কোথায় গেল নিউইয়র্ক ফুটবল লিগের সেই জৌলুশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আম্মু, দেখ... দেখ ওই যে সেই মাঠ, আমরা যেখানে খেলা দেখতে এসেছিলাম।’ মাঠের দিকে তাকাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, এখানে এত বাঙালি খেলোয়াড় কেন? জ্যাকসন হাইটসের বাসা থেকে গাড়িতে কুইন্স মলে যাচ্ছিলাম কেনাকাটার জন্য। আচমকা আমার ছেলে চেঁচিয়ে উঠল। ওর কথা বলার সময় মনে পড়ল, এক বছর আগে গত লিগের খেলা দেখতে ওখানে গিয়েছিলাম। নামে নিউইয়র্ক ফুটবল লিগ হলেও, আয়োজন অনেকটা পাড়া-মহল্লার টুর্নামেন্টের মতো।

ফুটবল সংগঠক পিতার সন্তান হওয়ার কারণে স্কুলজীবন থেকে ফুটবল লিগের খেলা দেখে বড় হয়েছি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কিংবা হালের কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামও নয়, ওখানে গিয়ে মনে হয়েছে, খেলা হচ্ছে যেন পাড়ার ধূপখোলা মাঠে। গ্যালারিও ছিল ফাঁকা। কয়েকজন কর্মকর্তা, খেলোয়াড়দের আত্মীয়স্বজন ছাড়া তেমন কেউ নেই। অথচ একটা সময় ১০ ডলার করে টিকিট বিক্রি করেও গ্যালারিতে জায়গা দেওয়া সম্ভব হতো না। অনেক মানুষ টিকিট না পেয়ে ফিরে যেত। নিউইয়র্কের বাঙালি কমিউনিটির বড় বিনোদনের জায়গা ছিল এখানকার ফুটবল লিগ। কিন্তু এই শহরে বাঙালির আগমন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৌনঃপুনিকহারে কমেছে এর মান, উত্তেজনা, আর দর্শক তো বটেই।

কোথায় গেল নিউইয়র্ক ফুটবল লিগের সেই জৌলুশ? এই প্রশ্ন নিয়ে শুরু থেকে লিগের সঙ্গে যুক্ত অনেকের কাছে জিজ্ঞাসা করলাম। বলতে গিয়ে টের পেলাম তাঁদের মধ্যেও এই হাহাকার আগে থেকেই আছে। আর রমরমা চেহারাটা পাল্টে যাওয়ার পাশাপাশি স্পনসরদের মধ্যে আগ্রহ কমে গেছে। আগে লিগের খেলা স্পনসর করার জন্য যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতো, এখন স্পনসরহীন লিগ অনুষ্ঠিত হচ্ছে।

নিউইয়র্ক ফুটবল লিগের অবস্থা কি অনেকটা বাংলাদেশের ঘরোয়া লিগের মতো? আশি-নব্বইয়ের দশকের ঢাকার সেই জমজমাট লিগের গল্প এখন অনেকটা রূপকথার মতো শোনায়। সেই খেলা দেখে বড় হয়ে ওঠা বাঙালি এখানে এসেও মনের ক্ষুধা মেটাতে হাজির হতো নিউইয়র্ক লিগের খেলা দেখতে। এখন যেসব বাঙালি নিউইয়র্কে আসে, তারা সেই স্মৃতি বহন করে আসে না। তারা আসে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব-মুশফিক-মাশরাফিদের খেলা দেখে। তাই এখানে এসেও তারা বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলেরই খোঁজখবর রাখে। এই অভিমত বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি আবদুর রহিম বাদশার।

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ব্যবস্থাপনায় নিউইয়র্ক ফুটবল লিগের খেলা অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালে যখন প্রথম লিগের খেলা শুরু হয়, তখন স্পোর্টস কাউন্সিলের সভাপতি ছিলেন মনজুর আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ছিলেন এই আবদুর রহিম বাদশা। সাধারণ সম্পাদকের একটা দলও ছিল লিগে। প্রথমে নাম ছিল ব্রঙ্কস ইউনাইটেড। পরে ১৯৯১ সালে নামকরণ করা হয় আবাহনী ক্রীড়া চক্র। আবদুর রহিম বাদশা ছিলেন সেই দলের খেলোয়াড় কাম সংগঠক। সেই দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে আবদুর রহিম বলেন, ‘এক দিনে দুই-তিনটা ম্যাচ আয়োজন করতাম, তবু মাঠে দর্শকদের জায়গা দিতে পারতাম না। টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা ঘটত। এখন তো গ্যালারি পুরোপুরি ফাঁকা।’

আবদুর রহিম বাদশা যেমন আবাহনীর, তেমন মোহামেডানের কর্মকর্তা ছিলেন শিপন হক। তিনি বাংলাদেশে জাতীয় পর্যায়ে ম্যারাথন দৌড়বিদ ছিলেন। শিপন হক জানালেন, ‘আমি বাংলাদেশে থাকাকালে মোহামেডান ক্লাবের সমর্থক ছিলাম। এখানে এসে বন্ধু স্বপনকে নিয়ে মোহামেডান দল গঠনের উদ্যোগ নিই। সময়টা ১৯৯৬-৯৭ সালের দিকে। খেলোয়াড়দের সাদা-কালো জার্সি তৈরিতে সমস্যায় পড়েছিলাম। ফুটবলার কায়সার হামিদ ভাই ও মোহামেডানের কোচ আবুল ভাই সাহায্য করেছিলেন। তাঁরা ঢাকা থেকে জার্সি পাঠিয়েছিলেন। মোহামেডান ২০০৪ সালে চ্যাম্পিয়ন হয়, আর প্রায় প্রতিবছর আমরা ফেয়ার প্লে ট্রফি জিততাম।’

শিপন হক বিকেএসপির প্রাক্তন ছাত্র ছিলেন। ঢাকা লিগে বড় ক্লাবের অনেক ফুটবলার এখানে খেলেছেন। তাঁরা ফুটবলের নিয়মকানুন মেনে চলার চেষ্টা করতেন। কিন্তু অনেকে তেমন ছিলেন না। বিশেষ করে নিউইয়র্ক ফুটবল লিগে একচেটিয়া আধিপত্য বরাবর ছিল সিলেটের মানুষের। তাদের মধ্যে বিয়ানীবাজারের লোকজনের দাপট ছিল বেশি।

দেশে অনেকে নামকরা ফুটবলার ছিলেন, পরে এখানে এসে একাধারে খেলোয়াড়-কর্মকর্তা-কোচ সব ভূমিকায় আবির্ভূত হয়েছেন। নিজের কথা বলতে গিয়ে মোস্তফা বলেন, ‘আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কানসাস বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এসেছিলাম। পরে নিউইয়র্কে চলে আসার পরে ফুটবল লিগে খেলা আরম্ভ করি। তখন একটা নেশার মতো ছিল ফুটবল। আমরা গাড়ি ভাড়া করে দল বেঁধে যেতাম খেলার মাঠে। যে লোক ট্যাক্সি চালাত, সে কাজ বন্ধ রাখত। যে রেস্টুরেন্ট কাজ করত, সে ছুটি নিত। কারণ, ফুটবল লিগ ছিল বাঙালি কমিউনিটির সবচেয়ে বড় বিনোদন। এখন তো একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ঢাকা থেকে বড় শিল্পীরা আসছেন সেখানে। আগে বছরে একজন শিল্পীর দেখা মিলত না। এখন তো আসতেই থাকে দেখি। তদুপরি কেব্‌ল টিভির দৌরাত্ম্য আগে এভাবে ছিল না।’

মোস্তফার মতো বাংলাদেশের জাতীয় দলের যেসব ফুটবলার নিউইয়র্ক লিগে খেলেছেন, তাঁদের মধ্যে আছেন ব্রাদার্সের ফজলু, বিকেএসপির সাইক, ডিজু, জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক, আবাহনীর অলক, মোহামেডানের রণজিৎ, বিজেএমসির মুকুল, আরামবাগের হারুন, ধানমন্ডি ক্লাবের ছোট বাবু ও তুহিন প্রমুখ। এর বাইরে জাতীয় দলের সাবেক খেলোয়াড় প্রাণ গোবিন্দ ও সম্রাট হোসেন এমিলি লিগে না খেললেও, এই শহরের বাসিন্দা হওয়ার কারণে নিয়মিত মাঠে খেলা দেখতে আসেন। কানাডার বিভিন্ন শহর থেকেও ফুটবলাররা আসেন নিউইয়র্ক লিগের খেলার জন্য।

আগের জৌলুশ হয়তো ফিরিয়ে আনা যাবে না। তবে কাছাকাছি যাওয়া এখনো সম্ভব বলে অভিমত দেন অনেকে। প্রবাসী বাঙালিদের মূল সংগঠন বাংলাদেশ সোসাইটিকে এ জন্য এগিয়ে আসতে হবে। তাদের সব সদস্যকে মাঠে আসার জন্য আহ্বান জানাতে হবে। বাংলাদেশের ৬৪ জেলারই নিউইয়র্কে নানা সমিতি আছে। অনেক জায়গায় একই জেলার একাধিক সমিতি কিংবা উপজেলা সমিতিও আছে। তারা যদি উদ্যোগ নেয় দল তৈরির, তবে আঞ্চলিক প্রীতির কারণে লিগের উত্তেজনা বাড়তে পারে।

সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সিইও এবং বাংলাদেশের সাবেক তারকা অ্যাথলেট সাঈদ উর রবের ভাষ্য হলো, ‘সংগঠকদের আরও ভিশনারি হতে হবে। ফুটবল জানা লোকজনকে কর্মকর্তা করতে হবে। মাঠে মারামারি বন্ধ হলে নারী-পুরুষ নির্বিশেষে সন্তানদের নিয়ে মাঠে খেলা দেখতে আসবে। এ জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা থাকবে। বাংলাদেশের অমুক মন্ত্রী, তমুক এমপি নিউইয়র্কে এলেই তাকে মাঠে নিয়ে আসা হয়। অনেক সময় খেলার চেয়ে সেটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কর্মকর্তাদের নিজেদের এক্সপোজার কমাতে হবে। কারণ, দর্শকেরা মাঠে খেলা দেখতে আসে। তাদের সেই সুযোগ করে দিতে হবে।’

 ১৯৮৬ সালে ম্যানহাটন ডাউনটাউনে ইস্ট রিভারের তীরে প্রথম নিউইয়র্ক লিগের খেলা শুরু হয়। প্রথমে এর স্পনসর ছিল সাঈদ উর রবের সাপ্তাহিক ঠিকানা পত্রিকা। পরে ভেন্যু অন্য মাঠে চলে আসার পাশাপাশি স্পনসর পরিবর্তিত হয়। সোনালী এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় মূলত নিউইয়র্ক লিগের সোনালি সময় কেটেছে বলে অভিমত অনেক সংগঠকের। পরবর্তী সময়ে এটিএন বাংলা, আবদিন ব্রাদার্স, ব্যাকডাইস, সাপ্তাহিক পরিচয় পত্রিকা পৃষ্ঠপোষকতা করার জন্য এগিয়ে এসেছে।

৯ দল নিয়ে গত ১৬ এপ্রিল থেকে এ বছরের লিগ শুরু হয়েছে। এলমহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে অংশগ্রহণকারী দলগুলো হলো জ্যাকসন হাইটস স্পোর্টিং, ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, নিউজার্সি ইউনাইটেড, সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস স্টার, ওয়ারিয়ার ও ব্রাদার্স অ্যালায়েন্স।