কোন দেশ সম্পর্কে ট্রাম্পের কী মনোভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দেশ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের যেকোনো মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধারা চলে আসছে শত বছর হলো। সময়ে সময়ে কোনো দেশ সম্পর্কে মার্কিন কূটনৈতিক অবস্থান বদলালেও তা কোনো রাতারাতি বিষয় নয়। কিন্তু ট্রাম্প প্রশাসনে এ বিষয়টিই যেন দস্তুর। নির্বাচনী প্রচারণার সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে বহুবার অবস্থান বদলেছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের অধীনে ছয় মাস পার করল আমেরিকা। এর মধ্যে ট্রাম্প অনেক দেশ সম্পর্কেই খোলাখুলি কথা বলেছেন। কখনো দ্বিপক্ষীয় বৈঠকে, কখনো সংশ্লিষ্ট দেশের সরকারপ্রধানের সঙ্গে ফোনালাপে, আবার কখনো নিজের টুইটার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে। এসবের ভিত্তিতে আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন দেশ সম্পর্কে তাঁর মনোভাব।

অস্ট্রেলিয়া
হোয়াইট হাউসে ট্রাম্প অধিষ্ঠিত হওয়ার পরপরই অস্ট্রেলিয়া-আমেরিকা সম্পর্ক আলোচনায় আসে। গত জানুয়ারির শেষ দিকে অজি প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সংবাদমাধ্যম। ওই ফোনালাপে দুজন বিতর্কে জড়িয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়। পরে ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘সৌহার্দ্যপূর্ণ’ ছিল বলে উল্লেখ করেন টার্নবুল। এরপরই গত ৩ ফেব্রুয়ারি এ ধরনের প্রচারকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে ট্রাম্প টুইটারে একটি পোস্ট দেন, যেখানে লেখা ছিল, ‘ভুয়া সংবাদমাধ্যমে মিথ্যা তথ্যের বিপরীতে সত্যটি তুলে ধরায় অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’ গুরুত্বপূর্ণ মিত্র অস্ট্রেলিয়া সম্পর্কে ট্রাম্প এখন পর্যন্ত ছয়টি টুইট করেছেন, যেখানে কড়া মিঠা বক্তব্য দিয়েছেন তিনি। বিশেষত, অস্ট্রেলিয়া থেকে প্রায় ১ হাজার ২০০ শরণার্থী গ্রহণের বিষয়ে ওবামা প্রশাসনের সঙ্গে হওয়া চুক্তির একেবারে বিরুদ্ধে ট্রাম্প। আর বিষয়টিই দুই দেশের সম্পর্ককে কিছুটা তেতো করে দিয়েছিল। তবে এক নৈশভোজে দুই সরকারপ্রধানের দুষ্টুমির ভিডিও প্রকাশের পর এ সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

কানাডা
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এখন পর্যন্ত পাঁচবার ফোনালাপ করেছেন ট্রাম্প। বসেছেন একটি বৈঠকে। আর কানাডা সম্পর্কে টুইট করেছেন সাতটি। ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ শেষে গত ১৩ ফেব্রুয়ারি করা যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমেরিকা ভীষণ ভাগ্যবান যে, কানাডার মতো একটি প্রতিবেশী পেয়েছে।’ নাফটা (উত্তর আমেরিকান বাণিজ্য চুক্তি) নিয়ে ট্রাম্পের মনোভাব নেতিবাচক হলেও কানাডাকে তিনি আশ্বস্ত করেছেন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা এমন কিছু করব, যাতে উভয় দেশই উপকৃত হয়।’ এ ক্ষেত্রেও ট্রাম্পের অবস্থান বদলানোর প্রমাণ পাওয়া যায়। কারণ, এ বক্তব্যের কয়েক সপ্তাহ আগেই নাফটা ইস্যুতে ট্রাম্পের আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল কানাডা।

মেক্সিকো
নির্বাচনী প্রচারণাকালে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। একই সঙ্গে এ দেয়াল নির্মাণের ব্যয় মেক্সিকোকেই বহন করতে হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার পর এ অবস্থান থেকে কিছুটা সরে আসেন তিনি। আগের যুদ্ধংদেহী মনোভাবেও কিছুটা ভাটা পড়েছে তাঁর। এখনো কথিত দেয়াল নির্মাণের কাজ শুরু করেনি ট্রাম্প প্রশাসন।

কিউবা
দেশটির সরকারপ্রধান বা অন্য কারও সঙ্গে ট্রাম্প প্রশাসন সরাসরি কোনো যোগাযোগ না করলেও কিউবা সম্পর্কে ট্রাম্প এখন পর্যন্ত তিনটি টুইট করেছেন। সর্বশেষ ১৬ জুন মিয়ামিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘কিউবা সরকারের উদ্দেশে আমি বলতে চাই, ভিন্নমতাবলম্বীদের নির্যাতন বন্ধ করুন। রাজনৈতিক বন্দীদের মুক্তি দিন। নিরীহ মানুষের ওপর নিপীড়ন থামান।’ তবে শুরুতে কিউবার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক পুনঃস্থাপনে গৃহীত ওবামার উদ্যোগ বাতিলের হুমকি দিলেও সে অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন তিনি। উভয় দেশই নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রেখেছে।

ফ্রান্স
ফ্রান্স সম্পর্কে ট্রাম্পের মনোভাব বেশ ইতিবাচক হলেও দেশটির বর্তমান নেতা এমানুয়েল মাখোঁর সঙ্গে তাঁর সম্পর্ক অম্ল-মধুর বলা যায়। ইতিমধ্যে বাস্তিল দিবস উপলক্ষে দেশটি সফর করেছেন তিনি। আর অবধারিতভাবেই জন্ম দিয়েছেন বিতর্কের। ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত মাখোঁর দৈহিক গড়ন নিয়ে করা মন্তব্যের জেরে দেশে-বিদেশে বেশ সমালোচিত হচ্ছেন তিনি। চলতি বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেওয়া কয়েকটি টুইটে মাখোঁর প্রতিদ্বন্দ্বী এবং রক্ষণশীল প্রার্থী মারি লু পেনের প্রতি পরোক্ষে সমর্থন জানিয়েছিলেন তিনি। অবশ্য মাখোঁর বিজয়ের পর খুব দ্রুততার সঙ্গেই তাঁকে অভিনন্দিত করেন ট্রাম্প। গত মাসে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহারের পর মাখোঁ ট্রাম্পের সমালোচনা করেন। পরে ফ্রান্স সফরের সময় এ প্রশ্নেই ট্রাম্পের অবস্থান বদলের কিছুটা ইঙ্গিত মিলেছে।

জার্মানি
এখন পর্যন্ত জার্মানি-সম্পর্কিত পাঁচটি টুইট করেছেন ট্রাম্প। আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে করেছেন একটি বৈঠক, ফোনকল রয়েছে ছয়টি। দায়িত্ব গ্রহণের ১৮ মাস আগেও যে ট্রাম্প ম্যার্কেলকে ‘জার্মানির ধ্বংসের কারণ’ হিসেবে অভিহিত করেছেন, সেই তিনিই পরবর্তী সময়ে তাঁকে ‘চমৎকার ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেন। আর তাঁর পূর্বতন বক্তব্যের জন্য বরাবরের মতোই দোষী সাব্যস্ত করেন ‘ভুয়া সংবাদমাধ্যমকে’। ট্রাম্পের এ মতি সম্পর্কে জার্মান চ্যান্সেলরও বেশ ওয়াকিবহাল। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরস্পরের সঙ্গে মন্তব্য করার বদলে পরস্পরের সঙ্গে আলোচনাই উত্তম।’ প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে বর্তমানে সৃষ্টি হয়েছে স্পষ্ট মতদ্বৈধতা, যার পেছনেও রয়েছে ট্রাম্পের ভূমিকা।

রাশিয়া
ট্রাম্পের কাছ থেকে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া এসেছে রাশিয়ার বিষয়ে। রুশ প্রেসিডেন্টের সঙ্গে এখন পর্যন্ত তিনবার ফোনালাপ করেছেন ট্রাম্প। আর রাশিয়ার জন্য বরাদ্দ করেছেন সর্বোচ্চ ৪৮টি টুইট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎও করেছেন কিছুদিন আগে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিষয়ে ট্রাম্পের অহরহ প্রতিক্রিয়া ব্যক্ত করাটা অবশ্য অবধারিতই ছিল। এ বিষয়ে ট্রাম্পের বক্তব্যও পাল্টেছে বিভিন্ন সময়ে। শুরুতে ‘পুরোটাই ডেমোক্র্যাট ও মিডিয়ার সৃষ্টি’ হিসেবে বর্ণনা করলেও সম্প্রতি তিনি ‘নির্বাচনে রাশিয়া একা হস্তক্ষেপ করেনি’ বলে মন্তব্য করেন, যা প্রকারান্তরে হস্তক্ষেপের বিষয়টি স্বীকার করে নেওয়াই। এ ছাড়া হালে বড় ছেলের সঙ্গে রুশ আইনজীবীর সাক্ষাতের বিষয়টিকেও ট্রাম্প বর্ণনা করছেন ‘স্বাভাবিক’ হিসেবে। তাঁর মতে, ‘যে কেউই এ সুযোগ নিত।’ রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে তাঁর অবস্থানে অবশ্য তেমন কোনো বদল হয়নি।

চীন
মনোভাব বিচারে ট্রাম্পের সবচেয়ে বড় পরিবর্তনটি হয়েছে সম্ভবত চীন প্রশ্নে। রাশিয়ার পর ট্রাম্প এখন পর্যন্ত সবচেয়ে বেশি মন্তব্য করেছেন চীন নিয়ে। শুরুতে চীনকে ‘মুদ্রাবাজারে কারসাজি’র জন্য অভিযুক্ত করলেও পরে তিনি এ অবস্থান বদল করেন। একইভাবে ‘চীন কখনো মার্কিন বন্ধু হতে পারবে না’ মন্তব্য করলেও গত ২ এপ্রিল ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাতারাতি এ অবস্থান বদলে ফেলেন ট্রাম্প। এতে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট সিকে (চিন পিং) আমি ভীষণ সম্মান করি। চীনের প্রতিও ভীষণ সম্মান রয়েছে আমার।’ ইতিমধ্যেই ট্রাম্পের আতিথ্য গ্রহণ করেছেন চীনা প্রেসিডেন্ট। তাঁদের মধ্যে হওয়া আলোচনার বিষয়ে বিস্তারিত না জানালেও ট্রাম্প এ ব্যাপারে বলেছিলেন, ‘বিদ্যমান অনেক সংকটই আমরা নিরসন করতে পারব।’ পাশাপাশি উত্তর কোরিয়া প্রশ্নে চীন সহায়তা করবে বলেও তিনি জানান। তবে গত মাসে এ প্রশ্নেই চীন-সম্পর্কিত উষ্ণ মনোভাবে কিছুটা পরিবর্তন এসেছে ট্রাম্পের মধ্যে। উত্তর কোরিয়ার সঙ্গে সৃষ্ট উত্তেজনায় চীনের ভূমিকা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন তিনি। এর অব্যবহিত পরই জি-২০ সম্মেলনে সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাতের পর এ মনোভাবেও পরিবর্তন আসে ট্রাম্পের।

উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার নেতার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি ট্রাম্প। তবে দেশটি সম্পর্কে প্রতিনিয়তই নিজের অভিমত ব্যক্ত করেছেন তিনি। এ পর্যন্ত ১৮টি টুইট করেছেন তিনি উত্তর কোরিয়া সম্পর্কে। কোরীয় উপসাগরের সংকট সম্পর্কে ১১ এপ্রিল দেওয়া টুইটেই দেশটি সম্পর্কে মার্কিন মনোভাব স্পষ্ট হয়। ওই টুইটে ট্রাম্প লেখেন, ‘উত্তর কোরিয়া চাইছে সমস্যা সৃষ্টি করতে। চীন এ সংকট নিরসনে সহায়তা করলে খুবই ভালো। তা না হলে, আমরা তাদের ছাড়াই এ সমস্যার সমাধান করব।’ এখন পর্যন্ত এটিই উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন মনোভাবের সারাংশ। সম্প্রতি দেশটির সঙ্গে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছালেও এ-বিষয়ক মার্কিন নীতিতে তেমন পরিবর্তন আসেনি। অন্যদিকে এশিয়ায় আরেক গুরুত্বপূর্ণ মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সম্পর্ক দৃঢ়করণে পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। ইতিমধ্যে দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া করেছে আমেরিকা। দুই রাষ্ট্রপ্রধান করেছেন মুখোমুখি বৈঠকও।

ইসরায়েল
গত ১৫ ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল বৈরিতার মধ্যেও যে সহনশীলতা, সহিংসতার মধ্যেও যে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রেখেছে, তা সত্যিই ভীষণ অনুপ্রেরণাদায়ক।’ ট্রাম্পের এ বক্তব্য থেকে ইসরায়েলের বিষয়ে আমেরিকা যে আগের পথই অনুসরণ করবে, তা সুস্পষ্ট। দায়িত্ব নেওয়ার পর খুব দ্রুতই তিনি আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রীকে। এদিকে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিয়ে নিজ অবস্থানও বদলেছেন তিনি। প্রথমে ‘দুই দেশের বদলে এক দেশ নীতির’ দিকে মনোযোগ দেওয়ার কথা বললেও, কয়েক সপ্তাহের মধ্যেই এ অবস্থান থেকে সরে আসেন তিনি। একইভাবে ইসরায়েলে মার্কিন দূতাবাসের অবস্থান নিয়েও অবস্থান বদল করেন ট্রাম্প।

সৌদি আরব
মধ্যপ্রাচ্যে অন্যতম মার্কিন মিত্র সৌদি আরবকে ট্রাম্প যে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন, তার প্রমাণ পাওয়া যায় তাঁর প্রথম বিদেশ সফরটি রিয়াদ থেকে শুরু হওয়ার মধ্য দিয়ে। সেখানে তিনি শুধু সৌদি বাদশার সঙ্গেই বৈঠক করেননি, মুসলিম বিশ্বের অন্য নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ট্রাম্পের রিয়াদ সফর শেষেই চার আরব দেশ কর্তৃক অবরোধ আরোপ হয় কাতারের ওপর, যাকে এ সফরের সাফল্য হিসেবেও বর্ণনা করেছেন ট্রাম্প। পরবর্তী সময়ে অবশ্য তিনি দিকবদল করে কাতারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার কথাও জানিয়েছেন। এ সফরের মার্কিন ফল হচ্ছে, সৌদি আরব ও কাতারের সঙ্গে পৃথক দুটি সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তি, যা দেশ দুটিকে চাপ প্রয়োগের মাধ্যমে করতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। আর এটিই ‘মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধ অর্থনীতি’ ট্রাম্প প্রশাসনের অধীনেও অব্যাহত থাকার ইঙ্গিত। রিয়াদ সফরে ইরান ও তুরস্কের ব্যাপক সমালোচনা করেছেন ট্রাম্প।

ইরান
ইরান-সম্পর্কিত এখন পর্যন্ত ছয়টি টুইট করলেও দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কোনো আলাপ করেননি ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারিতে দেওয়া টুইটার পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান আগুন নিয়ে খেলছে। প্রেসিডেন্ট ওবামা তাদের প্রতি অনেক সদয় ছিলেন। কিন্তু আমি নই।’ আর এর প্রমাণ পাওয়া যায় ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানের প্রতি আমেরিকার চিরাচরিত বৈরী মনোভাবই অক্ষুণ্ন রেখেছেন ট্রাম্প।

ইরাক
নির্বাচনী প্রচারণার সময় ইরাক ইস্যুতে ট্রাম্প বেশ কিছু পরিবর্তনের কথা বললেও অন্য অনেক বিষয়ের মতোই এ ক্ষেত্রেও অবস্থান বদলেছেন তিনি। তার স্বাক্ষরিত প্রথম ভ্রমণ নিষেধাজ্ঞায় অন্য ছয় দেশের সঙ্গে ইরাকও ছিল। কিন্তু ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে ফোনালাপের পর এ তালিকা থেকে ইরাককে বাদ দেন তিনি।

আফগানিস্তান
আফগানিস্তান বিষয়ে ট্রাম্প বহু আগেই তাঁর মনোভাব প্রকাশ করেছেন। ২০১৩ সালে এক টুইটার পোস্টে তিনি লেখেন, ‘আমাদের অর্থে প্রশিক্ষিত আফগানরাই আমাদের সেনাদের হত্যা করছে। সেখানে থাকা অর্থহীন। আফগানিস্তান ছেড়ে চলে আসুন।’ নির্বাচনী প্রচারণার সময়ও দেশটি সম্পর্কে তাঁর মনোভাব এমনই ছিল। কিন্তু ক্ষমতা গ্রহণের পর আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে ফোনালাপের পরই বদলে যায় সব। দেশটিতে সামরিক উপস্থিতি রাখার বিষয়ে ট্রাম্প সম্মত হয়েছেন বলে জানায় কাবুল। দেশটিতে বর্তমানে ১০ হাজারেরও বেশি মার্কিন সেনা অবস্থান করছে। এসব সেনা ফিরিয়ে আনার বদলে বরং আরও চার হাজার সেনা পাঠানোর ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে বলেও গত মাসে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।

ভারত
গত জুনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে হওয়া ওই সাক্ষাতে দুজনই সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন, যা নিঃসন্দেহে পাকিস্তানের প্রতি একটি হুঁশিয়ারি ছিল। ট্রাম্পের এ অবস্থান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেশ গুরুত্ববহ। সে সময় ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক অন্য যেকোনো সময়ের তুলনায় ‘ভালো’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।