কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলাদ মাহফিলে বিএনপি, জাসাস ও কোকো স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা
মিলাদ মাহফিলে বিএনপি, জাসাস ও কোকো স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা

এখন পদপদবি নিয়ে কোন্দলের সময় নয়। সবকিছু ভুলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিতদের দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্যথায় আরাফাত রহমান কোকোর মতোই খালেদা জিয়াকেও সরকারের রোষানলে পড়ে বিনা চিকিৎসায় কারাগারেই শেষ নিশ্বাস ত্যাগ করতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন এসব কথা বলেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেবী নাজনীন বলেন, ‘এ সময়ে আমার আহ্বান হচ্ছে, চলুন হোয়াইট হাউসে যাই, ক্যাপিটল হিলে যাই-প্রিয় নেত্রীর মুক্তির দাবি আদায়ের জন্য।’
আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং জাসাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল খান বলেছেন, ‘বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্র চলছে। এ অবস্থায় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীদের ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের স্বাধীনতা আজ হুমকির মুখে। এ অবস্থায় সবাইকে রুখে দাঁড়াতে হবে।
বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বলেন, বাংলাদেশে অপশাসন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ রয়েছে। আইনের শাসন বলতে কোনো নাম-নিশানা নেই বাংলাদেশে।
অপর বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন আকতার হোসেন বলেন, কোকোর মতো বলিষ্ঠ এক ক্রীড়া সংগঠককে ষড়যন্ত্রের বলি হতে হয়েছে বিএনপির নেতৃস্থানীয়দের অনৈক্যের কারণে। একই অবস্থা পরিলক্ষিত হচ্ছে খালেদা জিয়ার কারামুক্তির ক্ষেত্রেও। নব্বইয়ের স্বৈরাচার পতনের ন্যায় দুর্বার আন্দোলন গড়তে সীমাহীন গড়িমসি দেখতে পাচ্ছি হাই কমান্ডের বিশেষ একটি মহলে।
নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, নিউইয়র্ক তথা আমেরিকা হচ্ছে বিএনপির ঘাঁটি। এখান থেকেই আন্দোলন শুরু করতে হবে আন্তর্জাতিক অঙ্গনে নাড়া দেওয়ার অভিপ্রায়ে।’
যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন বলেন, কোকোর মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না। একইভাবে খালেদা জিয়াকেও তিলে তিলে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার।
যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ ও বিএনপি নেতা সালেহ আহমেদের যৌথ সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবু তাহের, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম এবং ফিরোজ আলম, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন এবং মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিল্টন ভূঁইয়া, সেক্রেটারি মাকসুদ এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি মোহাম্মদ সুরুজ্জামান, লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক শওকত আলী, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা, নিউইয়র্ক মহানগর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক মমতাজ জাহান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম।
শুরুতে কোকোর আত্মার মাগফিরাত এবং খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে নেতৃবৃন্দের সঙ্গে আরও ছিলেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, কমিউনিটি লিডার শাহনেওয়াজ, বিএনপির নেত্রী রাশেদা আহমেদ প্রমুখ।