কোথায় ওবামা?

আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, যার প্রশাসনের অর্জনগুলোকে ধূলিসাৎ করাটাই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান লক্ষ্য, সেই বারাক ওবামা অনেক দিন ধরেই জনসম্মুখে নেই। এর মধ্যে আমেরিকাজুড়ে অনেক কিছুই ঘটে চলেছে, যা সাবেক এই প্রেসিডেন্টের নৈতিক অবস্থানের পরিপন্থী। তারপরও তাঁর কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া আসছে না। এ অবস্থায় বিভিন্ন মহল থেকেই বারাক ওবামার খোঁজ শুরু হয়েছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক প্রধান জেমস কোমি পর্যন্ত সরাসরি এই প্রশ্ন তুলেছেন।
আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালে বিভিন্ন সময়ে কখনো টুইটার পোস্ট, কখনো সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বারাক ওবামা ও তাঁর প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের তীব্র সমালোচনা করে নজর কাড়ার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার ছয় মাসের মাথায় তির্যক বাক্যবাণের মধ্য দিয়ে প্রথম ওবামার নজর কাড়েন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সময় ওবামার একটি ছবি প্রকাশ পায়, যেখানে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ে নিজের আইপ্যাডে নিউইয়র্ক টাইমস পাঠরত অবস্থায় সাবেক প্রেসিডেন্টকে দেখা যায়; একেবারে ভাবলেশহীন।
অথচ এর আগের রাতেই ওয়েস্ট ভার্জিনিয়ায় বয় স্কাউট জাম্বুরির বার্ষিক অনুষ্ঠানে ৪০ হাজার দর্শকের সামনে অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। কথার হুলে শুধু তাঁদের দুজনকেই নয়, বিদ্ধ করেন পুরো ওবামা প্রশাসনকেই। সেই দিন ট্রাম্প বলেছিলেন, ‘আপনাদের কি মনে আছে সেই দিনের মানচিত্রটি, যেদিন রিপাবলিকানরা ছিল লাল, আর ডেমোক্র্যাটরা নীল; আর পুরো মানচিত্রটিই হয়ে উঠেছিল লাল। আর তাদের সামনে বলার মতো কিছুই ছিল না।’
একজন নির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে আসা এই বক্তব্যে আমেরিকাজুড়ে উঠেছিল সমালোচনার ঝড়। এটা এমন মাত্রায় যে বয় স্কাউটের নেতা তিন দিন পর এর জন্য ক্ষমা চান। কিন্তু এত কিছুর মধ্যেও ওবামার কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাবেক এই প্রেসিডেন্ট এখন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, ছোট মেয়ে সাশাকে নিয়ে ওয়াশিংটনেই থাকেন। ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়কর বিজয়ের পর থেকে এখন পর্যন্ত নতুন প্রেসিডেন্টের সরাসরি কোনো সমালোচনা করেননি তিনি। যদিও এর আগে নিজের ঘনিষ্ঠজনদের কাছে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের সামনে কী ঘোর দুর্দিন অপেক্ষা করছে, তা নিয়ে কথা বলেছেন তিনি। কিন্তু ট্রাম্পের অভিষেকের পর থেকে ডোনাল্ড ট্রাম্প কিংবা তাঁর প্রশাসন নিয়ে সরাসরি কোনো সমালোচনামূলক বক্তব্য তিনি রাখেননি। নিজের করা স্বাস্থ্য সুরক্ষা আইন বাতিল নিয়ে যতটুকু বলেছেন, তাও খুব সাবধানী বক্তব্য। এ ক্ষেত্রে দেশজুড়ে সৃষ্ট প্রতিবাদকে নিজের শক্তিতেই এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি। কিন্তু বয় স্কাউটদের সামনে ট্রাম্পের দেওয়া বক্তব্য সত্যিই তাঁকে ভীষণ দুশ্চিন্তায় ফেলেছিল। নিজের ঘনিষ্ঠজনদের তিনি বলেছিলেন, ওই বয়সী বালকেরা অনেকটা স্পঞ্জের মতো। তাদের সামনে এমন রাজনৈতিক বক্তব্য দেওয়াটা বিভাজন সৃষ্টির বিপদ ডেকে আনতে পারে। কিন্তু এই আশঙ্কাও তিনি প্রকাশ্যে আনেননি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিক অধিকার নিয়ে আন্দোলন করাটা বারাক ওবামার মজ্জাগত। এ বিষয়ে নিশ্চুপ থাকাটা তাঁর স্বভাববিরোধী। পুরো রাজনৈতিক জীবনে তিনি বরাবরই নাগরিক অধিকার, ভালো নাগরিকের কর্তব্য ইত্যাদি নিয়ে কথা বলেছেন। সোচ্চার থেকেছেন সাধারণ মানুষের অধিকার নিয়ে। অথচ শিষ্টাচারের বৃত্তে নিজেকে আবদ্ধ করে তিনি ট্রাম্প প্রশাসনের সময়টা পার করছেন মৌনব্রত অবলম্বন করে। এই ব্রত ভাঙার সবচেয়ে বড় সুযোগ ট্রাম্প এনে দিয়েছিলেন বয় স্কাউটে দেওয়া ওই বক্তব্যের মধ্য দিয়ে। কিন্তু তাও ওবামার মৌনতা ভাঙার জন্য যথেষ্ট ছিল না। এমনকি সমালোচনা বা এ ধরনের প্রতিক্রিয়ার বিষয়টি এড়িয়ে যাওয়াই তাঁর মূলনীতি হলেও অন্য সুযোগ ছিল তাঁর সামনে। আর তা হলো নৈতিক নেতৃত্ব। ট্রাম্প প্রশাসন যখন গণতান্ত্রিক বিভিন্ন নীতি-নৈতিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন নিয়মিত, তখন ওবামার সামনেই এই নেতৃত্ব নেওয়ার সুযোগটি রয়েছে, যা আর কোনো ডেমোক্র্যাট নেতার নেই। কিন্তু তারপরও তিনি মৌনতা অবলম্বনকেই শ্রেয় মনে করলেন। একেও সম্ভবত বারাক ওবামার চরিত্র হিসেবেই চিহ্নিত করতে হবে এখন।
সব মহলেই কথা উঠেছে ওবামার এই মৌনব্রত নিয়ে। কোথায় ওবামা? গত দেড় বছর ধরে আমেরিকায় সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্ন এটি। স্যাটারডে নাইট লাইভে চান্স দ্য র্যাপার সরাসরিই বলেছে, ‘ফিরে এসো বারাক’। কিংবা এখানে উল্লেখ করা যায় সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির কথা। জার্মান এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ওবামার অভাব অনুভব করছি।’
নিউইয়র্ক টাইমস বলছে, সবচেয়ে বড় বিস্ময়ের বিষয় হচ্ছে তাঁর এভাবে আড়ালে থাকাটা। আট বছর ধরে আমেরিকার সবচেয়ে অপরিহার্য মানুষ হিসেবে যিনি সরব ছিলেন, তিনি কীভাবে এমন অদৃশ্য হয়ে যেতে পারেন? তিনি নিজেকে উদারবাদী আমেরিকার নেতা হিসেবে পরিচিত করেছিলেন, যিনি এই দেশের নৈতিক মানদণ্ডটি ঠিকমতো বুঝেছিলেন। একই সঙ্গে বুঝেছিলেন, কোন গণ্ডির মধ্যে এই দেশের নাগরিকদের থাকা উচিত। অথচ এখন রাজনৈতিক মঞ্চেই তিনি অনুপস্থিত। বর্তমান প্রশাসন তাঁর অর্জনগুলোকে একের পর এক হটিয়ে দিচ্ছে, উদারবাদকে প্রতিস্থাপন করছে কট্টর ভাবধারা দিয়ে, আর তিনি সেখানে কোনো তর্ক না তুলে প্রস্থান মেনে নিয়েছেন যেন। কোথায় সেই মানুষ যিনি স্যান্ডি হুক স্কুলে বন্দুক হামলার পর কেঁদেছিলেন, গান গেয়েছিলেন চার্লসটনে। সারা বিশ্বে ভ্রমণের সময় মার্কিন মূল্যবোধকে তিনি তুলে ধরেছেন সবার সামনে। অথচ এই তিনিই এখন সম্পূর্ণ নিশ্চুপ। আমেরিকার এই ক্রান্তিকালে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় জীবিত নেতা অনেকটা স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছেন যেন। কিন্তু কী কারণে?
অবসরের পর থেকে প্রেসিডেন্ট-পরবর্তী মূল্যবোধ ও শিষ্টাচার অক্ষরে অক্ষরে অনুসরণের চেষ্টা করছেন বারাক ওবামা। যদিও তাঁর অগণিত ভক্ত, বিশেষত ডেমোক্র্যাটরা তাঁর দিকে তাকিয়ে আছেন। ডেমোক্রেটিক দলের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতাটির যেন সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। অথচ বর্তমান প্রশাসনের অবস্থানের কারণে সৃষ্ট জাতীয়-আন্তর্জাতিক সংকট, গণতান্ত্রিক মূল্যবোধের অবনমন, আগ্রাসী অভিবাসন নীতি, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি নিয়ে নিয়মিতই উৎকণ্ঠা প্রকাশ করেন নিজের ঘনিষ্ঠদের কাছে। কিন্তু প্রকাশ্যে যেকোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে নিজেকে সরিয়ে রাখেন সযত্নে। কী করছেন, প্রশ্ন করলেই একটিই উত্তর মেলে, ‘মিশেল ও আমি ভালো আছি।’
ওবামার ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানায়, ওবামা তাঁর প্রেসিডেন্ট জীবনের ব্যস্ততার কথা মাঝে মাঝেই স্মরণ করেন। তিনি আমেরিকায় রাজনৈতিকভাবে সচেতন একটি প্রজন্মকে দেখতে চান। এটাকেই তিনি আমেরিকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এই প্রশাসনের কিংবা তাঁর শীর্ষে বসে থাকা ব্যক্তিটির টুইট ঝড় সম্পর্কে জানলেও এ নিয়ে মাথা ঘামানোটাকে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করেন না তিনি।
বারাক ওবামার ২০১২ সালের নির্বাচনী প্রচার দলের ব্যবস্থাপক ও তাঁর অঘোষিত উপদেষ্টা জিম মেসিনা বলেন, ‘রাজনীতির ক্ষেত্রে ওবামাকে বুঝতে হলে তাঁর রাজনৈতিক দর্শন ও এর মূল লক্ষ্যটিকে বুঝতে হবে। তিনি চেয়েছিলেন তাঁর পূর্বতন জর্জ ডব্লিউ বুশের নীতির সঙ্গে যতটা পারা যায় সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়া। সাবেক প্রেসিডেন্টকে কোনো কিছুতে টেনে না আনা এবং ক্ষমতার শান্তিপূর্ণ স্থানান্তর। তাঁর দ্বিতীয় লক্ষ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে নেতৃত্বগুণ তৈরি করা। তিনি চাইলে প্রতিটি ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ছোড়া বাক্যবাণের উত্তর দিতে পারতেন। কিন্তু এতে লাভ হতো ট্রাম্পেরই। যেটা ক্লিনটনরা করেছেন (বিল ও হিলারি ক্লিনটন)। ওবামা বেশি বলছেন, নাকি চুপ আছেন, কোথায় চুপ, আর কোথায় সরব—এই নিয়েই কেটে যেত। মাঝে জয় হতো ট্রাম্পের।’