কোবানির পরিস্থিতি এখনো বিপজ্জনক: চাক হেগেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর কোবানির পরিস্থিতি ‘এখনো বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। তবে শহরটির ওপর হামলারত ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলায় পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
কুর্দি-অধ্যুষিত কোবানিতে আইএসের সঙ্গে কুর্দি যোদ্ধাদের পথেঘাটে লড়াই চলছে। শক্তি বৃদ্ধির জন্য প্রতিবেশী তুরস্কের কাছে চলাচলের ‘করিডর’ চেয়েছে কুর্দি বাহিনী। লড়াইয়ে যোগ দিতে কয়েক হাজার কুর্দি যোদ্ধাও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তারা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগেল চিলি সফরে গিয়ে গত শনিবার বলেন, আইএসকে প্রতিহত করতে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা চলছে। তবে পরিস্থিতি এখনো বিপজ্জনক। তিনি বলেন, ‘আইএসকে পিছু হটিয়ে দিতে যা করণীয়, তাই করছি আমরা। বিমান হামলার মাধ্যমে ওই এলাকার পরিস্থিতির কিছুটা উন্নতি করাও সম্ভব হয়েছে।’
কোবানিতে আইএসের জঙ্গিদের সঙ্গে কুর্দি যোদ্ধাদের প্রায় এক মাস ধরে চলা লড়াইয়ে ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। শহরটির পতন হলে কট্টর সুন্নি ওই জঙ্গিরা সেখানে হত্যাযজ্ঞ চালাতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
কোবানিতে আইএসের বিরুদ্ধে স্থল অভিযানের বিষয়ে হেগেল বলেন, এ বিষয়ে তুরস্কের সঙ্গে মার্কিন আলোচনায় ‘বিবেচনাযোগ্য উন্নতি হয়েছে’। আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ার উদারপন্থী বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া ও সরঞ্জাম সরবরাহ করার বিষয়ে আলোচনায়ও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন হেগেল। তিনি জানান, এ বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরাক ও সিরিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত জন অ্যালেনের সঙ্গে তিনি কথা বলেছেন। অ্যালেন সিরিয়ার উদারপন্থী বাশারবিরোধী বিদ্রোহীদের প্রশিক্ষণের বিষয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুরস্ক কুর্দি যোদ্ধাদের জন্য অস্ত্র সরবরাহের ‘করিডর’ না দিলে কোবানিতে আইএসের কাছে কুর্দিদের পরাজয় অবশ্যম্ভাবী। আনবারের পুলিশপ্রধান নিহত: ইরাকের আনবার প্রদেশে এখনো শক্ত অবস্থানে আছে আইএস। গতকাল রোববার প্রদেশটিতে বোমা বিস্ফোরণে প্রাদেশিক পুলিশপ্রধান মেজর জেনারেল আহমেদ সাদাগ নিহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী রামাদির কাছেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে আনবার প্রাদেশিক পরিষদের ভাইস প্রেসিডেন্ট ফালেহ আল-ইসাবি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ‘১০ দিনের মধ্যে’ আইএসের হাতে আনবার প্রদেশের পতন ঘটতে পারে। এই আশঙ্কা থেকে তিনি ইরাকের কেন্দ্রীয় সরকারের কাছে সামরিক সহায়তা চেয়েছেন।