কোমিকে তদন্ত বন্ধের জন্য চাপ দেন ট্রাম্প?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

নিজের খোঁড়া গর্তে নিজেই হড়কে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ, রাশিয়ার সঙ্গে আঁতাত প্রশ্নে যে তদন্ত কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) করছে, তা বন্ধ করতে তিনি চাপ সৃষ্টি করেছেন।
সদ্য বরখাস্ত হওয়া এফবিআই প্রধান জেমস কোমি ব্যক্তিগত ফাইলে এক মেমোতে জানিয়েছেন, হোয়াইট হাউসে এক সাক্ষাতের পর ট্রাম্প তাঁকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেন, প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে রাশিয়ার গোপন সম্পর্ক নিয়ে চলা তদন্ত বন্ধ করতে। তবে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, এই তথ্য সঠিক নয়। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের নেতারাই দাবি তুলেছেন, কোমির মেমোসহ অন্য সব নথিপত্র কংগ্রেসের হাতে তুলে দেওয়া হোক।
ট্রাম্প এক সপ্তাহ আগে জেমস কোমিকে আকস্মিকভাবে পদচ্যুত করেন। তারপর থেকেই কথা উঠেছে, তিনি রাশিয়ার সঙ্গে আঁতাত নিয়ে তদন্তে বাঁধা সৃষ্টির চেষ্টা করছেন।
কোমির লেখা মেমোর কথা প্রকাশ হওয়ার পর ‘বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ’ প্রশ্নে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ নতুন করে দানা বেঁধেছে। জানা গেছে, মিথ্যাচারের অভিযোগে মাইকেল ফ্লিনকে পদচ্যুত করার একদিন পর হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে ট্রাম্প কোমিকে আলাদাভাবে ডেকে নিয়ে অনুরোধ করেন, ফ্লিনের ব্যাপারে যে তদন্ত চলছে তা যেন বাদ দেওয়া হয়। ‘আশা করি আপনি ব্যাপারটা নিয়ে আর এগোবেন না’, ট্রাম্প কোমিকে বলেন। অপরাধ মূলক এক চলতি তদন্ত প্রশ্নে প্রেসিডেন্টের এই অনুরোধ অস্বাভাবিক, সেই কথা বিবেচনা করে কোমি দপ্তরে ফিরেই নিজের ফাইলের জন্য লেখা এক মেমোতে এই কথোপকথনের বিষয়টির আনুপূর্বিক বর্ণনা লিখে রাখেন। গোয়েন্দা হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোমি- এবং অধিকাংশ গোয়েন্দা কর্মকর্তা - ব্যক্তিগত নথি রাখায় অভ্যস্ত। সে সময়েই দপ্তরের একাধিক ব্যক্তিকে তিনি এই মেমো দেখতে দিয়েছিলেন।
জেমস কোমির মেমোর এই তথ্য প্রথম ফাঁস করে নিউইয়র্ক টাইমস। হোয়াইট হাউস থেকে পুরো ব্যাপারটা মিথ্যা বলে উড়িয়ে দিয়ে বলা হয়, এমন কোনো ঘটনা ঘটে থাকলে এত দিন তিনি এ নিয়ে কথা বলেননি কেন। তাঁর তো উচিত ছিল, অবিলম্বে বিষয়টি কংগ্রেসের নজরে আনা। এই প্রশ্নের জবাব কোমি নিজে দেননি, তবে মেমোটি পড়েছেন এমন একাধিক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, রাশিয়া নিয়ে তদন্ত অব্যাহত রাখার খাতিরেই তিনি বিষয়টি কংগ্রেসের নজরে আনেননি।
এর আগে, কোমিকে পদচ্যুত করার পর ট্রাম্প টুইটারে হুমকি দিয়েছিলেন, এ নিয়ে কোনো কথা ফাঁস করার আগে কোমি যেন তাঁদের কথাবার্তার কোনো ‘টেপ’ আছে কী না, তা মাথায় রাখেন। সত্যি সত্যি কোনো রেকর্ডিং আছে কীনা, তা নিশ্চিত নয়, তবে কোমির মেমোর বিষয়টি ফাঁস হওয়ার পর সেই টেপ ও কোমির সব নথি কংগ্রেসের হাতে তুলে দেওয়ার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে কংগ্রেসের সামনে কোমিকে শুনানির আহ্বানও জানানো হয়েছে।
শাসনতন্ত্র প্রশ্নে অভিজ্ঞ একাধিক বিশেষজ্ঞ মত প্রকাশ করেছেন, কোমির অভিযোগ সত্য প্রমাণিত হলে ট্রাম্পের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করার অভিযোগ ওঠা স্বাভাবিক। একই অভিযোগে ৪০ বছর আগে প্রেসিডেন্ট নিক্সন অভিসংশনের সম্মুখীন হয়েছিলেন। ওয়াটারগেট কেলেঙ্কারি বন্ধের জন্য তিনি তখনকার এফবিআই প্রধানকে চাপ দিয়ে বাধ্য করতে ব্যর্থ হলে তাঁকে পদচ্যুত করেন।
কোমির মেমো ফাঁস হওয়ার মাত্র একদিন আগে জানা যায়, গত সপ্তাহে হোয়াইট হাউসে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ ও ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূত কিসলিয়াকের সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য দেখিয়েছেন। মস্কো যুক্তরাষ্ট্রের মিত্র নয়, প্রতিপক্ষ। তার কাছে অতি গোপনীয় তথ্য প্রকাশ বেআইনি না হলেও কর্তব্যে অবহেলা। এই অভিযোগের ভিত্তিতেও অভিশংসন প্রক্রিয়া শুরু সম্ভব।
তবে মস্কোর হাতে গোপন নথি তুলে দেওয়ার অভিযোগ যাঁরা করছেন, তাঁদের ‘মূক’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। গতকাল বুধবার তিনি বলেছেন, মার্কিন কংগ্রেস চাইলে ওই বৈঠকের রেকর্ড উপস্থাপন করতে প্রস্তুত আছে মস্কো।
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বৈকল্য দেখা দিচ্ছে মন্তব্য করে পুতিন বলেন, ‘এই যুক্তি ছাড়া আর কোনোভাবেই তো এটা আমি মেলাতে পারছি না।’