কোজাগরি: দুই
(২০ বছর পর)
বাপ-বেটার সংসারে আজ নাশতা বানানোর দায়িত্বে রয়েছে পুত্র অমি। ওর বয়স এখন ২৬। সকালে পেপার পড়া প্রায় শেষ করে ফেলেছেন বাবা মনি সরকার। নাশতার অপেক্ষায়। প্রতিদিন নাশতা করে পিতা-পুত্র একসঙ্গে বের হন অফিসের উদ্দেশে। অমির অফিস গুলশানে আর মনি সরকারের পুরানা পল্টনে। দুপুরে দুজনই অফিসে লাঞ্চ সারেন। মনি সরকার সাধারণত ঘরে ফেরেন তাড়াতাড়ি। রাতের খাবার তিনিই তৈরি করে থাকেন। অমি একটি বেসরকারি নামী কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা। কোম্পানি মোটা অঙ্কের বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা যেমন দেয় তেমনি অফিসে কাজের চাপও থাকে ভীষণ।
আজ অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। মনি সরকার হাঁক ছাড়েন, ‘পেট পুড়ে যে ছাই হয়ে গেলরে অমি, নাশতাটাশতা হলো?’
নাশতা তৈরি করতে করতে অমি উত্তর দেয়, ‘এই তো এসে যাবে। একটু বসো বাবা।’ বাবার অ্যাটেনশন ভিন্ন খাতে নেওয়ার জন্য অমি বলে, ‘শোনো বাবা, আজ সকালে তোমার লেখাটা পড়লাম।’
‘পড়েছিস?’
‘হু। দারুণ লিখেছ!’
‘তাই নাকি?’ অমি দুহাতে দুটো প্লেট নিয়ে হাজির।’
‘আজ স্পেশাল ডিমভাজি করেছি। তাই দেরি হয়ে গেল। যা হয়েছে না, ডেলিশিয়াস!’
‘নিজের প্রশংসা নিজেই করছিস? আগে আমি খেয়ে দেখি।’
‘দেখো দেখো, খেয়ে দেখো।’ মনি সরকার চামচ দিয়ে মুখে নেয়। অমির মোবাইল ফোনটা বেজে ওঠে। অমি ফোন নম্বরটা একটু দেখে পাত্তা দেয় না। বলে, ‘কেমন হলো, কিছু বলছ না যে।’
মনি ইশারায় বলেন, ‘ফোন। রিংটোন বেজেই চলেছে।’
অমি বলে, ‘ও থাক। তুমি আগে বলো ডিমভাজিটা কেমন হলো?’
‘আগে ফোন ধর।’ অনিচ্ছা সত্ত্বেও বাবার আদেশে অমি ফোনটা রিসিভ করেই একনিশ্বাসে বলে, ব্যস্ত আছি পরে কথা বলব।’
‘না, কোনো ব্যস্ত নও তুমি। কথা শেষ করো আগে।’ অগত্যা ফোনটা নিয়ে বারান্দায় চলে যায় অমি। মনি হাসেন। ফিরে এসে অমি আবারও জিজ্ঞেস করে, ‘কেমন হয়েছে?’
‘ফোনটা কার?’ অমি কোনো জবাব দেয় না, ইতস্তত করে। মনি সরকার চোখ ইশারা করে জিজ্ঞেস করেন, ‘তার?’ লজ্জায় অমি মৃদু মাথা ঝাঁকায়।
‘ওকে ঘরে তুলে আনছিস না কেন আহাম্মক! তাহলে এসব অখাদ্য আর খেতে হবে না।’
‘তুমি বলছ?’
‘হ্যাঁ, আমি-ই তো বলব।’
‘তাহলে তোমাকে যে ফারাহর আব্বা-আম্মার সাথে কথা বলতে হবে!’
‘নিশ্চয়ই বলব! তুই দিন-তারিখ ঠিক কর।’
‘তার আগে তুমি ওকে একবার দেখবে না!’
‘আরে, তোর পছন্দই আমার পছন্দ। আমার ছেলের পছন্দ কি খারাপ হতে পারে।’
‘থ্যাংক ইউ বাবা।’
‘শোন।’
‘আবার কী?’
‘ডিমভাজিটা বেশ মজার হয়েছে।’
‘থ্যাংকস।’
‘ইউ আর মোস্ট ওয়েলকাম মাই বেবি।’
পরদিন অমি ফারাহকে তার বাবার সম্মতির কথা বলতেই বলল, ‘তাহলে তো সব ফাইনাল। তোমাকে আমার বার্থডে পার্টিতে দেখে বাবা-মা তো পছন্দ করেই বসে আছে। এখন আর দেরি কোরো না।’
‘নিশ্চয় করব না। তোমার বাবা-মাকে জিজ্ঞাসা করো আমরা কবে আসব।’
বিয়ের পর অমির সংসার এখন পরিপূর্ণ। অমি একটা নতুন গাড়ি কিনেছে। অফিস থেকেও আরেকটা দিয়েছে। তবুও মনি সরকার প্রতিদিন সাইকেলে চড়ে অফিসে যান। অমি বাবাকে নিষেধ করেছে এই বয়সে আর সাইকেল না চালাতে। বাসায় একটা গাড়ি তো পড়েই থাকে। কিন্তু মনি সরকার বলেন, সাইকেল চালালে স্বাস্থ্য ভালো থাকবে। সেদিন নাশতার টেবিলে বাবাকে বলল, ‘বাবা এই বয়সে তোমার চাকরির কী দরকার? চাকরিটা এখন ছেড়ে দাও না।’
‘চাকরি তো আমি পয়সার জন্য করি না রে বোকা। প্রতিদিন অফিসে যাওয়া, এটা আমার অভ্যাস।’
‘তুমি তো গাড়িতেও চড়ো না। রাস্তাঘাটের যা অবস্থা। কখন যে অ্যাক্সিডেন্ট করে বসো।’
‘জানিস, কিছু কিছু অভ্যাস আছে যা মানুষকে বাঁচিয়ে রাখে।’
কিন্তু বাবা, ‘তোমার বয়সটাও তো বিবেচনা করবে।’
‘জানিস, ওটা ছেড়ে দিলেই বরং আমি বুড়ো হয়ে যাব আমার কাছেই, রিটায়ার্ড করব জীবন থেকে।’ আবেগপ্রবণ বাবার সঙ্গে অমি আর কথা বাড়ায় না।
কিছুদিন হলো অমি অভিজাত এলাকায় নতুন ফ্ল্যাট কিনেছে। নতুন ফ্ল্যাটে উঠে তাঁর স্ত্রী ফারাহ নতুন সংসার গোছাতে রাতদিন ব্যস্ত। সুন্দর দামি দামি ফার্নিচারে বেশ পরিপাটি করে গুছিয়েছে ফ্ল্যাটটি। সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া! নতুন ঝকঝকে! কিন্তু কেবল মনি সরকারের বসার চেয়ারটা খুবই পুরোনো, বড্ড সেকেলে। চেয়ারটা মনি সরকারের শোবার ঘরের জানালার পাশে রাখা আছে। বাইরে থেকে এসে প্রতিদিন চেয়ারে বসে বিশ্রাম করেন। সকালে পেপার পড়া কিংবা নতুন লেখার কোনো ভাবনায় এখানেই তিনি ঘণ্টার পর ঘণ্টা সময় পার করে দেন। তাঁর বর্তমান নিঃসঙ্গ গৃহকোণে চেয়ারটাই কেবল পুরোনো সঙ্গী। এটা তাঁর মৃত স্ত্রী পলির দেওয়া উপহার। এটা ঘিরে রয়েছে বহু সুখ-দুঃখের কাহিনি ও স্মৃতি। যদিও এ রুমে কেউ তেমন ঢোকে না। তবুও ঘরবাড়ি গোছগাছ করতে করতে ফারাহ দেখল এত সব আধুনিক নতুন ফার্নিচারের পাশে এ চেয়ারটা বড়ই বেমানান লাগছে। ফারাহ কোথায় রাখবে এ জঞ্জাল! অমিকে কথাটা বলতেই বলল, ‘আহা, একটাই মাত্র চেয়ার, থাক না পড়ে ওটা। তুমি ঘরের অন্য জিনিসগুলো গুছিয়ে সাজিয়ে রাখো।’
ফারাহ খুবই খুঁতখুঁতে স্বভাবের মেয়ে। অসম্ভব চুজি। তার প্রতিটা জিনিস হওয়া চাই আধুনিক, এক্সক্লুসিভ অ্যান্ড আনকমন। এদিকে ফারাহর বন্ধুরা ধরেছে, নতুন ফ্ল্যাটে উঠেছ, বাসায় পার্টি থ্রো করতে হবে। বন্ধুদের আবদার মেটাতে সবাইকে আসতে বলেছে বাসায়। পুরো বাড়িটা আরও সুন্দর পরিপাটি করে গোছাচ্ছে। কিন্তু মনি সরকারের চেয়ারটার গায়ে ঘুণপোকাও ধরেছে। ঝকঝকে সাদা টাইলসে ঘুণের গুঁড়ো ধবধবে ফ্লোরে ঝরে পড়েছে। ফারাহ কাজের লোক ডেকে সেসব পরিষ্কার করায়। বন্ধুরা এমনটা দেখে কী ভাববে! ফারাহ কাজের লোককে হুকুম করে চেয়ারটা ঘর থেকে সরিয়ে নিতে।
মনি সরকার বাইরে থেকে এসে বাসায় প্রবেশ করতেই দেখেন একরকম সাজ সাজ ভাব পড়ে গেছে। তার বউমা কাজের লোক নিয়ে ভীষণ ব্যস্ত বন্ধুদের জন্য পার্টির আয়োজন করতে। কখনো খাবার মেন্যু ঠিক করছে বাবুর্চির সঙ্গে। কখনো ফার্নিচারের ধুলা-ময়লা মোছার নির্দেশ দিচ্ছে। ফারাহর নতুন গৃহস্থালির কাণ্ডকারখানা দেখে মনি সরকার মনে মনে হাসতে হাসতে তাঁর রুমে ঢুকলেন। প্রতিদিনের অভ্যাস মোতাবেক আরাম-চেয়ারে বসে কাপড় ছাড়তে গিয়ে দেখলেন চেয়ারটা নেই। এদিক-সেদিক তাকিয়ে খুঁজে পেলেন না। কাজের লোককে ডেকে জিজ্ঞেস করে জানতে পারলেন ম্যাডামের নির্দেশে পুরোনো চেয়ারটা সরিয়ে ফেলা হয়েছে। আর কোনো কথা বাড়ালেন না। জামা-কাপড়ও খুলতে ইচ্ছে হয় না। কোথায় বসে বিশ্রাম নেবেন আজ! কিছুক্ষণ খাটের পাশে বসে থাকেন। ভীষণ ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। চুপটি মেরে বিছানায় শুয়ে পড়েন।
সন্ধ্যায় অমি অফিস থেকে ফিরে বাবার খোঁজ নিতে গিয়ে দেখে মনি সরকার বাইরের পোশাক পরেই বিছানায় শুয়ে আছেন। সাধারণত এ রকম সন্ধ্যায় তিনি গভীর মনোযোগ দিয়ে পেপার কিংবা বই পড়েন চেয়ারে হেলান দিয়ে। অমি লক্ষ করে জানালার ধারে বাবার চেয়ারটা নেই। বুঝে নিতে কষ্ট হয় না নিত্যদিনের অভ্যাসে বাধা পড়েছে। সোজা গিয়ে ফারাহকে জিজ্ঞেস করে, ‘বাবার চেয়ারটা কোথায় ফারাহ?’
‘আছে।’
‘কোথায়?’
‘স্টোররুমে।’ ফারাহ সুর কোমল করে বলে।
‘ওটা এনে ঠিক জায়গায় রেখে দাও।’ অমির কণ্ঠ রাগান্বিত। ফারাহ কয়েকটা ঢোক গিলে বলে,
‘আমি বলছিলাম কি, কাল বাসায় পার্টিটা হয়ে গেলে ওটা এনে রেখে দেব না হয়।’
‘তাই যেন করো।’ বলে অমি চলে যায়। ফারাহ মনে মনে কিছুটা ঘাবড়ে যায়।
রাতে খাবার টেবিলে মনি সরকার আসেন না। অমি এসে খেতে ডাকলে তিনি জানান তাঁর খেতে ইচ্ছে করছে না। চোখ বুজে শুয়ে আছেন।
মাঝরাত পার হয়ে যাচ্ছে। অমির পাশে ফারাহ বিভোর হয়ে ঘুমোচ্ছে। কিন্তু তার ঘুম আসছে না। এখন শরৎকাল মাঝরাতে বেশ ঠান্ডা পড়ে। বাবা ঠিকমতো ঘুমিয়েছেন কি না, তা দেখা দরকার। আজ অমি স্পষ্টই বুঝতে পেরেছে যে তার বাবার মন ভালো নেই। তাই অভিমান করে রাতে খেতে আসেননি। বুড়ো মানুষ ক্ষুধায় হয়তো কষ্ট পাচ্ছেন ভেবে আস্তে বিছানা ছেড়ে উঠে আসে বাবাকে দেখতে। ঘরে ঢুকে দেখে বাবা বিছানায় নেই। এদিক-সেদিক চেয়ে দেখে জানালা দিয়ে শারদীয় জ্যোৎস্না ঘরের মেঝেতে ঢলে পড়েছে ঠিক যেখানে চেয়ারটা রাখা ছিল। সেখানেই মনি সরকার একটা কাঁথা গায়ে জড়িয়ে জ্যোৎস্নালোকিত ফ্লোরে চেয়ারশূন্য স্থানে মাথা গুঁজে গুটিসুটি মেরে বসে আছেন। তিনি ঘুম কি নির্ঘুম কিছুই বোঝা যাচ্ছে না। বাবাকে এমন নিঃসঙ্গ-অসহায় দেখে অমির বুকটা ভেঙে আসে। দ্রুত গিয়ে স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলে। টেনে এনে দরজার বাইরে দাঁড় করিয়ে বাবাকে দেখায়।
‘দেখো, তুমি কী করেছ!’ ফারাহ সব বুঝতে পারে। তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়। অমির চোখেমুখে ফারাহর প্রতি রাগ-ধিক্কার স্পষ্ট লক্ষ করে।
অমি বলে, ‘চলো চেয়ারটা নিয়ে আসি স্টোররুম থেকে।’
‘কাল, কাল সকালে আমি এনে রেখে দেব।’
‘না, এক্ষুনি চলো। আমি নিয়ে আসছি।’ অমি স্টোররুমের দিকে যায়।
‘শোনো, কিছু মনে করো না। চেয়ারটা আমি পুরানো ফার্নিচারের দোকানে দিয়ে এসেছি।’
‘কী! কী বলছো তুমি!’
‘আমি ভেবেছিলাম ঘুণেধরা ওই চেয়ারটার বদলে বাবাকে সুন্দর দেখে নতুন আরেকটা চেয়ার কিনে দেব।’
‘ফারাহ বুঝতে পারছো না, কী করেছ তুমি। ওটা বাবাকে দেওয়া আমার মৃত মায়ের একমাত্র উপহার।’
‘আমার ভুল হয়ে গেছে। মাপ করে দাও। প্লিজ। আই অ্যাম সরি।’
‘তুমি জানো না, বাবার ওই চেয়ারটাই প্রয়োজন। আমার মায়ের সব স্মৃতি ভালোবাসা ওই চেয়ারেই মিশে আছে। কাল সকালেই চেয়ারটা দোকান থেকে এনে বাবার ঘরে রাখবে।’
‘আচ্ছা।’
অপরাধীর মতো ওরা দুজন ধীর পায়ে মনি সরকারের কাছে আসে। অমি আস্তে বাবার গায়ে হাত রেখে ডাকে, ‘বাবা।’
‘হুম।’
‘চলো, বিছানায় শোবে।’
‘এখানেই ভালো লাগছে।’
‘এমনিতেই এখন শীত নামতে শুরু করেছে। তার মধ্যে ঠান্ডা ফ্লোরে বসে আছো । অসুখ করবে যে।’
‘কিছু হবে না।’
‘ওঠো প্লিজ। কাল সকালে তোমার চেয়ার ফারাহ এনে এখানে রেখে দেবে। এখন চলো বিছানায়।’ চেয়ারের কথা শুনে তিনি কিছুটা নরম হলেন। অমি বাবাকে ধরে ওঠায়।
‘তুমি তো রাতে কিছু খাওনি বাবা। ফারাহ, এক গ্লাস দুধ নিয়ে আসো।’
ফারাহ দ্রুত এক গ্লাস দুধ নিয়ে আসে। অমি নিজ হাতে খাইয়ে বাবাকে বিছানায় শুইয়ে গায়ে কাঁথা জড়িয়ে দেয়। অপরাধবোধে, অনুশোচনায় আর লজ্জায় ফারাহর চোখের পানি গড়িয়ে পড়ে।
সকাল সকালই ফারাহ সেই ফার্নিচারের দোকানে যায়। কিন্তু দোকানি জানায়, চেয়ারটা নেই। কালই বিক্রি হয়ে গেছে। ফারাহ খবরটা অমিকে জানাতেই অমি দ্রুত দোকানে ছুটে আসে। অনেক অনুরোধ করে চেয়ারটা ফিরিয়ে দিতে। কিন্তু দোকানি জানায় সে অপারগ। অমি লোভ দেখায় দ্বিগুণ টাকা দেওয়ার। চেয়ারটা তার ফেরত চাই-ই চাই!
যতবারই অনুরোধ করা হচ্ছে ততবারই ক্ষমা চেয়ে দোকানি বলছে কিছুতেই এখন আর সম্ভব নয়। অমি প্রশ্ন তোলে, ‘একটা চেয়ার দোকানে আসামাত্রই বিক্রি হয়ে যায় নাকি?’
‘জি স্যার, তা-ই হয়েছে।’
একটা পুরোনো চেয়ার রং করা বা বার্নিশ ছাড়াই বিক্রি হয়ে গেল?’
‘ওই পুরানো চেয়ারটা অ্যান্টিক ছিল। ওটা দেখামাত্র এক ফরেনার খুব পছন্দ করে সঙ্গে সঙ্গেই কিনে নিয়েছে। জানেন তো, আজকাল পৃথিবীব্যাপী শৌখিন বড়লোকেরা তো এগুলোই সংগ্রহ করে ঘরে সাজিয়ে রাখেন।
তবুও অমি হাল ছাড়তে রাজি নয়। সে বলে, ‘ওটা আমাদের খুবই প্রয়োজন আপনি সেটা বুঝেই হয়তো এমনটা করছেন। তাহলে সেই কাস্টমারের ঠিকানা দিতে পারবেন?’
‘তা কী করে দেব?
‘আপনাদের রিসিটে নিশ্চয় লেখা আছে, দেখুন প্লিজ।’ রিসিটবুক খুঁজে দোকানি জানায়, ‘সরি, শুধু নাম ছাড়া আর কিছু লেখা নাই।’
‘তাহলে আপনাদের দোকান থেকে যে ভ্যানে করে চেয়ারটা পাঠানো হয়েছে সেই ভ্যানওয়ালাকে বলুন আমার সঙ্গে সেখানে যেতে। সে নিশ্চয় চিনবে।’
‘সরি স্যার, ভদ্রলোকটি নিজের পিকাপ ভ্যানে করে ওটা নিয়ে গেছে।’ ওরা বুঝল চেয়ারটা পাওয়ার আর কোনো উপায় নাই! হতাশ হয়ে দুজন ম্লানমুখে বাসায় ফিরে আসে।
রাতে মনি সরকারের গায়ে ভীষণ জ্বর আসে। ডাক্তারের সঙ্গে কথা বলে অমি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় বাবাকে। জ্বর কমে গেলে অমি তার রুমে চলে যায়।
মাঝরাতে মনি সরকারের হঠাৎ ঘুম ভেঙে যায়। গায়ে আবার তাঁর প্রচণ্ড জ্বরের তাপ। সেই জ্বরের ঘোরে চোখ মেলে দেখেন খোলা আকাশ থেকে জ্যোৎস্নার আলো জানালা দিয়ে তাঁর ঘরের ফ্লোরে পড়েছে। বিছানায় শুয়েই জ্যোৎস্নার দিকে একনজরে তাকিয়ে থাকেন। দেখেন সেই জ্যোৎস্নালোকের ভেতর দিয়ে আস্তে করে তাঁর প্রয়াত স্ত্রী পলি হাসিমুখে এসে হাজির হলেন তাঁর সামনে। ঘোরের মধ্যে মনি অবাক হয়ে ওঠে বসেন। অস্ফুটস্বরে ডাকেন, পলি!’
পলি বলছেন, ‘তোমার ঘুম হচ্ছে না?’
মনি বলেন, ‘সত্যি। একদম না।’
হেসে জবাব দেন, ‘আমি জানি তুমি এখানে ভালো নেই। আর ভালো থাকবেই বা কী করে? আমি নেই, তোমার চেয়ার নেই!’
‘হ্যাঁ, হ্যাঁ, পলি। সত্যি বলেছ তুমি।’
পলি হেসে বলে, ‘তাই তো আমি চলে এলাম তোমাকে আমার সঙ্গে নিতে। তুমি এসো আমার সাথে।’ পলি মনির দিকে দুহাত বাড়িয়ে দেন।
‘কোথায়?’ মনি জিজ্ঞেস করেন।
‘এখানে। আমার কাছে।’ মনি সরকার যেন সুস্থ হয়ে পড়ছেন। ধীরে উঠে বসলেন।
‘দেখো, তোমার চেয়ারটা আমি সঙ্গে নিয়ে এসেছি।’
‘সত্যি বলছ?’ মনি সরকার দেখেন, জানালার পাশে পলির সামনে জ্যোৎস্নার আলোর মধ্যে তাঁর চেয়ারখানা। খুশিতে হাসির রেখা ঠোঁটের কোণে ফুটে ওঠে।
‘হ্যাঁ, তাই তো! এই তো আমার চেয়ার।’ মনি ভীষণ খুশি।
পলি বলেন, ‘তুমি আমার কাছে এসে তোমার সেই চেয়ারে বসো। আমি জানি, এখানে আর আগের মতো তুমি তোমার মতো করে এখন আকাশ, বৃষ্টি, জ্যোৎস্না দেখতে পারছ না। তুমি কষ্ট পেয়ো না। সময়ের সিঁড়ি বেয়ে আমরা চলে গিয়েছি অনেক দূরে, পুরাতনের পথ ধরে। ওরা যাবে সামনের দিকে নতুনের দিকে। আমাদের সেই সময় আর এখনকার এই সময়ের অনেক তফাত। ওদেরকে ওদের মতো করে থাকতে দাও। জানো, আমারও ভালো লাগে না তোমাকে এভাবে আর একা দেখতে। তুমি চলে এসো আমার কাছে। এসো। বসো তোমার চেয়ারে। দেখো, আজ কেমন কোজাগরি রাত! চলো, দুজনে একসঙ্গে জ্যোৎস্না দেখব।’
মনি উঠে আসেন পলির দিকে, ‘আমি আসছি পলি।’
‘এসে তোমার চেয়ারে বসো।’
মনি জ্যোৎস্নালোকের ভেতর প্রবেশ করে পলির দিকে এগিয়ে যান। আস্তে চেয়ারে হাত বোলান, আদর করে বারবার চুমু খান, চেয়ারটাকে জড়িয়ে ধরেন দৃঢ় করে। চেয়ারের পাশে দাঁড়িয়ে পলি হাসছেন সুখে। একসময় চেয়ারে মাথা রেখে মনি সরকারের চোখ দুটো যেন পরম শান্তিতে বুজে আসে।
সকালে ঘুম থেকে উঠেই অমি দ্রুত ছুটে আসে বাবাকে দেখতে। দেখে বাবা বিছানায় নেই। সেই জানালার ধারে চেয়ারের স্থানে। জানালা দিয়ে এখন রাতের জ্যোৎস্না নয়, সকালের রোদ প্রবেশ করেছে। সেই রোদের মধ্যে চেয়ারবিহীন শূন্য ফ্লোরটাকে দুহাতে জড়িয়ে ধরে উপুড় হয়ে প্রাণহীন দেহে শুয়ে আছেন মনি সরকার!