কো-অপ নাকি কনডোমিনিয়াম কিনবেন
আমেরিকার বড় বড় শহরে বাড়ির বিকল্প হিসেবে মানুষ কো-অপ অথবা কনডোমিনিয়াম কিনে থাকে। সাশ্রয়ী আবাসন ও রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য এ ধরনের অ্যাপার্টমেন্ট বেশ জনপ্রিয়। কো-অপ কিংবা কনডোমিনিয়াম কেনার আগে কিছু বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার, যা বিনিয়োগের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কনডোমিনিয়াম হচ্ছে বিল্ডিং কিংবা কমিউনিটিভিত্তিক এক বা একাধিক মালিকানাধীন ব্যক্তিগত আবাসন। সব মালিক সমভাবে কনডোমিনিয়ামের যাবতীয় সুবিধা ভোগ করে থাকে। প্রতিটা ইউনিটের মালিকদের সমন্বয়ে একটি মালিকপক্ষ অ্যাসোসিয়েশন কিংবা বোর্ড গঠন করা হয়, যারা কনডোমিনিয়াম পরিচালনার জন্য যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে এবং দক্ষ লোকবল নিয়োগ দেয়। ভবনের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও যাবতীয় সংস্কার বিষয়ে ওই বোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
কনডোমিনিয়াম হলো ‘রিয়েল প্রোপার্টি‘, যা বলতে আমরা বুঝে থাকি, ভবনসহ জমির ওপর অধিকার, নিয়ন্ত্রণ ও উপভোগ করা। কনডোমিনিয়ামের দাম সাধারণত কোন কো-অপ বিল্ডিংয়ের তুলনায় বেশি হয়। কনডোমিনিয়াম কেনাবেচার প্রক্রিয়া সাধারণ বাড়ি বেচাকেনার প্রক্রিয়ার মতোই। বৃদ্ধ বয়সের আবাসন হিসেবে কনডোমিনিয়াম সবার পছন্দের আবাসন। কারণ রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে ঝামেলা পোহাতে হয় না। হোম ইকুইটি বৃদ্ধির জন্য কনডোমিনিয়াম কেনা একটি চমৎকার সিদ্ধান্ত হতে পারে। অনেকে ইনভেস্টমেন্ট প্রোপার্টি হিসেবে কনডোমিনিয়াম কিনে থাকে।
কো-অপ হচ্ছে যৌথ মালিকানা ও পরিচালনায় ভবন, যার মালিকানা শেয়ার অনুপাতে নির্ধারিত হয়। অংশীদারেরা এই করপোরেশনের সদস্য ও তাদের অ্যাপার্টমেন্টে বসবাস ও যাবতীয় সুবিধাসমূহ ভোগ করার অধিকার রয়েছে। কো-অপ সাধারণত অলাভজনক প্রতিষ্ঠান, যা পরিচালনা করে বোর্ড সদস্যরা। কো-অপ কেনার জন্য যে মর্টগেজ পাবেন, তা প্রচলিত মর্টগেজ নয়, বরং শেয়ার কেনার জন্য ঋণ। বাস্তবে এটি নিয়মিত মর্টগেজের মতোই প্রক্রিয়া, কিন্তু ক্ষেত্র বিশেষে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ডাউন পেমেন্ট দিতে হবে। কো-অপ বোর্ড নির্ধারণ করে দেয় কত শতাংশ ডাউন পেমেন্ট দিতে হবে এবং অধিকাংশ ক্ষেত্রে ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয়।
মর্টগেজ দেওয়ার পাশাপাশি কো-অপে প্রয়োজনীয় মাসিক মেনটেন্যান্স ফি দিতে হয়, যার মধ্যে রক্ষণাবেক্ষণ খরচ, মেরামত, বোর্ড পরিচালনার ব্যয়, বিগত বছরগুলোর দায় এবং রিজার্ভ অন্তর্ভুক্ত থাকে। কো-অপের মাসিক ব্যয় হিসাব করতে হলে মর্টগেজের পাশাপাশি এই মাসিক কমন ফি যোগ করতে হবে। এসব ব্যয় বার্ষিক ইনকাম ট্যাক্স থেকে বাদযোগ্য খরচ।
কো-অপের সুবিধা: সুলভ মূল্য; বাড়ি কিংবা কনডোমিনিয়ামের তুলনায় কো-অপের দাম তুলনামূলকভাবে কম। কোনোরকম দায়িত্ব ব্যতীত বাড়ির ইকুইটি বানাতে কো-অপ হতে পারে চমৎকার বিনিয়োগ। অনেক ক্ষেত্রে বাসা ভাড়ার টাকা দিয়েই কো-অপের যাবতীয় ব্যয় মিটানো যায় এবং রিজার্ভ নিজের কাছে থেকে যায়। কো-অপের রক্ষণাবেক্ষণের জন্য বাড়তি কোন ঝামেলা পোহাতে হয় না। দক্ষ টেকনিশিয়ান সব রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করে। বিল্ডিংয়ের সম্মুখভাগ কিংবা লন যত্ন নেওয়ার ঝামেলা থাকে না এবং তুষারপাতের দিনে কষ্ট করে স্নো পরিষ্কার করতে হয় না।
কো-অপ অবসরকালীন বাসস্থান হিসেবে অনেকের পছন্দ; সুষ্ঠু-সুশৃঙ্খল ও নিয়ম–কানুন মেনে সবাই এখানে বসবাস করে। অনেক কো-অপে নির্দিষ্ট সময় পরে ভাড়া দেওয়া যায় এবং বোর্ডের মাধ্যমে ভাড়াটিয়া নির্ধারিত হয়। বোর্ড যথেষ্ট যত্ন-সহকারে ও সাক্ষাৎকারের মাধ্যমে ভাড়াটিয়া নির্বাচন করে; সুতরাং ভাড়াটিয়া ডিফল্ট হয় না। কোন রকম ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে আয় করা যায়। কো-অপের ক্লোজিং খরচ তুলনামূলক কম হয়।
কো-অপের অসুবিধা: কো-অপ সুলভমূল্যের আবাসন হলেও খুব সহজলভ্য নয়। কো-অপের অংশীদার হতে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করে বোর্ডের অনুমোদনের মাধ্যমে অন্তর্ভুক্ত হতে হবে। এ জন্য বিগত কয়েক বছরের ট্যাক্স রিটার্ন, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে। কো-অপ বোর্ড সাক্ষাৎকার নিয়ে নির্বাচিত করবে অথবা প্রত্যাখ্যান করবে। সান রেমো কো-অপ বোর্ড ম্যানহাটনের সেন্টার পার্ক ওয়েস্টে গায়িকা ম্যাডোনাকে ১.২ মিলিয়ন ডলারের কো-অপ ক্রয়ের আবেদন প্রত্যাখ্যান করে। তারা মনে করেছিল, ম্যাডোনা বিল্ডিং অবস্থান করলে পাপারাজ্জিসহ মিডিয়াকর্মীরা সারা দিন নজর রাখবে, এতে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা হবে না।
বিতর্ক রয়েছে, কো-অপ বোর্ড ফেয়ার হাউজিং আইন মেনে চলে কিনা? বোর্ড তাদের পছন্দমতো যে কাউকে গ্রহণ এবং যে কাউকে প্রত্যাখ্যান করতে পারে। কো-অপে আপনার ইউনিটে আপনি ইচ্ছামতো সংস্কার, পরিবর্তন কিংবা পরিবর্ধন করতে পারবেন না। সবকিছুতে বোর্ডের অনুমোদন লাগবে। বোর্ড অনুমোদন দিলে কন্ট্রাক্টর কিংবা কোম্পানি দিয়ে কাজ করাতে হবে। কো-অপের মেনটেন্যান্স ফি কনডোমিনিয়ামের তুলনায় বেশি হয়ে থাকে। কো-অপ ইউনিট ইচ্ছা করলেই আপনি যে কারও কাছে বিক্রি কিংবা ভাড়া দিতে পারবেন না, এ জন্য আপনাকে বোর্ডের অনুমোদন লাগবে এবং আপনার ইউনিট বিক্রি করলে আয়ের ওপর বোর্ডকে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হবে।
কো-অপ বোর্ডে প্রত্যাখ্যাত হওয়ার প্রধান প্রধান কারণ ও করণীয়:
অর্থনৈতিক দৈন্য: বোর্ড যদি মনে করে ক্লোজিং করার পর মর্টগেজ পেমেন্ট ও কমন ফি পরিশোধ করার মতো যথেষ্ট পরিমাণে অর্থ নেই, তাহলে প্রত্যাখ্যান করবে। আপনার আয়ের তুলনায় ব্যয় ও ঋণ বেশি হলে অনুমোদন করবে না। কনডোমিনিয়ামের ক্ষেত্রে অসম্পূর্ণ আবেদন পুনরায় করার সুযোগ পাবেন, কিন্তু কো-অপ বোর্ড বাতিল করে দেবে। কো-অপ কেনার ক্ষেত্রে পরিপূর্ণ আবেদন ও প্রয়োজনীয় অর্থনৈতিক সমর্থ অনুযায়ী বিবরণী দিতে হবে।
প্রাথমিক আবাসন হিসেবে ব্যবহার না করলে: অনেকে অবসরকালীন আবাসন কিংবা ইনভেস্টমেন্ট হিসেবে কিনতে চান। সাধারণত প্রাথমিক আবাসন হিসেবে ব্যবহার না করলে বোর্ড অনুমোদন করে না। কিনতে চাইলে প্রাথমিক আবাসন হিসেবেই আবেদন করতে হবে। অনিয়মিত কর্মসংস্থান: কো-অপ বোর্ড যদি দেখে যে বিগত বছরগুলোতে ঘন ঘন চাকরি পরিবর্তন কিংবা ব্যবসার ধরন পরিবর্তন করেছেন, তাহলে আপনাকে অস্থিতিশীল হিসেবে বিবেচনা করে অনুমোদন করবে না। স্থিতিশীল চাকরি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান আপনার আবেদনকে আকর্ষণীয় করবে।
আপনার জীবনাচরণ: আপনার চলাফেরা কথাবার্তা, জীবনাচরণে এ রকম কোন বিষয়ে যদি তারা খুঁজে পায়, যেটা বোর্ড পছন্দ করে না; তাহলে আপনাকে প্রত্যাখ্যান করবে। বোর্ড সাধারণত মার্জিত, ভদ্র ও প্রফেশনাল লোক পছন্দ করবে।
বোর্ড ইন্টারভিউ ভালো না করা: বোর্ড সদস্যরা আপনার অর্থনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে। আপনাকে দক্ষতার সঙ্গে সে সব প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার পোশাক, উত্তরের ধরন ও ব্যবহার তাদের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। ইন্টারভিউ ভালো না হলে প্রত্যাখ্যান করবে। এসব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন কো-অপ কিংবা কনডোমিনিয়াম কোনটি আপনার জন্য ক্রয় সঠিক হতে পারে।