কোবানির অবস্থা এখনো 'বিপজ্জনক': হেগেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাক হেগেল।
চাক হেগেল।

সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি-অধ্যুষিত শহর কোবানির পরিস্থিতি এখনো ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। 
আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, শহরটিতে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি ও কুর্দি যোদ্ধাদের মধ্যে লড়াই চলছে। দুই পক্ষের মধ্যে প্রায় এক মাস ধরে চলা এই সংঘর্ষে পাঁচ শতাধিক লোক নিহত হয়েছে।
গতকাল শনিবার চিলির রাজধানী সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে হেগেল দাবি করেন, জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অগ্রগতি হয়েছে। কিন্তু জঙ্গিরা এখনো কোবানির আশপাশের এলাকা দখল করে রেখেছে।
হেগেল এখন দক্ষিণ আমেরিকা সফরে রয়েছেন। ছয় দিনে তিনটি দেশ সফর করবেন তিনি। চিলিতে অবস্থানকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদি হতে পারে।
কোবানিতে আইএসের অবস্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে সিরিয়ার সীমান্তবর্তী কুর্দি শহর কোবানিতে জোরালো হামলা শুরু করে আইএস। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, কোবানির ৪০ শতাংশ এলাকা এখন আইএসের দখলে।