের বিভিন্ন ভবন এবং সামরিক যানবাহন ধ্বংস হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কোবানির পরিস্থিতি এখনো অস্থিতিশীল। আইএস নতুন এলাকা দখলের চেষ্টা করছে। অন্যদিকে, কুর্দি যোদ্ধারাও তাঁদের অবস্থান শক্তভাবে ধরে রেখেছে।
একজন কুর্দি সাংবাদিক বলেন, সেদিন বিকেলের দিকে আইএস তাদের গোলা হামলা জোরদার করে।
এদিকে ইরাক ও সিরিয়ার এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই দীর্ঘমেয়াদি হতে পারে বলে আবারও ভবিষ্যদ্বাণী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনে আইএসবিরোধী জোটের ২২ দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ওবামা এ কথা বলেন। তিনি বলেন, ‘এটা এমন অভিযান যেখানে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সারা বিশ্ব যুক্ত।’
কোবানি শহরে এক মাস ধরে আইএস জঙ্গিদের সঙ্গে কুর্দি যোদ্ধাদের লড়াই চলছে। দুই সপ্তাহ ধরে কুর্দি যোদ্ধাদের সহায়তায় আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও জোটের মিত্ররা। আইএসের দাবি, তারা শহরটির অর্ধেক নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে।
কোবানির নিয়ন্ত্রণ নিতে পারলে সীমান্তের বিস্তৃত অঞ্চল আইএসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। শহরটির প্রায় এক লাখ ৬০ হাজার অধিবাসী তুরস্কে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।