
পাকিস্তানি শাসনের পরাধীনতার জিঞ্জির থেকে মুক্তির আশায় পুরো বাঙালি জাতি যখন স্বাধীনতার ঘোষণা শোনার জন্য অধীর, তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন। আর সেই থেকেই পৃথিবীর বুকে রচিত হয়েছে এই ভাষণের মহাকাব্য।
স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গরমেট রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরীর সঞ্চালনায় সভায় সংগঠনের সহসভাপতি গোলাম হাফিজ ও আবদুল জামিল, সাংগঠনিক সম্পাদক শেখ শওকত, শেখ সেলিম ও ফরহাদ সিদ্দিক, মহিলা সম্পাদিকা রওশন উদদীন, সদস্য শামসুল ইসলাম, সাব্বির হোসেন ভূঁইয়া, শহীদ খান, জয়ন্ত সিংহ, মো. মাসুম হাওলাদার প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ থেকেই মূলত স্বাধীনতার অঙ্কুরোদ্গম ঘটতে থাকে পূর্ব বাংলায়। কুচক্রী মহল স্বাধীনতার অনেক মৌলিক বিষয়ের বিকৃতি ঘটালেও এই ঐতিহাসিক ভাষণের কোনো বিকৃতি ঘটাতে পারেনি। তাই আজও এই ভাষণ বেজে চলেছে, বেজে চলবে।